TMC

৩ কোটি টাকা নিয়েও ব্যাঙ্কের ঋণ মেটাননি! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি বাজেয়াপ্ত

বেসরকারি ব্যাঙ্কের ঋণ মেটাননি। সেই অভিযোগে এবার তৃণমূল নেতা তথা প্রাক্তন কাউন্সিলরের সম্পত্তি বাজেয়াপ্ত করা হল। পুলিশ, প্রশাসনের উপস্থিতিতে বাড়ি ও জমির দখল নেওয়া হল।

সৌরভ চক্রবর্তী
সৌরভ চক্রবর্তী

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১৭:৫৬

options
link
৩ কোটি টাকা নিয়েও ব্যাঙ্কের ঋণ মেটাননি! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি বাজেয়াপ্ত
সম্পত্তি ক্রোক করতে হাজির কর্তারা। ছবি- সংগৃহীত

বেসরকারি ব্যাঙ্কের ঋণ মেটাননি। সেই অভিযোগে এবার তৃণমূল (TMC) নেতা তথা প্রাক্তন কাউন্সিলরের সম্পত্তি বাজেয়াপ্ত করা হল। পুলিশ, প্রশাসনের উপস্থিতিতে বাড়ি ও জমির দখল নেওয়া হল। ঘটনায় শোরগোল ছড়িয়েছে এলাকায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরে। ব্যাঙ্ক থেকে মোট ৩ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছিল বলে অভিযোগ। যদিও ওই তৃণমূল নেতার দাবি, চেকের মাধ্যমে তিনি আগেই মোটা অঙ্কের টাকা মিটিয়েছেন ব্যাঙ্কে।

Advertisement

ঋণের টাকা পরিশোধে ব্যর্থতার অভিযোগে দুবরাজপুরের রঞ্জনবাজার এলাকায় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের বাড়ি ও জমির দখল নিল একটি বেসরকারি ব্যাঙ্ক। শনিবার ব্যাঙ্কের আধিকারিক ও আইনজীবীদের উপস্থিতিতে পুলিশি নিরাপত্তায় ওই পদক্ষেপ করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুবরাজপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বনমালী ঘোষ। তিনি ২০২৩ সালে ব্যাঙ্ক থেকে ৩ কোটি টাকা ঋণ নিয়েছিলেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বনমালী ঘোষের অভিযোগ, সরাসরি ব্যাঙ্কের মাধ্যমে ঋণ না দিয়ে মধ্যস্থতাকারীর মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। প্রায় তিন কোটি টাকার ঋণ দেখানো হলেও তাঁর কাছ থেকে ৪০ লক্ষ টাকা চেকের মাধ্যমে নেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি। সেই ঋণের কিস্তিও গত দু’বছর ধরে নিয়মিত মিটিয়েছেন বলে জানিয়েছেন প্রাক্তন কাউন্সিলর। বনমালীর অভিযোগ, গত ১৪ আগস্ট তিনি জানতে পারেন তাঁর বিরুদ্ধে সিজিএমের নির্দেশ জারি হয়েছে। তাঁর দাবি, ঋণখেলাপের ক্ষেত্রে নির্দিষ্ট সময় পাওয়ার কথা থাকলেও তাঁকে সেই সুযোগ দেওয়া হয়নি। পরে কলকাতায় ব্যাঙ্কের সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে তিন মাস সময় চেয়ে আবেদন জানান এবং ঋণ নিষ্পত্তির প্রস্তাব দেন। কিন্তু তাঁর আবেদন দ্রুত খারিজ করা হয় বলে অভিযোগ।

Advertisement

এদিন পুলিশবাহিনী নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ বাড়িতে পৌঁছে মাপজোকের পর ঘরের আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী বাইরে বের করে দেন! অতিরিক্ত পুলিশ মোতায়েন নিয়েও প্রশ্ন তুলেছেন বনমালী। তাঁর দাবি, বাড়িতে বৃদ্ধা মা, স্ত্রী ও তিনি থাকেন। বিষয়টি নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। আদালতে দায়ের হওয়া মামলার শুনানি আগামী ২৮ সেপ্টেম্বর। সেই শুনানির আগেই বাড়ির দখল নেওয়ায় ক্ষোভপ্রকাশ করেছেন তিনি। ব্যাঙ্কের পক্ষ থেকে অবশ্য এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.