বহরমপুরে ৬ লক্ষ টাকার জাল নোট উদ্ধার, ধৃত ৩

বাংলাদেশ থেকে মিলেছে নোট, জেরায় মিলল তথ্য।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০১৮, ২১:০৮

options
link
বহরমপুরে ৬ লক্ষ টাকার জাল নোট উদ্ধার, ধৃত ৩

কল্যাণ চন্দ্র, বহরমপুর: ৬ লক্ষ টাকার জাল নোট-সহ তিন জনকে গ্রেপ্তার করল বহরমপুর থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে বহরমপুরের এমআইটি কলেজ মোড়ে মালদহ জেলার কালিয়াচকের তিন সন্দেহভাজনের তল্লাশি শুরু করে পুলিশ। মতিউর রহমান, রাবু মিয়াঁ ও মদন মণ্ডল নামে ওই তিনজনের কাছ থেকে মোট ৬ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়। এরপর বহরমপুর থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। শুক্রবার মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ জানিয়েছেন, ধৃত তিনজন বিপুল পরিমাণ জাল টাকা মুর্শিদাবাদের বেলডাঙায় হস্তান্তর করতে যাচ্ছিল। তারা মালদহ থেকে সড়ক পথে বহরমপুরে এসেছিল। গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ তাদের কাছ থেকে ৬ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করেছে। বাংলাদেশের তেলকুপি এলাকার বাবলু বলে এক দুষ্কৃতী তাদের এই জাল নোট দিয়েছিল বলে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে। অভিযুক্তদের মধ্যে একজনের বয়স ৭৫ বছর। রাবু মিয়াঁ নামে ওই বৃদ্ধ কবে থেকে এই কারবারের সঙ্গে যুক্ত সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

উল্লেখ্য, ২০১৬ সালের ৮ই নভেম্বর নোট বাতিলের পর নতুন দু’হাজার টাকার নোট আসে বাজারে। তার চার মাসের মধ্যেই দু’হাজার টাকার জালনোট তৈরি করে ফেলেছে কারবারিরা। ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি  সর্বপ্রথম মুর্শিদাবাদের ইসলামপুর থানার পুলিশ ৮০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

Advertisement

[স্কুলে পড়ুয়া নেই, গল্পগুজব করেই বেতন নিয়ে বাড়ি ফিরছেন শিক্ষক]

Advertisement

অন্যদিকে, জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ জানিয়েছেন,  জেলায় মোট ৫৪ লক্ষ টাকা উদ্ধার হওয়া জাল নোটের মধ্যে শুধুমাত্র সামসেরগঞ্জেই উদ্ধার হয়েছে ৩৮ লক্ষ টাকার জাল নোট,  গ্রেপ্তার হয়েছে ৪১ জন। তাদের মধ্যে যেমন বাংলাদেশি আছে তেমনি মালদহ, মুর্শিদাবাদ এবং ঝাড়খণ্ডের পাচারকারীরাও রয়েছে। জালনোট পাচার রুখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ। তৈরি হয়েছে বিশেষ টিম। অন্যদিকে আবার শুধু সামসেরগঞ্জেই নয় জেলার সদর শহর বহরমপুরেও যে জাল কারাবিরারা বিস্তার লাভ করেছে তার প্রমাণ পেয়েছে পুলিশ। গত ২০১৭ সালের ১৮ই নভেম্বর বহরমপুরের রানিবাগান থেকে  ৫ লক্ষ ৯৬ হাজার টাকার জাল নোটসহ তিন জনকে গ্রেপ্তার করে বহরমপুর থানার পুলিশ। এরপর গত ১৭ই জানুয়ারি বহরমপুরের পঞ্চাননতলা এলাকা থেকে তিন লক্ষ টাকার জালনোটসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়। ফের  জাল নোট উদ্ধার হল গত বৃহস্পতিবার। তবে এবার সবচেয়ে বেশি জাল নোট  বহরমপুরে উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এই ৬ লক্ষ টাকার মধ্যে ১৩৮টি ৫০০ টাকা এবং ২০৩টি ২০০০ টাকার জাল নোট রয়েছে।  শুক্রবার ধৃতদের আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তদের ৮দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

[বিয়েতে নারাজ পরিবার, বদলা নিতে নেটদুনিয়ায় প্রেমিকার অন্তরঙ্গ ছবি ফাঁস]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.