আর্থিক সংকটে ধুঁকছে প্রদেশ কংগ্রেস, সোমেন-প্রদীপদের কাছে হাত পাতলেন অধীর

রাজ্য কংগ্রেসের এখন ভাঁড়ে মা ভবানী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০১৮, ১০:৪২

options
link
আর্থিক সংকটে ধুঁকছে প্রদেশ কংগ্রেস, সোমেন-প্রদীপদের কাছে হাত পাতলেন অধীর

রাহুল চক্রবর্তী: সাংগঠনিক সংকট ছিলই। এবার জুড়ল আর্থিক সংকট!

Advertisement

প্রদেশ কংগ্রেস চালানো যাচ্ছে না। তাই সাংসদ ও দলের বর্ষীয়ান নেতৃত্বের কাছে পার্টি ফান্ডে দেওয়ার জন্য টাকা চাইলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। ওই টাকা না দিলে আগামিদিনে দল চালানো মুশকিল হবে, এমনটাই নেতৃত্বকে জানিয়েছেন অধীর চৌধুরি। জানা গিয়েছে, দলকে আর্থিক সংকট থেকে বের করে আনার জন্য সাংসদরা নিজের সাধ্যমতো চেষ্টা করবেন, এমনটাই আশ্বাস দিয়েছেন। রাজ্য কংগ্রেসের সাংগঠনিক অবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে তা বিলক্ষণ জানেন দলের নেতা-কর্মীরা। বোধ করি রাজ্যবাসীও। শেষ উপনির্বাচনে জামানত ধরে রাখাই চ্যালেঞ্জ হয়েছে কংগ্রেসের কাছে। এমনকী প্রেমিক-প্রেমিকার কাছে কংগ্রেস ‘হাসির খোরাক’ হয়েছে। ভ্যালেন্টাইনস ডে-র আগে ফেসবুকে ঘুরছে প্রেমিকের এই লেখনী, “তোমাকে না পেলে আমি কংগ্রেসে যোগ দিয়ে নিজেকে তিল তিল করে শেষ করে দেব।” তবে অনেকেই আবার বলেন, কংগ্রেস ১৩৩ বছরের প্রবাহমান শক্তি। এ দলটাকে শেষ করা যাবে না। কিন্তু দেশের সুপ্রাচীন দলের রাজ্য শাখাকে আর্থিক সংকটে পড়তে হবে, সেটা হয়তো অনেকেই আশা করেননি।

Advertisement

[শাসনে তৃণমূল নেতাকে কুপিয়ে খুন, মৃতদেহ আটকে বিক্ষোভ পরিবারের]

বিধান ভবন থেকে জানা গিয়েছে, সর্বভারতীয় কংগ্রেস কমিটি মাস দু’য়েক ধরে টাকা পাঠাচ্ছে না। এআইসিসি থেকে প্রতি মাসে লাখ পাঁচেক টাকা পাঠানো হয় বলে বিধান ভবনের নেতারা জানিয়েছেন। এআইসিসির পাঠানো টাকায় বিধান ভবনের কর্মীদের বেতন, অফিস খরচ ও দলের অনুষ্ঠান-কর্মসূচির খরচ মেটানো হয়। কিন্তু এআইসিসি টাকা পাঠায়নি বলে অভিযোগ উঠেছে। যার দরুন গুরুত্বপূর্ণ বৈঠক ডাকেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি। মঙ্গলবার বিধান ভবনের ওই বৈঠকে ডাকা হয় দলের পাঁচজন সাংসদ, বিধানসভার বিরোধী দলনেতা, মুখ্য সচেতক, বর্ষীয়ান নেতা সোমেন মিত্রকে। অধীর চৌধুরির ডাকা বৈঠকে হাজির ছিলেন, সাংসদরা এবং সোমেন মিত্র ও মনোজ চক্রবর্তী। কিন্তু আসেননি আবদুল মান্নান। সূত্রের খবর, বৈঠকের আগাগোড়া আলোচনা হয় পার্টি ফান্ড নিয়ে। রাজ্য কংগ্রেস আর্থিক সংকটে পড়েছে, তা দলের শীর্ষ নেতৃত্বকে জানান অধীর। দলের কাজের জন্য টাকার প্রয়োজন বলে উল্লেখ করেন। এক কথায় দলের ফান্ড ক্রাইসিস মেটাতে নেতৃত্বের কাছে ‘হাত’ পাতেন প্রদেশ কংগ্রেস সভাপতি। জানা গিয়েছে, বৈঠকে নেতৃত্ব বলেছেন, ‘একা নয়। সবাই দিলে আমরা টাকা দেব।’

Advertisement

[সিউড়িতে তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু, বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ]

তবে কেন হঠাৎ করে আর্থিক সংকটের মুখে পড়তে হল, তা নিয়ে বিশদে কেউই মুখ খুলতে চাননি। বর্ষীয়ান কংগ্রেস নেতা সোমেন মিত্র বলেন, “দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।” যদিও রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য সরাসরি বলেছেন, “পার্টি ফান্ডে টাকা দেব, এটা আবার নতুন কী আছে।” কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নতুন এটাই-রাজ্য কংগ্রেসের এতবড় সংকট যে, টাকা চাইতে হচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতিকে।

[ত্রিপুরায় ‘সরকার রাজ’ শেষ করতে ‘দয়াল বাবা কলা খাবা’ গাইছে গেরুয়া শিবির]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.