মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে থেকে রাজনৈতিক কেরিয়ার গুছিয়ে নিয়েছিলেন। শুধু নেতা নয়, কাজের মানুষ হিসেবেও এলাকায় বেশ জনপ্রিয় ছিলেন একটা সময়। কিন্তু ছাব্বিশের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দলের ভরাডুবির পর দল ভেঙে খানখান হয়ে গিয়েছে। তৃণমূলনেত্রীর হাত ছেড়ে অন্য দলে গিয়েছেন অনেকেই। তার মধ্যে অন্যতম বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক (Partha Bhowmick)। তিনি এনসিপিআই-তে যোগ দিয়েছেন। এবার সেই সাংসদের বিরুদ্ধে ‘গদ্দার’ লেখা পোস্টারে পোস্টারে ছয়লাপ হল তাঁর নিজের এলাকা। আরও তাৎপর্যপূর্ণ, পোস্টারদাতা ‘বারাকপুর লোকসভা কেন্দ্রের নাগরিকবৃন্দ’। এখন প্রশ্ন হলো, এই নাগরিকবৃন্দ কি সত্যিই আমজনতা? নাকি পার্থরই প্রাক্তন দল?
আরও পড়ুন:
পার্থ ভৌমিকের বাড়ি নৈহাটি এলাকায়। শুক্রবার সকালে সেখানেই দেখা গেল প্রচুর পোস্টার। তাতে পার্থ ভৌমিকের ছবি দিয়ে লেখা – ‘এই গদ্দার থেকে সাবধান’। পোস্টার দেওয়া হয়েছে বারাকপুর লোকসভা কেন্দ্র নাগরিকবৃন্দের তরফে। এনিয়ে এলাকার তৃণমূল নেতা তথা গত বিধানসভা ভোটে ভাটপাড়ার তৃণমূল প্রার্থী অমিত গুপ্তর বক্তব্য, ‘‘উনি (পার্থ ভৌমিক) তো আর তৃণমূলে রইলেন না। তাই তাঁকে ‘গদ্দার’ বলা হয়েছে। উনি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গদ্দারি করেননি। ২০২৪ সালে বারাকপুর লোকসভা কেন্দ্রের লোকজন ৫ লাখ ২০ হাজার ২২১ ভোটে তাঁকে জিতিয়েছেন, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। আর উনি সেই বিজেপির সঙ্গে গিয়েই মিশলেন। এই পোস্টারে আসলে দুটো বার্তা আছে। প্রথমত, বারাকপুর লোকসভার মানুষজনকে পার্থ ভৌমিকের ব্যাপারে সতর্ক করা। দ্বিতীয়ত, বিজেপির শীর্ষ নেতৃত্বকে বার্তা দেওয়া যে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য নিয়ে বিধায়ক, মন্ত্রী থেকে সাংসদ পর্যন্ত হলেন, তিনি যদি আজ এমন গদ্দারি করেন, পরবর্তীতে বিজেপির সঙ্গেও একই কাজ করবেন।”
পোস্টারে এমন ‘গদ্দার’কে চিহ্নিতকরণ আবার তেমন পছন্দ নয় এলাকার যুব বিজেপি নেতা তথা নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং ঘনিষ্ঠ প্রিয়াঙ্গু পাণ্ডের। তাঁর বক্তব্য, ‘‘রাতের অন্ধকারে পোস্টার দিয়ে গদ্দার বলার কিছু নেই। যা বলার, যাদের বলার, তারা সামনে এসে বলুক। পোস্টার দিয়ে কুৎসা করা তৃণমূলের কালচার। আমরা আর ওসব দেখতে চাই না। আমরা চাই, মানুষ সামনে এসে পার্থ ভৌমিককে (Partha Bhowmick) যা বলার বলুক।” পোস্টার-কাণ্ডে অবশ্য এখনও পর্যন্ত সাংসদের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তিনি সম্ভবত এই মুহূর্তে দিল্লিতে, নিজেদের এনসিপিআই দলের স্বীকৃতি আদায়ে ব্যস্ত।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ