হাসনাবাদ মনসামঙ্গল কাণ্ড, সাপ ভাড়া দিয়ে ধৃত সাপুড়ে

অভিনেত্রীর অকালমৃত্যুতে শোকের ছায়া নাট্যদলে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০১৮, ১৪:২৮

options
link
হাসনাবাদ মনসামঙ্গল কাণ্ড, সাপ ভাড়া দিয়ে ধৃত সাপুড়ে

তপন বন্দ্যোপাধ্যায়, বসিরহাট: হাসনাবাদে সাপের ছোবলে মহিলার প্রাণ যাওয়ার ঘটনায় গ্রেপ্তার হল দয়াল মণ্ডল নামের ওই ওঝা। বৃহস্পতিবার সকালে হাসনাবাদ থানার পুলিশ ওই ওঝাকে হাড়োয়ায় তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। এদিনই তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। দু’টি সাপকেও উদ্ধার করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ওই সাপুড়ের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই সাপুড়ে দয়াল সাপ দু’টিকে ভাড়া দিয়েছিল মনসামঙ্গল যাত্রাপালায় অভিনয়ের জন্য। ওই দুটি সাপের একটির ছোবলে মঙ্গলবারই প্রাণ গিয়েছিল যাত্রাপালায় মা মনসার চরিত্রের অভিনেত্রী। হাসনাবাদে সাপ-বাঘ-কুমিরের মুক্তাঞ্চল সুন্দরবনের লাগোয়া এই এলাকায় দেবী মনসাকে তুষ্ট করতে নানা ধর্মীয় রীতিনীতি প্রচলিত আছে। এবার ছিল ‘বিশেষ চমক’। দর্শকদের মনোরঞ্জনে পালার জন্য ভাড়া করে আনা হয়েছিল বিষধর সাপ। রীতিমতো একটি গোখরো ও একটি কেউটে। নিরাপত্তা নিশ্চিত করতে সাপ দুটির মালিক যে, সেই সাপুড়ে দয়ালকেও নিয়ে এসেছিলেন যাত্রাদলের অধিকারী মশাই। পালাগানের ভরা আসরের মাঝে মা মনসা চরিত্রাভিনেত্রী কালিদাসী মণ্ডলকে ছোবল দিয়ে বসেছিল গোখরো। মুমূর্ষু কালিদাসীকে হাসপাতালে নিতে বাধা দিয়ে ঝাড়ফুঁক চালায় সাপুড়ে। বস্তুত এই কারণেই মঞ্চের পাশে মৃত্যু হয় ওই অভিনেত্রীর।

Advertisement
[বিষাক্ত সাপ হাতেই যাত্রাপালায় অভিনয়, বিনা চিকিৎসায় প্রাণ হারালেন অভিনেত্রী]

প্রসঙ্গত, মনসামঙ্গল যাত্রাপালায় অভিনয় করছিলেন অভিনেত্রী কালিদাসী মণ্ডল। দীর্ঘ কয়েক বছর ধরে এই চরিত্রে অভিনয় করে আসছিলেন তিনি। কিন্তু প্রতিবারই মঞ্চে অভিনয়ের সময় প্লাস্টিকের সাপ ব্যবহার করা হত। এবারই প্রথম বিষাক্ত গোখরো সাপ নিয়ে মঞ্চে উঠেছিলেন মা মনসারূপী কালিদাসী দেবী। আর তাতেই ঘটে বিপদ। অভিনয়ের মাঝেই ৫০ বছরের প্রৌঢ়া অভিনেত্রীর হাতে ছোবল বসায় ওই সাপ। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাঁকে প্রথমে ওষুধ খাওয়ানো হয়। তবে তাতে কোনও কাজ না হওয়ায় নিয়ে যাওয়া হয় পাশের মনসামন্দিরে। সেখানে তাঁকে শুইয়ে রেখে ঝাড়ফুঁক শুরু করে দয়াল ওঝা। স্থানীয়দের মধ্যে অনেকেই অভিনেত্রীকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। কিন্তু ওঝার নির্দেশে সেখানেই দীর্ঘ চার ঘণ্টা ফেলে রাখা হয় কালিদাসী দেবীকে। তাঁকে ঘিরে ঝাড়ফুঁক দেখতে ভিড় জমিয়েছিলেন নাট্যদলের সদস্যরাও। কিন্তু অবস্থার কোনও উন্নতি না হওয়ায় শেষমেশ একপ্রকার জোর করেই তাঁকে হাসনাবাদ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এমনকী এও বলা হয়, হয়তো আগে আনলে তাঁকে বাঁচানো সম্ভব হত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.