Bankura

বাড়িতে ঢুকে বিস্কুটের কৌটোয় হাত, হনুমানকে গুলি করে খুন গৃহস্থের! বাঁকুড়ায় হুলুস্থুল

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই এলাকায় হনুমানের উৎপাত নিয়ে বাসিন্দাদের একাংশ বিরক্ত ছিলেন। আচমকা একটি বাড়িতে ঢুকে পড়তেই তাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে এক গৃহস্থের বিরুদ্ধে।

টিটুন মল্লিক
টিটুন মল্লিক

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২৬, ১৩:৩৭

options
link
বাড়িতে ঢুকে বিস্কুটের কৌটোয় হাত, হনুমানকে গুলি করে খুন গৃহস্থের! বাঁকুড়ায় হুলুস্থুল
বাঁকুড়ার জয়পুরে গুলিতে নিহত হনুমান। নিজস্ব ছবি।

বাড়িতে ঢুকে এদিক ওদিক লাফালাফি। তারপর নজর পড়ে বিস্কুটের কৌটোর দিকে। কৌটোটি নিয়ে যখন সে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখনই চড়ল মেজাজ! অভিযোগ, এয়ারগান হাতে নিয়ে গুলি চালালেন গৃহস্থ বাসিন্দা অভিষেক ঘোষ। বুকে গুলি লেগে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে হনুমানটি। এমন ঘটনায় চাঞ্চল্য বাঁকুড়ার (Bankura) জয়পুর থানার রাজগ্রামে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই এলাকায় হনুমানের উৎপাত নিয়ে বাসিন্দাদের একাংশ বিরক্ত ছিলেন। শুক্রবারও একটি হনুমান গাছ থেকে গাছে লাফিয়ে বেড়াচ্ছিল। আচমকা একটি বাড়িতে ঢুকে পড়ে সে। ঘরের ভিতর থেকে বিস্কুটের কৌটো নিয়ে বেরোনোর সময়ই তাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে অভিষেকের বিরুদ্ধে। বিস্কুটের কৌটো হাতে নিয়ে পালানোর ‘অপরাধে’ শেষ পর্যন্ত প্রাণ গেল হনুমানটির! গুলির শব্দের পর বাড়ির সামনে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। খবর যায় জয়পুর থানায় এবং বন দপ্তরে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন বনকর্মীরা। উদ্ধার করা হয় মৃত হনুমানটিকে। পরে দেহটি জয়পুর রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে ময়নাতদন্ত করা হয়েছে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে।

Advertisement

এই ঘটনায় বন দফতরের তরফে জয়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিষেক ঘোষকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। শনিবার তাঁকে বিষ্ণুপুর মহকুমা আদালতে হাজির করানোর কথা। রাজগ্রামের ঘটনায় প্রশ্ন উঠছে-বিস্কুটের কৌটো বাঁচাতে গিয়ে গুলি চলল কেন? আর সত্যিই কি হনুমানের উৎপাত সামলানোর এটাই ছিল উপায়? তদন্তে সেই উত্তরই খুঁজছে পুলিশ ও বন দপ্তর।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.