Nalhati

ভোট ঘোষণার পরই বীরভূমে উদ্ধার বিপুল জিলেটিন স্টিক-ডিটোনেটর, নাশকতার ছক?

নলহাটি থানার বাউটিয়া পঞ্চায়েতের কাঁদাসীর এলাকায় এই বিস্ফোরক উদ্ধার হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ট্রাক্টরকে ওই এলাকা দিয়ে যেতে দেখে সন্দেহ হয়েছিল। সেটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই চমকে ওঠেন স্থানীয়রা।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ১৮, ২০২৬, ১৫:১৩

options
link
ভোট ঘোষণার পরই বীরভূমে উদ্ধার বিপুল জিলেটিন স্টিক-ডিটোনেটর, নাশকতার ছক?
বাক্সবন্দি উদ্ধার হওয়া বিস্ফোরক। নিজস্ব চিত্র

রাজ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ জানিয়ে দিয়েছে কমিশন। গতকাল, তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা প্রকাশ করেছে। বামফ্রন্ট ও বিজেপি প্রথম দফায় তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। রাজ্যের বিভিন্ন জায়গায় প্রার্থীরা ভোটের প্রচারে নেমেও পড়েছেন। এর মধ্যেই চাঞ্চল্য বীরভূমে। বিশাল সংখ্যায় জিলেটিন স্টিক ও ডিটোনেটর উদ্ধার হয়েছে। নলহাটি এলাকায় এই বিস্ফোরক উদ্ধার হয়েছে। ভোট ঘটনার পরই এই বিপুল পরিমাণ জিলেটিন স্টিক উদ্ধারের ঘটনায় শোরগোল ছড়িয়েছে।

Advertisement

নলহাটি থানার বাউটিয়া পঞ্চায়েতের কাঁদাসীর এলাকায় এই বিস্ফোরক উদ্ধার হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ট্রাক্টরকে ওই এলাকা দিয়ে যেতে দেখে সন্দেহ হয়েছিল। সেটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই চমকে ওঠেন স্থানীয়রা। কাগজের বাক্সের মধ্যে থরে থরে সাজানো ওই বিস্ফোরক। খবর দেওয়া হয় নলহাটি থানায়। পুলিশ ঘটনাস্থলে দ্রুত গিয়ে ট্রাক্টর ও বিস্ফোরক বাজেয়াপ্ত করে। জানা গিয়েছে, প্রায় ১০ হাজার জিলেটিন স্টিক ও ৩৬০ পিস ডিটোনেটর উদ্ধার হয়েছে।

Advertisement

কিন্তু কোথায় ওই বিপুল পরিমাণ বিস্ফোরক পাচার হচ্ছিল? কোথা থেকে নিয়ে আসা হয়েছিল বিস্ফোরক? কারা জড়িয়ে? ভোটের আগে কি নাশকতার ছক? নাকি অন্য কোনও বড় চক্রান্তের চেষ্টা? সেইসব প্রশ্ন উঠেছে। পুলিশ সেসব তথ্য পাওয়ার চেষ্টা করছে। ট্রাক্টর চালক পালিয়ে যায়। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ভোটের আগে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা নিয়ে রাজনৈতিক মহলেও শোরগোল ছড়িয়েছে।

Advertisement

বীরভূম সাংগঠনিক বিজেপির প্রাক্তন জেলা সভাপতি ধ্রুব সাহা অভিযোগ করেছেন, এই বিস্ফোরক পাচারের পিছনে তৃণমূলের হাত রয়েছে। গত সোমবার রাজগ্রামের গোপালপুর পাথর খাদানে ধস নেমে যে দুর্ঘটনা ঘটেছে, তাতে এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। পাশাপাশি তিনি জানান, নলহাটি এলাকায় বিপুল পরিমাণে অবৈধ পাথর খাদান চলছে। এই পাথর খাদানগুলিতে বিস্ফোরণ ঘটানোর জন্য এই বিপুল পরিমাণ বিস্ফোরক মজুদ করছে অসাধু পাথর ব্যবসায়ীরা।

পাথর খাদান অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি চন্দ্রজিত গুপ্ত বলেন, “বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।” নলহাটি তৃণমূল শহর সভাপতি পিন্টু সিং জানান এই বিস্ফোরক উদ্ধারের ব্যাপারে পাহাড় অ্যাসোসিয়েশনের সদস্যরা ভালো বলতে পারবেন। তবে পুলিশ এই ঘটনার সঙ্গে যুক্তদের আইনত ব্যবস্থা নেবে। তবে বিষয়টি আমরাও নজরে রাখছি।” নবনিযুক্ত বীরভূম পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব বলেন, “আমি জেলায় আজ যোগদান করেছি। বিষয়টি আমার জানা নেই। পুরো বিষয়টি খতিয়ে দেখছি।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.