ব্রতদীপ ভট্টাচার্য, বারাসত: ভোটপ্রচারে এসে দুর্গাপুজো এবং মহরম নিয়ে মন্তব্য করে নয়া বিতর্কের জন্ম দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ তিনি জানান, তিথি অনুযায়ী দুর্গাপুজোর সময় পিছোনো যাবে না৷ তবে দরকার হলে মহরমের সময় পরিবর্তন করাই যায়৷ উত্তরপ্রদেশেই নাকি এইভাবে পুজো এবং মহরমের ক্ষেত্রে সামঞ্জস্য রেখেছিলেন যোগী৷
[ আরও পড়ুন: কে জিতছে পুরুলিয়ায়? লাখ টাকার বাজি বিজেপি-তৃণমূল সমর্থকের]
দুর্গাপুজোর বিসর্জনের তিথি এবং মহরমের তাজিয়া বেরনোর সময় একইসঙ্গে পড়ে গিয়েছিল৷ যাতে কোনও অশান্তির পরিস্থিতি তৈরি না হয় তাই বাংলার মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন মহরমের দিন শুধুমাত্র বনেদি বাড়ির প্রতিমা বিসর্জন হবে৷ তাও বিকেলের মধ্যে৷ এরপর রাস্তায় বেরোবে মহরমের তাজিয়া৷ তার ঠিক পরেরদিন বিসর্জন হবে বারোয়ারি পুজোর প্রতিমা৷ বুধবার সেই ইস্যুকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার অভিযোগে সরব হলেন যোগী৷ তিনি বলেন, ‘‘দুর্গাপুজো এবং মহরম প্রায় একসঙ্গে পড়ে গিয়েছিল৷ উত্তরপ্রদেশ, বাংলাতেও তাই ছিল৷ উত্তরপ্রদেশে সবাই বলল কীভাবে পুজো হবে? যখন হওয়ার কথা তখনই পুজো হবে৷ প্রয়োজন হলে মহরমের তাজিয়া বেরনোর সময় বদলে দিন৷’’ বারবারই সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতির অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে৷ ওয়াকিবহাল মহলের দাবি, যোগীর এদিনের মন্তব্য যেন বিরোধীদের দাবিকেই সিলমোহর দিল৷
[ আরও পড়ুন: পালটেছে কুখ্যাত মগরাহাট, অন্ধকারের পথ ছেড়ে ডাকাতরা এখন শ্রমজীবী]
মঙ্গলবার অমিত শাহের মিছিলকে ঘিরে প্রায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় তিলোত্তমায়৷ ভাঙচুর করা হয় বিদ্যাসাগর কলেজের বিদ্যাসাগরের মূর্তি৷ ইতিমধ্যেই সেই ঘটনার দায় ঝেড়ে ফেলেছে বিজেপি৷ গোটা ঘটনার নেপথ্যে গেরুয়া শিবিরের কোনও যোগসাজশ নেই বলেই দাবি করেছেন খোদ অমিত শাহ৷ সপ্তম দফার নির্বাচনের আগে বারাসতের বিজেপি প্রার্থী মৃণালকান্তি দেবনাথের হয়ে ভোটপ্রচারে এসে এই ঘটনায় ফের ঘাসফুল শিবিরের উপরের দোষ চাপালেন যোগী আদিত্যনাথ৷ তিনি বলেন, ‘‘অমিত শাহের মিছিলে তৃণমূলের গুন্ডাবাহিনী হামলা চালিয়েছে৷ বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরও তারাই করছেন৷’’ বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলের গুন্ডারা জেলে যাবে বলেই হুঁশিয়ারি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর৷ এছাড়াও একাধিক ইস্যুতে এদিন তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন যোগী৷ বাংলার মুখ্যমন্ত্রী হতাশায় ভুগছেন বলেও তোপ দাগেন তিনি৷ মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষ এবং কৃষকদের কথা ভাবেন না বলেও কটাক্ষ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর৷
সর্বশেষ খবর
-
একজনের কাজ সংগ্রহ, আরেকজনের পাচার! বাংলাদেশে অস্ত্র পাচারে গ্রেপ্তার বনগাঁর দুই দুষ্কৃতী
-
‘বিকশিত ভারত’ নিয়ে প্রবন্ধ লিখে ১৫ আগস্ট লালকেল্লায় আমন্ত্রিত বাসন্তীর সেলিমা, স্বপ্নপূরণে বাধা অর্থ
-
কিয়ানের হ্যাটট্রিকে স্বস্তি, দু’ম্যাচ পর জয়ে ফিরে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখল মোহনবাগান
-
সতীর্থর সঙ্গে পরকীয়া! সমকামী ভাইস ক্যাপ্টেনের ‘শাস্তি’র দাবি স্ত্রীর, কী সিদ্ধান্ত নিল অজি বোর্ড?
-
‘মিথ্যে বলছে কর্নাটক নির্বাচন কমিশন’, ভোটার তালিকায় নাম বাদ পড়ায় ফুঁসছেন প্রকাশ রাজ