সতীনকে ঈর্ষা, দুধের শিশুকে ‘খুন’ করল সৎ মা

অভিযুক্ত গ্রেপ্তার, ধৃতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০১৮, ১৬:৪৯

options
link
সতীনকে ঈর্ষা, দুধের শিশুকে ‘খুন’ করল সৎ মা

শাহজাদ হোসেন, ফরাক্কা: বিয়ের পর থেকে সতীনের উপর ঈর্ষা। সেই রাগে সতীনের সন্তানকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল এক বধূর বিরুদ্ধে। মুর্শিদাবাদের ফরাক্কার এই ঘটনা অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

[ঘুমন্ত অবস্থায় বউদিকে কুপিয়ে খুন দেওরের, রেহাই পেল না ২ শিশুও]

Advertisement

ফরাক্কার ইমামনগর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর লাউয়াহাট এলাকার বাসিন্দা ফারজাহান শেখ। পেশায় তিনি দিনমজুর। ফারজাহান কয়েক বছর আগে বিয়ে করেছিলেন নার্গিস বিবিকে। সাত মাস আগে ওই যুবক ফের বিয়ে করেন। মর্জিনা বিবিকে বিয়ে করার পর থেকে সংসারে নিয়মিত অশান্তি শুরু হয়। ইতিমধ্যে নার্গিস এক কন্যাসন্তানের জন্ম দেন। নবজাতকের নাম রাখা হয় আয়েশা খাতুন। রবিবার সকালে চার মাসের আয়েশাকে সতীনের কাছে রেখে পাশের বাড়িতে কাজের জন্য গিয়েছিলেন নার্গিস। বাড়ি ফিরে আসার পর তাঁর মাথায় যেন বাজ পড়ে। ওই বধূ দেখেন ঘরের মধ্যে তাঁর মেয়ে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছে। সতীনের যে এ কাজ তা বুঝতে দেরি হয়নি নার্গিসের। প্রথমে অবশ্য মর্জিনা তার অপরাধের কথা স্বীকার করেনি। পরে জানা যায় বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে সে দুধের শিশুকে খুন করেছে। প্রথম পক্ষের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ফরাক্কা থানার পুলিশ মর্জিনাকে গ্রেপ্তার করে। জেরায় নাকি সে দোষের কথা মেনে নেয়।

Advertisement

[১০০ টাকা কিলো, তবুও এই বেগুন চাই মালদহবাসীর]

এলাকার বাসিন্দারা জানিয়েছেন বিয়ের পর থেকে ফারজাহানের দুই স্ত্রীর মধ্যে গণ্ডগোল লেগেছিল। একে অপরকে ঈর্ষা করতেন। তার ফল যে এতটা মারাত্মক হবে তা কেউ ভাবতে পারেননি। একমাত্র সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছেন ওই বধূ। ঘটনার সময় বাড়ি ছিলেন না ফারজাহান। তিনিও দ্বিতীয় পক্ষর স্ত্রীর এমন কাণ্ডে হতবাক। ধৃতের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে প্রতিবেশীরা। চার মাসের আয়েশার দেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.