Titagarh

খুলেছিল অর্জুনের হস্তক্ষেপে, সমস্যা না মেটায় দু’মাসেই বন্ধ জুটমিল! চাকরিহারা হাজারের বেশি শ্রমিক

পুজোর মুখে ফের বন্ধ হল উত্তর ২৪ পরগনার টিটাগড়ের লুমটেক্স জুটমিল। অনিশ্চয়তায় হাজারের বেশি শ্রমিক। আজ, মঙ্গলবার সকালে গেলে ‘সাসপেনশন অব ওয়ার্ক’-এর নোটিস ঝুলতে দেখা গিয়েছিল।

অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ২০:১৮

options
link
খুলেছিল অর্জুনের হস্তক্ষেপে, সমস্যা না মেটায় দু’মাসেই বন্ধ জুটমিল! চাকরিহারা হাজারের বেশি শ্রমিক
নোটিস পাওয়ার পরেই কারখানার গেটে শ্রমিকদের বিক্ষোভ। নিজস্ব চিত্র

পুজোর মুখে ফের বন্ধ হল উত্তর ২৪ পরগনার টিটাগড়ের (Titagarh) লুমটেক্স জুটমিল। অনিশ্চয়তায় হাজারের বেশি শ্রমিক। আজ, মঙ্গলবার সকালে গেলে ‘সাসপেনশন অব ওয়ার্ক’-এর নোটিস ঝুলতে দেখা গিয়েছিল। সেই নোটিস দেখার পরেই ক্ষোভ ছড়ায় শ্রমিকদের মধ্যে। প্রসঙ্গত, গত ২ মাস আগেই ওই জুটমিল খুলেছিল। কিন্তু কেন সেটি বন্ধ হয়ে গেল? সেই প্রশ্ন উঠেছে।

Advertisement

বাম ও তৃণমূল জমানায় উত্তর ২৪ পরগনার গঙ্গার ধারের একাধিক জুটমিল বন্ধ হয়ে গিয়েছে। রাজ্যের পালাবদলের পরে বিজেপি সরকার আসে। বন্ধ কারখানা, জুটমিল খোলার কথা বলা হয়। রাজ্যের শ্রমমন্ত্রী হন অর্জুন সিং। বন্ধ একাধিক জুটমিল খোলার জন্য মালিকদের সঙ্গে বৈঠকও করেছিলেন। গত জুলাই মাসের শেষে বিধায়ক কৌস্তভ বাগচী ও শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের মধ্যস্থতায় মিলটি চালু হয়েছিল। ১০ মাস পর মিল খোলায় মুখে হাসি ফুটেছিল শ্রমিক, কর্মীদের মধ্যে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কাজ শুরু হলেও শ্রমিকদের বকেয়া ডিএ মেটানো-সহ কয়েকটি দাবি মেটেনি। ১২ সেপ্টেম্বর শ্রমিক সংগঠনের সঙ্গে এই বিষয়ে ফের বৈঠক হয়েছিল। সোমবার পর্যন্ত স্বাভাবিক ছিল জুটমিলের কাজকর্ম। তবে এদিন সকালে কাজে যোগ দিতে এসে হতবাক হন শ্রমিকরা। দরজায় মিল বন্ধের নোটিস দেখা যায়। কর্তৃপক্ষের দাবি, শ্রমিক অসন্তোষের জেরেই কাজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমিকদের পাল্টা দাবি, কোনও গণ্ডগোল করা হয়নি। পাওনার দাবিদাওয়া তাঁরা কেবল জানাচ্ছিলেন। বিক্ষোভের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

Advertisement

ওই এলাকার বিধায়ক কৌস্তভ বাগচী বলেন, “এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মিল চালু রাখতে সরকারের যে ধরনের হস্তক্ষেপ প্রয়োজন, তা নিয়ে কথা বলছি। উৎসবের আগে দ্রুত জটিলতা মেটানোর চেষ্টা হচ্ছে। ইগো নিয়ে চললে সমস্যার সমাধান হবে না। অসাধুচক্রের প্ররোচনায় পা না দিয়ে মালিক ও শ্রমিক—দু’পক্ষের স্বার্থেই কারখানা চালু রাখার চেষ্টা করা উচিত।” পুজোর মুখে কাজ হারিয়ে প্রবল দুশ্চিন্তায় শ্রমিকরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.