পায়ে গভীর ক্ষত, রাস্তা থেকে তুলে ভবঘুরেকে হাসপাতালে ভরতি করলেন দুই যুবক

মানবিকতার নজির।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৪, ২০১৮, ১৭:২১

options
link
পায়ে গভীর ক্ষত, রাস্তা থেকে তুলে ভবঘুরেকে হাসপাতালে ভরতি করলেন দুই যুবক

অরূপ বসাক, মালবাজার: ডান পায়ে গভীর ক্ষত। সেই পা নিয়েই এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন এক ভবঘুরে। শেষপর্যন্ত, যন্ত্রণা আর সহ্য করতে না পেরে, ক্ষতস্থানে প্লাস্টিক বেঁধে রাস্তার ধারে শুয়ে পড়েছিলেন তিনি। চিকিৎসার ব্যবস্থা করা তো দূর অস্ত, দুর্গন্ধে ভবঘুরে মানুষটির ধারেকাছেও ঘেঁষছিলেন না কেউ। কিন্তু, মুখ ফিরিয়ে থাকতে পারেননি দুই যুবক। মঙ্গলবার সকালে অসুস্থ মানুষটিকে হাসপাতালে ভরতি করলেন তাঁরা। মানবিকতার নজির গড়লেন মালবাজারের ওদলাবাড়ির দেবাশিস দাস এবং বিকাশ বর্মন।

Advertisement

[ বিক্রি হয়ে যাওয়া শিশুকে উদ্ধার স্বেচ্ছাসেবী সংস্থার, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন]

Advertisement

ডুয়ার্সের মালবাজার মহকুমার ছোট্ট শহর ওদলাবাড়ি। দিন দশেক আগে ওদলাবাড়ি বাজারে হাজির হন এক ভবঘুরে। এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিলেন চালচুলোহীন মানুষটি। তাঁর ডান পায়ে গভীর ক্ষত নজর এড়ায়নি অনেকেরই। কিন্তু, হাসপাতালে ভরতি করার কথা মাথায় আসেনি কারও। বরং নোংরা পোশাক ও দুর্গন্ধের কারণে ভবঘুরে মানুষটি এড়িয়েই চলছিলেন ওদলাবাড়ি শহরের বাসিন্দারা। এদিকে চিকিৎসার অভাবে ততদিনে ওই ভবঘুরের ডান পায়ে পচন ধরেছে। ক্ষতস্থান থেকে সর্বক্ষণ রক্ত পড়ছে। যন্ত্রণা সহ্য করতে না পেরে পায়ে প্লাস্টিক বেঁধে রাস্তার একটি ধারে পড়েছিলেন তিনি। খাওয়া-দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। নড়াচড়ার শক্তি পর্যন্ত ছিল না। চোখের সামনে একটি মানুষ এভাবে কষ্ট পাচ্ছেন! আর চুপ করে বসে থাকতে পারেননি দেবাশিস দাস এবং বিকাশ বর্মন নামে দুই যুবক। তাঁরা ওদলাবাড়ি শহরেই বাসিন্দা।

Advertisement

মঙ্গলবার সকালে একটি রিকশ ভাড়া করে ভবঘুরে ওই মানুষকে হাসপাতালে নিয়ে যান বিকাশ ও দেবাশিস। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। এদিকে রাতারাতি সেলিব্রিট হয়ে গিয়েছেন দেবাশিস দাস ও বিকাশ বর্মন। তাঁদের মানবিকতায় মুগ্ধ ওদলাবাড়ি শহরের বাসিন্দারা। স্থানীয় পরিবেশপ্রেমী সংগঠনের বিষ্ণু নন্দী বলেন, ‘ওই দুই যুবকের কাছ থেকে অনেক কিছু শিখলাম। ওরা দেখে দিল, মানবিকতা কাকে বলে।’

[ শহরের পরিচ্ছন্নতা রক্ষার্থে ৫০ বছরের জঞ্জাল বিক্রি করবে শিলিগুড়ি পুরনিগম]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.