মাঠে নামার আগেই শুরু মনস্তাত্ত্বিক লড়াই। শনিবার থেকে গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে নামছে ভারত (India vs Sri Lanka Test Series)। তার আগে শুভমান গিলদের সতর্ক করে দিলেন শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা (Dhananjaya de Silva)। ঘূর্ণি উইকেটে ভারতের সাম্প্রতিক ব্যর্থতার কথা মনে করিয়ে দিয়ে চাপ বাড়ানোর চেষ্টা করলেন তিনি। পাশাপাশি টিম ইন্ডিয়ার কোন ক্রিকেটারকে নিয়ে চিন্তায় থাকবেন, সে কথাও জানিয়েছেন ধনঞ্জয়।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ধনঞ্জয় বলেন, “ভারত তো ঘূর্ণি উইকেটে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে চুনকাম হয়েছে। সেটা আমরা মাথায় রেখেছি। গলে নামার আগে ওদের মাথায় ঘুরবে যে, ঘূর্ণি উইকেটে এর আগে ওরা কীভাবে হেরেছে। এই সুযোগ আমাদের নিতে হবে।”
আরও পড়ুন:
শ্রীলঙ্কার উইকেটে সাধারণত তৃতীয় দিন থেকে স্পিনাররা বাড়তি সুবিধা পান। গলের পিচে সেই সুযোগটাই কাজে লাগাতে চান ধনঞ্জয়েরা। বৃষ্টির কারণে শুরুতে উইকেট খুব বেশি শুকনো না হওয়ার সম্ভাবনা থাকায় ম্যাচকে যতটা সম্ভব চতুর্থ-পঞ্চম দিনে নিয়ে যেতে চাইছে শ্রীলঙ্কা। ধনঞ্জয়ের ব্যাখ্যা, “সাধারণত শ্রীলঙ্কায় স্পিন সহায়ক উইকেট হয়। কিন্তু এখন বৃষ্টি হচ্ছে। ফলে খুব একটা শুকনো উইকেট পাব না। যদি আমরা চতুর্থ বা পঞ্চম দিনে টেস্ট নিয়ে যেতে পারি, তা হলে আমাদের জয়ের সম্ভাবনা বাড়বে। ওদের যতটা পারব সমস্যায় ফেলব। আমাদের মাঠে কিন্তু আমরাই এগিয়ে নামব।”

কুশল মেন্ডিস ও পাথুম নিশঙ্কাকে প্রথম টেস্টে না পাওয়াটা শ্রীলঙ্কার জন্য ধাক্কা। তবু নিজেদের ব্যাটিং নিয়ে আত্মবিশ্বাসী ধনঞ্জয়। তাঁর মতে, প্রথম দু’তিন দিন ব্যাটারদের সাহায্য করতে পারে গলের উইকেট। তাই টসও হয়ে উঠতে পারে ম্যাচের গুরুত্বপূর্ণ। “আমাদের ব্যাটিং আক্রমণ বেশ শক্তিশালী। প্রথম দু-তিন দিন এই পিচ ব্যাটারদের সাহায্য করবে। তাই টস খুব গুরুত্বপূর্ণ। স্পিনারেরাই আমাদের দলের প্রধান শক্তি। তবে পেসারদের ভুললে চলবে না। ওরাও খেলা ঘুরিয়ে দিতে পারে,” বলেছেন তিনি।
ভারত এই টেস্টে পাচ্ছে না তাদের অন্যতম প্রধান অস্ত্র জশপ্রীত বুমরাহকে। সেটাকেও ভারতের বিরুদ্ধে কাজে লাগাতে চাইছে শ্রীলঙ্কা। ধনঞ্জয়ের কথায়, “বুমরাহর না থাকা ওদের কাছে বড় ধাক্কা। আমরা বুমরাহের বিরুদ্ধে প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু ও বড় বোলার। খেলার ছবি বদলে দিতে পারে। বুমরাহ না থাকায় ভারত চাপে থাকবে। সেটা আমাদের কাজে লাগাতে হবে।”
তবে ভারতীয় ব্যাটিংয়ে অভিজ্ঞতার বিচারে শ্রীলঙ্কার সবচেয়ে বড় মাথাব্যথা কে? উত্তর, কেএল রাহুল। শ্রীলঙ্কার অধিনায়কের মতে, “অভিজ্ঞতার দিক থেকে কে এল রাহুলই আমাদের কাছে সবচেয়ে বড় মাথাব্যথা। গোটা বিশ্বে ও ভালো খেলেছে। শ্রীলঙ্কাতেও কয়েকটি ম্যাচ খেলেছে। ২০১৭ সালে শেষর আমাদের এখানে খেলেছিল বলে আমার মনে হয়, ও এখানকার পরিবেশ পরিস্থিতি ও বেশ ভালোভাবে জানে।” উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে অনুশীলনেও নেমেছিল ভারত। পিচের পাশাপাশি গলের আবহাওয়ার দিকেও নজর রাখছেন গৌতম গম্ভীরের দল। তবে সবচেয়ে বেশি আলোচনায় গলের রহস্যময় পিচ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দেবরাজের ‘দাদাগিরি’র নয়া হদিশ! দাবিমতো কোটি টাকা না দেওয়ায় কাজ বন্ধ মামলায় চার্জশিট
-
ধনঞ্জয় ফাঁসির ২২ বছর! ‘বিচার মেলেনি’, মামলার পুনঃতদন্তের দাবিতে ফের মিছিল বাঁকুড়ার গ্রামে
-
খোলা হল শ্যামাপ্রসাদের নামের বোর্ড, রামপুরহাটে ফের নেতাজির নামে ফিরল রাস্তা!
-
পাঁচ টাকার কয়েনে নেতাজি, নোটে ভারতমাতার প্রতিকৃতি! অসামান্য সৃষ্টি নবম শ্রেণির পডুয়ার
-
দেবের ‘দাদাগিরি’তে ধুন্ধুমার, একমঞ্চে সজল-কুণাল-মদন!