নিজস্ব সংবাদদাতা: ফের গরু পাচারকারী ও চোরাচালানকারীদের বিরুদ্ধে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার বহরমপুরের স্টেডিয়াম ময়দানে প্রশাসনিক মঞ্চ থেকে পাচার রোধে প্রশাসনকে কড়া নির্দেশের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি৷
মুর্শিদাবাদে অন্যতম সমস্যা হল গরু পাচার ও চোরাচালান৷ মুর্শিদাবাদের সীমান্তর ওপারেই বাংলাদেশ৷ সীমান্তর কিছুটা অংশে কাঁটাতার দেওয়া হলেও বেশিরভাগটাই উন্মুক্ত৷ সেই সুযোগ নিয়ে প্রায় অবাধেই চলে গরু পাচার৷
এর আগেও গরু পাচার বন্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু পাচার পুরোপুরি বন্ধ করা যায়নি৷ তাই এবার জেলার প্রশাসনিক মঞ্চ থেকে মমতা সাধারণ মানুষকে এ বিষয়ে এগিয়ে আসার ডাক দেন৷ তিনি বলেন, “কয়েকজনের জন্য গোটা জেলার বদনাম হচ্ছে৷ এটা হতে দেবেন না৷ স্মাগলার ও গরু পাচারকারীদের চিহ্নিত করুন৷ শুধু প্রশাসন নয়, সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে৷ এক হয়ে পাচার রুখুন৷”
প্রশাসন সূত্রের খবর, জেলার গরু পাচার মাথাব্যথার কারণ হয়ে উঠেছে৷ যেহেতু সীমান্ত এলাকার যাবতীয় দায়দায়িত্ব বিএসএফের, তাই প্রশাসন সেখানে নাক গলাতে পারে না৷ অনেক ক্ষেত্রে জেলা প্রশাসনের সঙ্গে বিএসএফের সমন্বয়ের অভাব ঘটে৷ সেই সুযোগটা পুরোমাত্রায় নেয় পাচারকারীরা৷ এবার তাই পাচার রোধে সাধারণ মানুষকে শামিল করে চোরাচালানকারীদের শায়েস্তা করতে চান মুখ্যমন্ত্রী৷ গরু পাচার নিয়ে রাজ্যের অন্যান্য সীমান্তবর্তী জেলাতেও কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে পুলিশ প্রশাসন৷ গরু পাচারকারীদের চিহ্নিত করে বিভিন্ন জেলায় তাদের গ্রেফতারও শুরু হয়েছে৷
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের