পঞ্চায়েত নির্বাচনের প্রচারে ঝড় তুলতে জেলায় যাচ্ছেন রাজ্যের মন্ত্রীরা

অ্যাসাইনমেন্ট দিয়ে ফেলেছে তৃণমূল ভবন৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০১৮, ১৮:০৮

options
link
পঞ্চায়েত নির্বাচনের প্রচারে ঝড় তুলতে জেলায় যাচ্ছেন রাজ্যের মন্ত্রীরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত মামলার জট না কাটলেও ১৪ মে ভোট হচ্ছে ধরে নিয়ে প্রচার শুরু করল রাজ্যের শাসকদল তৃণমূল৷ পঞ্চায়েত নির্বাচনে প্রচারে ঝড় তুলতে ইতিমধ্যেই রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের অ্যাসাইনমেন্ট দিয়ে ফেলেছে তৃণমূল ভবন৷ ফিরহাদ হাকিম, অরূপ রায়, জ্যোতিপ্রিয় মল্লিক-সহ বেশ কয়েকজন তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে নিজের জেলায় ভোট প্রচারের কাজে পাঠানো হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর৷

Advertisement

পঞ্চায়েত ভোটের দিনক্ষণ নিয়ে আপত্তি ও ভোটের নিরাপত্তা ইস্যু তুলে হাই কোর্টে মামলা লড়ছে বিরোধী শিবির৷ ফলে, আদৌও ১৪ মে ভোট হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে৷ তবে, ভোটের ভবিষ্যৎ এখনই ঠিক না হলেও প্রচারে ময়দান ছাড়তে রাজি নয় শাসক তৃণমূল৷ রাজ্যে প্রায় ৩০ শতাংশ বিনা বাধায় জয় চলে এলেও এখনই ভোটের ময়দান ছাড়ার কোনও প্রশ্নই উঠছে না৷ বরং ২০১৯-এর লক্ষ্যে এখন থেকে গ্রাম-বাংলায় জোড়া ফুলের বীজ বুনতে মাঠে-ময়দানে ঝাঁপাচ্ছে তৃণমূল৷ পঞ্চায়েত ভোটের হাওয়ায় ঝড় তোলার লক্ষ্যে ইতিমধ্যেই বেশ কয়েকজন তাবড় মন্ত্রীকে জেলায় জেলায় প্রচারে পাঠানো হয়েছে৷ জেলায় গিয়ে ছোট-ছোট সভা-সমিতি ও ঘরোয়া সভা করার পাশাপাশি, বেশ কিছু জনসভাও করা কথা রয়েছে তাঁদের৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গ্রাম-বাংলায় প্রচারের ঝড় তোলার পাশাপাশি ইতিমধ্যেই ফেসবুকেও জোরদার চলছে প্রচার৷ নিয়ম করে এখন প্রতিদিন সাংসদরা বিকাল পাঁচটা থেকে ফেসবুক লাইফ করছেন৷ যেমন-তেমনভাবে এই লাইভ নয়, চলছে প্রশ্নোত্তর পর্ব৷ একেবারে তথ্য-প্রমাণ, দলিল-দস্তাবেজ নিয়ে যাবতীয় প্রশ্নের জন্য তৈরি হয়ে বসছেন সাংসদরা৷ মাঠের মানুষের সঙ্গে মাঠের নেতার সঙ্গে সম্পর্ক স্থাপনই নয়, এই লাইভের মাধ্যমে সবরকম প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু গ্রামের মানুষের কাছে পৌঁছতে এমন সময় বাছা কেন? গ্রামে মাঠে-ঘাটের কাজ সারতে বিকেল গড়িয়ে যায়। সুয্যি পাটে বসলেই পাড়ার মোড়ে মোড়ে বসে পঞ্চায়েত। সারা দিন কাজেকর্মে কাটিয়ে সাঁঝের মুখে চলে দিনকালের হাল-হকিকতের বিচার। গ্রামে-গঞ্জে ইতিমধ্যে হাতে হাতে ছড়িয়ে পড়েছে স্মার্টফোন। তাতেও ভেসে আসে সমাজের নানা অংশের ছবি। ইতিমধ্যে দলের ৪২ সাংসদকে সামনে রেখে খোলা হয়েছে এফবি পেজ। সেখানে অনবরত ভেসে উঠছে সরকারি পরিষেবার খবর। আসছে পঞ্চায়েতের টাটকা ছবি। গ্রাম বাংলায় ইতিমধ্যে লাফিয়ে বেড়েছে যার আকর্ষণ। সব মিলিয়ে পাড়ায় পাড়ায় এখন পঞ্চায়েতের হাঁড়ির খবর। চলছে চুলচেরা বিশ্লেষণ। বেলাশেষে গড়ে উঠছে সমবেত জনমত। গোধূলির মুখে এই সময়টাকেই কাজে লাগাতেই গ্রাম বাংলার মানুষের সামনে আসার জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানাচ্ছেন এক শীর্ষ নেতা।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.