Murshidabad

ফরাক্কায় নাবালিকার বিয়ের আয়োজন, বরযাত্রীর সামনেই ঢুকল পুলিশের গাড়ি! তারপর…

সরকারি তথ্য অনুযায়ী, গত ৬ মাসে মুর্শিদাবাদের মোট ১২,৮৫৫টি নাবালিকাদের সন্তান প্রসবের ঘটনা হয়েছে। এই ঘটনাগুলোর বেশিরভাগই মুর্শিদাবাদের গ্রামীণ এলাকার। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই নড়েচড়ে বসেছে মুর্শিদাবাদ প্রশাসন।

শাহজাদ হোসেন
শাহজাদ হোসেন

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৬, ১৬:৫৬

options
link
ফরাক্কায় নাবালিকার বিয়ের আয়োজন, বরযাত্রীর সামনেই ঢুকল পুলিশের গাড়ি! তারপর…
এআই ছবি।

বিয়ের আসর। কন্যাপক্ষের তোড়জোড়। বরযাত্রী এসে গিয়েছে। বিয়ের পিঁড়িতে বসেছে কন্যাও। আত্মীয় স্বজনের ভিড়। ব্যস্ততা তুঙ্গে। এমন সময় ‘হুটার’ বাজিয়ে গ্রামে ঢুকল পুলিশের একের পর এক গাড়ি। থামল বিয়ে বাড়ির সামনে। ডাক গেল মেয়ের বাবা ও হবু বরের পরিবারের কাছে। তারপরই বিয়ে বন্ধের নির্দেশ। হবু বর ও কন্যার পরিবারকে থানায় নিয়ে গেল পুলিশ। পরে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কায়।

Advertisement

ফরাক্কার পুলিশের কাছে গোপন সূত্রে খবর যায়, ফারাক্কা ব্লকের বেনিয়াগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেলদার পাড়া এলাকায় এক নাবালিকার বিয়ে দিচ্ছে পরিবার। ওই কন্যার বিয়ের বয়স হয়নি জেনেও বিবাহে সম্মতি দিয়েছেন ছেলের পরিবার। ব্যস! খবর পাওয়া মাত্র সটান হানা বিয়ে বাড়িতে। পরিবারের কাছে নাবালিকার পরিচয়পত্র চায় পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে মেয়েটির বিবাহের বয়স হয়নি। তারপরও তার বিয়ে দিচ্ছিল পরিবার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার বাবা দিলদার শেখ পরিযায়ী শ্রমিক। বাড়ি ফিরে মেয়ের বিয়ে ঠিক করেছিলেন। দিলদারের প্রতিবেশীরা জানান, তাঁর একাধিক সন্তান রয়েছে।  নাবালিকা কন্যার বিয়ে দেওয়া অপরাধ জানা সত্ত্বেও বিয়ে ঠিক করেছিলেন তিনি। কারণ আর্থিক দুর্বলতা।  ফরাক্কা থানার এক আধিকারিক জানান, “১৬ বছর বয়সি নাবালিকার বিয়ে দেওয়া হচ্ছে বলে খবর আসে। প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।” শনিবার মেয়ের মা, হবু বর ও তাঁর বাবাকে গ্রেপ্তার করে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। মেয়েটিকে হোমে পাঠানো হয়েছে।

Advertisement

উল্লেখ্য, নাবালিকা বিয়ে ও ১৮ বছরের নিচে কন্যার সন্তান প্রসবের বিষয়ে কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, নাবালিকা বিয়ে ও সন্তান প্রসব হলে তার স্বামী ও পরিবারের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সরকারি তথ্য অনুযায়ী, গত ৬ মাসে মুর্শিদাবাদের মোট ১২,৮৫৫টি নাবালিকাদের সন্তান প্রসবের ঘটনা হয়েছে। এই ঘটনাগুলোর বেশিরভাগই মুর্শিদাবাদের গ্রামীণ এলাকার। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই নড়েচড়ে বসেছে মুর্শিদাবাদ প্রশাসন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.