স্টাফ রিপোর্টার: স্কুল পড়ুয়াদের সুরক্ষার বিষয়ে কোনওরকম আপস নয়৷ তাই পুলকারের বিরুদ্ধে কড়া অবস্থান নিল উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ৷
৩১ অক্টোবরের মধ্যে নতুন আইনের যাবতীয় শর্ত পূরণ না করলে শুরু হবে ধরপাকড়৷ নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা৷ মঙ্গলবার বারাসত ও মধ্যমগ্রাম পুর এলাকার পুলকার অ্যাসোসিয়েশন, স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের নিয়ে আলোচনা সভায় এ কথা স্পষ্ট জানিয়ে দিল জেলা পুলিশ কর্তৃপক্ষ৷ পথ দুর্ঘটনার বিষয়ে কথা উঠলেই বারবার উঠে এসেছে পুলকারের নাম৷ লজঝড়ে গাড়ি, রিসোল টায়ার, বৈধ কাগজপত্র ছাড়াই স্কুল পড়ুয়াদের নিয়ে ঝুঁকির যাত্রা করে এই পুলকারগুলি৷ প্রশাসন সূত্রে জানা যায়, বারাসত ও মধ্যমগ্রাম অঞ্চলে প্রায় ৮০টি পুলকার চলে যার অধিকাংশরই ন্যূনতম সুরক্ষা ব্যবস্থা নেই৷ মঙ্গলবার এই আলোচনা সভার মাধ্যমে পুলকারচালক ও মালিকদের সচেতন করার পাশাপাশি নতুন বিধি মেনে চলার জন্য কড়া বার্তাও দেয় জেলা পুলিশ৷
এদিনের এই সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়, আঞ্চলিক পরিবহণ আধিকারিক ও বারাসত এবং মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধানরা৷ পুলকার মালিকদের এদিন সাফ জানিয়ে দেওয়া হয়, ২০০৬ সালের পুরনো কোনও গাড়ি পুলকার হিসাবে ব্যবহার করা যাবে না৷ দশ বছরের পুরনো হলে সেই গাড়িকে ছাড়পত্র দেওয়া হবে না জানিয়ে দেন আঞ্চলিক পরিবহণ আধিকারিক সিদ্ধার্থ রায়৷ এ ছাড়াও কোনও প্রাইভেট নম্বরের গাড়িকে পুলকারের পারমিট দেওয়া হবে না৷ পারমিট পাওয়ার জন্য কমার্শিয়াল রেজিস্ট্রেশন প্রয়োজন৷
এদিনের এই আলোচনা সভায় পুলকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন অভিভাবক-সহ জনপ্রতিনিধিরা৷ তাঁরা অভিযোগ করেন, পুলকারগুলি খুদে পড়ুয়াদের নিয়ে বেপরোয়াভাবে চালায়, যেখানে দশজন নেওয়ার ক্ষমতা সেখানে প্রায় ১৫ থেকে ১৬ জন বাচ্চা নিয়ে যায় পুলকারগুলি৷ পুলিশ ও পরিবহণ দফতরের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, নির্ধারিত সময়ের পর পুলিশি ধরপাকড় শুরু হবে এবং বৈধ নথি না থাকলে গাড়ি মালিক-সহ চালকের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে৷
সর্বশেষ খবর
-
নার্স মৃত্যুর তদন্তে গড়িমসি! ‘যেন থানায় না যেতে হয়’, পুলিশকে ‘ধমক’ মন্ত্রী অশোকের
-
তিরুমালা মন্দিরে পুজো দিয়ে চুল উৎসর্গ অনন্ত আম্বানির, মন্দিরকে ২৫টি ইলেকট্রিক বাস দানের প্রতিশ্রুতি
-
অস্ত্র ছেড়ে সস্ত্রীক ঘরে আসুক, ১৪ বছর পর মাওবাদী ছেলেদের কাছে আর্জি দুই পরিবারের
-
আত্মত্যাগকে মর্যাদা! মুকুটমণিপুরে বিশ্ব বাংলা গ্লোবের জায়গায় বসছে সিধু-কানুর মূর্তি
-
মদ খেয়ে মারামারিতে বিতর্ক! টেস্ট চলাকালীনই আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় স্টোকসের