স্টাফ রিপোর্টার: রিকশা ও টোটো দ্বৈরথে নয়া মোড়৷
বাঁকুড়া শহরে এক রিকশাচালকের অস্বাভাবিক মৃত্যু এই সংঘাতে অন্য মাত্রা যোগ করল৷ শ্যাম দে নামে ওই ব্যক্তি অভাবের তাড়নায় আত্মহত্যা করেছেন বলে অভিযোগ শহরের রিকশাচালকদের৷ টোটোর দাপটে অন্য অনেকের মতো শ্যাম দে-ও যাত্রী পাচ্ছিলেন৷ ফলে সংসারে অভাব বাড়তে শুরু করেছিল৷ সেই কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন, এই দাবি তুলে সোমবার বাঁকুড়া শহরের পথে নামলেন রিকশাচালকরা৷ টোটো বন্ধেরও দাবি উঠল সেই মিছিল থেকে৷ সঙ্গে হুঁশিয়ারি, টোটো বন্ধ না হলে এই ধরনের ঘটনা ফের ঘটতে পারে৷ পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে বছর পঞ্চাশের ওই রিকশাওয়ালা শ্যাম দে-র ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়৷ সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়ে বাঁকুড়া শহরে৷ শ্যামবাবুর বাড়িতে জড়ো হন বহু রিকশাওয়ালা৷ পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়৷ কী কারণে আত্মহত্যা, তা খতিয়ে দেখতে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে৷ তবে শ্যাম দে-র পরিবারের তরফে এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি৷ ঘটনার আকস্মিকতায় সকলেই বাকরুদ্ধ৷ শোকে প্রত্যেকেই ভেঙে পড়েছেন৷
কিন্তু শ্যাম দে-র মৃত্যুকে সামনে রেখে সোমবার আন্দোলনে নেমে পড়েন রিকশাচালকরা৷ ফলে ঘটনার সঙ্গে সঙ্গেই ফের তেড়েফুঁড়ে আন্দোলনে নামলেন রিকশাচালকরা৷ সোমবার রিকশাচালক ইউনিয়নের সম্পাদক শিবু মালাকারের অভিযোগ, আর্থিক অনটনের চাপে পড়ে আত্মহত্যা করেছেন শ্যাম দে৷ তাই সোমবার শতাধিক রিকশাচালক বাঁকুড়া শহরে মিছিল করেন৷ তাঁদের দাবি, অবিলম্বে টোটো বন্ধ করতে হবে৷ টোটোর দৌরাত্ম্যে রিকশাচালকদের যাত্রী হচ্ছে না৷ তার জেরে সংসারে অনটন তৈরি হচ্ছে৷ সেই যন্ত্রণাই শ্যাম দে-র জীবনে চরম বিপদ ডেকে আনল৷ কিন্তু এর পরও পরিস্থিতি স্বাভাবিক না হলে এই ধরনের ঘটনা আবারও ঘটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিবু মালাকার৷ প্রসঙ্গত, বাঁকুড়া শহরে বেশ কিছুদিন ধরেই টোটো-রিকশা দ্বৈরথ চলছে৷ টোটো চালকদের দাপটে রিকশাওয়ালারা কোনঠাসা৷ দ্রুততর যান পেয়ে যাত্রীরাও বেশি ব্যবহার করছে টোটো৷ ফলে রুজিতে টান পড়ছে রিকশাওয়ালাদের৷ অন্যদিকে সুযোগবুঝে সরকার নির্ধারিত রুটকে তোয়াক্কা না করে শহর জুড়ে টোটোচালকদের দৌরাত্ম্য শুরু হয়েছে বলে অভিযোগ৷ এই পরিস্থিতিতে দু’পক্ষই প্রশাসনের কাছে ডেপুটেশন দিয়েছে৷ কয়েকদিনের মধ্যেও প্রশাসনের তরফে এ নিয়ে বৈঠকও করার কথা৷ কিন্তু তার আগে শ্যাম দে-র মৃত্যু গোটা ঘটনায় অন্য মাত্রা যোগ করল৷
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের