উলুবেড়িয়া, নোয়াপাড়ায় প্রার্থী ঘোষণা তৃণমূল ও বামফ্রন্টের

নোয়াপাড়ায় কংগ্রেসের জেতা আসনে প্রার্থী বামেদের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৯, ২০১৭, ১০:৫৫

options
link
উলুবেড়িয়া, নোয়াপাড়ায় প্রার্থী ঘোষণা তৃণমূল ও বামফ্রন্টের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবংয়ের মতো উলুবেড়িয়া এবং নোয়াপাড়া উপনির্বাচনেও চতুর্মুখী লড়াই হতে চলেছে। দুটি কেন্দ্রে প্রার্থীদের নাম জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি এই কেন্দ্রগুলিতে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বামফ্রন্ট

Advertisement

[উলুবেড়িয়া এবং নোয়াপাড়ায় উপনির্বাচনের দিন ঘোষণা]

Advertisement

এদিন তৃণমূল ভবনে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান উলুবেড়িয়ায় প্রার্থী হচ্ছেন সাজদা আহমেদ। যিনি সম্পর্কে প্রয়াত তৃণমূল সাংসদ সুলতান আহমেদের স্ত্রী। সুলতান আহমেদের মৃত্যুর পর তাঁর আত্মীয়দের প্রার্থী করা হবে বলে জল্পনা চলছিল। রাজনৈতিক বিশ্লেষকদের ব্যাখ্যা সাজদাকে প্রার্থী করে দল যে সুলতানের পরিবারের পাশে আছে তা বুঝিয়ে দিল তৃণমূল। নোয়াপাড়ায় প্রার্থী হচ্ছেন সুনীল সিং। যিনি এই মুহূর্তে গাড়ুলিয়া পুরসভার চেয়ারম্যান। তাঁর নাম ঘোষণা করে পার্থ চট্টোপাধ্যায় জানান, সুনীলের হাত ধরে পুরসভার কাজকর্ম ভাল হচ্ছে। তিনি দক্ষ সংগঠক হিসাবে পরিচিত। তাই সুনীলকে বেছে নেওয়া হল। পাশাপাশি তৃণমূলের মহাসচিব আত্মবিশ্বাসের সঙ্গে জানান, সবংয়ে ৫২ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছে তৃণমূল। এই দুই কেন্দ্রে এর থেকেও বেশি ভোট পাবে শাসক দল। সাধারণ মানুষকে ঘাসফুল প্রতীকের প্রার্থীদের বিপুল ভোটে জেতানোর আবেদন জানায় তৃণমূল নেতৃত্ব।

Advertisement

[সবং উপনির্বাচনে তৃণমূলের দাপট, ৬৪ হাজার ভোটে জয়ী গীতারানি ভুঁইয়া]

সুলতান আহমেদ এবং মধুসূদন ঘোষের প্রয়াণে উলুবেড়িয়া এবং নোয়াপাড়া কেন্দ্রে উপনির্বাচন। মধুসূদন ঘোষ নোয়াপাড়ায় জোটপ্রার্থী হিসাবে কংগ্রেসের প্রতীকে জিতেছিলেন। এই কেন্দ্রের লড়ার ব্যাপারে দাবিদার ছিল কংগ্রেস। তবে বামফ্রন্ট আগেভাগেই ওই কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করল। শুক্রবার বামফ্রন্টের বৈঠকে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়। উলুবেড়িয়া লোকসভা আসনে বামফ্রন্টের হয়ে লড়বেন সাবিরুদ্দিন মোল্লা। অন্যদিকে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে গার্গী চট্টোপাধ্যায়কে। ২০১৪ সালে সাবিরুদ্দিন মোল্লা উলুবেড়িয়া লোকসভা আসনে সুলতান আহমেদের কাছে প্রায় ২ লক্ষ ভোটে হেরে যান। এবার এই কেন্দ্রে পুরনো প্রার্থীর উপর ভরসা রাখল বামেরা। নোয়াপাড়ার প্রার্থী গার্গী গত বিধানসভা ভোটে নৈহাটিতে দাঁড়িয়েছিলেন। প্রায় ৩০ হাজার ভোটে হারেন তিনি। তৃণমূল ও বাম নেতৃত্ব প্রার্থীপদ ঘোষণার পর কংগ্রেস ও বিজেপি কাদের প্রার্থী করে সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। এর ফলে ওই দুটি আসনে চর্তুমুখী লড়াই অনিবার্য। আগামী ২৯ জানুয়ারি দুটি কেন্দ্রে ভোট নেওয়া হবে। ফল ঘোষণা ১ ফেব্রুয়ারি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.