Two Bengal labourers die in Sikkim landslide

সিকিমে কাজে গিয়ে মৃত্যু বাংলার ২ যুবকের, দেহ ফিরল জলপাইগুড়িতে

ধসের কবলে পড়ে জখম আরও দুই যুবক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩১, ২০২২, ১২:৪৫

options
link
সিকিমে কাজে গিয়ে মৃত্যু বাংলার ২ যুবকের, দেহ ফিরল জলপাইগুড়িতে
ছবি: প্রতীকী

শান্তনু কর, জলপাইগুড়ি: বছরের শেষ দিনে বাড়ি ফিরে আসার কথা ছিল একে একে সকলের। এলাকাতেই একসঙ্গে নতুন বছরকে স্বাগত জানানোর কথা ছিল। তিনজন ফিরে এসেছিলেন। আকস্মিক দুর্ঘটনায় ফেরার আগেই না ফেরার দেশে দু’জন। শুক্রবার পশ্চিম সিকিমের পেলিংয়ের কাছে ধসের কবলে পড়ে মৃত্যু দুই যুবকের। জলপাইগুড়ির বারোপেটিয়া গ্রাম পঞ্চায়েতের ঝাকুয়া পাড়া, ধামিপাড়ার বাসিন্দা দু’জনে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরও দুই যুবক। ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।

Advertisement

গত ১৫ ডিসেম্বর নির্মাণ শ্রমিকের কাজ করতে সিকিমে গিয়েছিলেন ঝাকুয়া পাড়া, ধামিপাড়া গ্রামের ১১ জন যুবক। শুক্রবার ভোরে তাঁদের মধ্যে তিনজন বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ওইদিন বিকেলেই কাজ শেষ করে একসঙ্গে বাড়ি ফেরার কথা ছিল বাকি আটজনের। তার আগেই সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শী তিরেশ রায় জানান, পাঁচজন নিচে নেমে সাটারিংয়ের কাজ করছিলেন। সাটারিংয়ের কাঠ আনতে কিছুটা দূরে গিয়েছিলেন তিনি। আচমকা শব্দ। তাকিয়ে দেখেন হুড়মুড় করে পাহাড় ভেঙে পড়ছে। মুহূর্তের এই ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েন তিরেশ। ছুটে আসে আশপাশের লোকজন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ফের সমবায় ভোটে তৃণমূলের জয়জয়কার, কোলাঘাটে খাতাই খুলতে পারল না বিজেপি-সিপিএম]

সকলে উদ্ধার কাজে হাত লাগান। দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করেন তাঁরা। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর ধস সরিয়ে উদ্ধার হয় দু’জনের দেহ। নিহতেরা হল রবি রায় (২৬) এবং শুধুরাম ওরাও (২৮)। আহতদের শিলিগুড়ির শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। শনিবার মৃতদেহ ফেরে বাড়িতে। গ্রামের শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বারোপেটিয়া গ্রাম পঞ্চায়েতের ঝাকুয়া পাড়া, ধামিপাড়া এলাকায়।

Advertisement

জগত রায় নামে এক যুবক জানান, নির্মাণ সংস্থার হয়ে কাজ করতে একসঙ্গে সিকিমে গিয়েছিলেন তাঁরা। বাড়িতে কাজ থাকায় ছুটি নিয়ে খুব ভোরে তিনজন একসঙ্গে বাড়ির উদ্দেশ্য রওনা দেন। আসার পথে দুর্ঘটনার খবর জানতে পারেন তিনি। দুই বন্ধুকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন জগত। সকালে দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে গিয়ে দেখা করেন বারোপেটিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কৃষ্ণ দাস। জানান, যে সংস্থার হয়ে কাজ করতে গিয়েছিলেন ওই যুবকেরা, সেই সংস্থার সঙ্গে কথা বলেছেন। আর্থিক সাহায্যের ব্যাপারে কথা হয়েছে। পঞ্চায়েতের তরফে আহত ও নিহতদের পরিবারকে সমস্তরকম সহযোগিতারও আশ্বাস দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: উদ্বোধনী বন্দে ভারত এক্সপ্রেসের প্রধান চালক অনিল কুমার, গর্বিত স্ত্রী]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.