দু’দিন কাটলেও কারাকোরাম রেঞ্জে খোঁজ মিলল না পেম্বা শেরপার

কোথায় পেম্বা? দুশ্চিন্তার প্রহর গুনছেন সঙ্গীরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০১৮, ১৫:৫৩

options
link
দু’দিন কাটলেও কারাকোরাম রেঞ্জে খোঁজ মিলল না পেম্বা শেরপার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  দু’দিন কেটে গেলেও খোঁজ মেলেনি কারাকোরাম রেঞ্জে নিখোঁজ পেম্বা শেরপার। বিষয়টি নিয়ে উদ্বেগের প্রহর গুনছেন কৃষ্ণনগরের মাউন্টেনিয়ারস অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগর (ম্যাক)-এর সদস্যরা। রবিবার সকালেই লাদাখ থেকে ফোনে কথা বলেন পর্বতারোহী দলের লিডার বসন্ত সিংহ রায়। তাঁর সঙ্গে কথা বলেছেন ম্যাক-এর সম্পাদক অসীম কুমার মণ্ডল। তাঁদের ধারণা সময় যত এগোচ্ছে, ততই পেম্বা শেরপার বেঁচে থাকার আশা কমছে।

Advertisement

অসীমবাবু জানান, “বসন্তদার সঙ্গে শনিবার সন্ধ্যাতেও কথা হয়েছে। তাঁরা এমনই এক জায়গায় রয়েছেন যেখান থেকে ফোনে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তবুও এদিন সকালে ফের ফোন করেছিলেন, কথা হল। বললেন, শেরপা’রা চেষ্টা চালাচ্ছে। উদ্ধারকারীদল কাজ করছে। সবার সঙ্গেই যোগাযোগ রাখার চেষ্টা হচ্ছে। তবে এখনও পেম্বা শেরপার কোনও খবর নেই। ক্রিভাসের আশপাশ থেকে কোনও সাড়াশব্দই আসছে না। তাহলে অন্তত সেই পথ ধরে উদ্ধার অভিযান চালানো যেত। আচমকা পড়ে যাওয়াতে তাঁর মাথায় চোট লেগে থাকতে পারে। আবার একেবারে নিচেও তলিয়ে যেতে পারেন ওই শেরপা। তবে কী যে হয়েছে কিছুই সেভাবে বোঝা যাচ্ছে না।”

Advertisement

[খাবারের খোঁজে এসে চা-বাগানের জলাশয়ে গজরাজ, প্রায় ৮ ঘণ্টা পর উদ্ধার]

তিনি বলেন, ‘দুর্ঘটনার পর পেম্বার দাদা পাসং শেরপা ভাইকে উদ্ধারের জন্য সমস্ত রকম চেষ্টা জারি রেখেছেন। পেম্বারা তিন ভাই এবার কাংরি শৃঙ্গ অভিযানে এসেছিলেন। পক্স হওয়ায় অভিযানের মাঝপথেই নেমে আসতে হয়েছিল পেম্বার ছোটভাই তাসি শেরপাকে। তবে দাদা পাসাং ও পেম্বা দু’জনেই শৃঙ্গ অভিযানের শুরু থেকে ছিলেন। পেম্বা নিজেই এই অভিযানের নেতৃ্ত্ব দেন। দাদা ও ভাইকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সবার সব চেষ্টা না ব্যর্থ হয়ে যায়। এত অভিজ্ঞ একজন পর্বতারোহীর এমন দুর্ঘটনার কবলে পড়াটা আমাদের ভীষণভাবে ভাবাচ্ছে। এটা শুধুই একটা দুর্ঘটনা ধরে নিয়ে অলৌকিক খবরের অপেক্ষায় আমরা রয়েছি। প্রার্থনা করে চলেছি , পেম্বাকে যাতে জীবিত অবস্থায় উদ্ধার করা যায়। যদিও তা কি আদৌ সম্ভব, সবথেকে বড় প্রশ্ন এটাই।’

Advertisement

[চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, পুলিশের জালে হুগলির স্কুল শিক্ষক]

উল্লেখ্য, শুক্রবার কারাকোরাম রেঞ্জে শৃঙ্গ জয় করে ফেরার পথে নিখোঁজ হয়ে যান দার্জিলিংয়ের বাসিন্দা পেম্বা শেরপা। তিনি আটবারের এভারেস্ট জয়ী। কৃষ্ণনগরের মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের পর্বতারোহীদের সঙ্গে এই অভিযানে গিয়েছিলেন পেম্বা শেরপা। ছিলেন এভারেস্টজয়ী পর্বতারোহী বসন্ত সিংহ রায়ও। জানা যাচ্ছে, শুক্রবার পেম্বাই শৃঙ্গ ছুঁয়ে নামার নেতৃত্ব দিয়েছিলেন। আর তখনই দুর্ঘটনাবশত একটি ক্রিভাসে পড়ে যান আটবারের এভারেস্টজয়ী শেরপা। অন্যান্য পর্বতারোহীরা বেস ক্যাম্পে এসে খবর দেন। সংবাদ পৌঁছে যায় লাদাখেও। শুরু হয় উদ্ধারকার্য। এভারেস্ট ছাড়াও একবার কাঞ্চনজঙ্ঘা ও একবার অন্নপূর্ণা পর্বত শৃঙ্গ জয়ের কীর্তি রয়েছে অভিজ্ঞ পেম্বা শেরপার ঝুলিতে। তবে এমন দুর্ঘটনায় যে অতি আশ্চর্য কিছু না ঘটলে প্রাণ বাঁচে না, তা ভালই জানেন পর্বতারোহীরা। তাই সকলেরই প্রার্থনা, যেন বরফের কোলে জীবিত থাকতে পারেন শেরপা। যেভাবে অভিযান শুরু করেছিলেন, সেভাবেই যেন সকলের সঙ্গে শেষ করতে পারেন। কিন্তু দুশ্চিন্তা যাচ্ছে না সঙ্গীদের।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.