অনশন

অরাজনৈতিক আন্দোলন, স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নের দাবিতে আমরণ অনশনে দুই যুবক

সাধারণ মানুষ তো বটেই, আন্দোলনকারীদের পাশে খোদ পঞ্চায়েত প্রধানও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০২০, ১০:৩৩

options
link
অরাজনৈতিক আন্দোলন, স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নের দাবিতে আমরণ অনশনে দুই যুবক

রাজকুমার, আলিপুরদুয়ার: এলাকার স্বাস্থ্যকেন্দ্রটির বেহাল দশা ঘোচাতে দৌড়ঝাঁপ তো কম করেননি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। শেষপর্যন্ত পরিকাঠামো উন্নয়ন ও সর্বক্ষণ পরিষেবার দাবিতে স্বাস্থ্যকেন্দ্রের সামনেই আমরণ অনশনে বসলেন এলাকার দুই যুবক। সাধারণ মানুষ তো বটেই, তাঁদের দাবিকে সমর্থন জানিয়েছেন খোদ পঞ্চায়েত প্রধানও। অভিনব আন্দোলন চলছে আলিপুরদুয়ারের তুরতুরি পঞ্চায়েত এলাকায়।

Advertisement

[আরও পড়ুন: উদয়ন গুহর গাড়ি ভাঙচুরের প্রতিবাদ, ১২ ঘণ্টার পরিবহণ ধর্মঘট দিনহাটায়]

আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের একেবারেই প্রান্তিক এলাকা তুরতুরি। দশটি চা-বাগান ও বনবসতি মিলিয়ে প্রায় কয়েক হাজার মানুষের বাস। এলাকায় কোনও হাসপাতাল নেই, কারও অসুখ-বিসুখ করলে ভরসা স্বাস্থ্যকেন্দ্র। কিন্তু স্বাস্থ্যকেন্দ্রটির অবস্থাও বেহাল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চিকিৎসক তো দূর অস্ত, স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক নার্স, এমনকী আয়াও নেই। বিপদে-আপদে রোগীদের পরিষেবা দেন দু’জন হোমিওপ্যাথি চিকিৎসক। দিনের বেলায় তবু যাওবা পরিষেবা পাওয়া যায়, রাতে রীতিমতো আতান্তরে পড়তে হয় রোগীর পরিবার লোকেদের। তখন গুরুতর অসুস্থ রোগীকে নিয়ে ছুটতে হয় শামুকতলা কিংবা ক্যামাক্ষাগুড়ি হাসপাতালে।

Advertisement

জানা গিয়েছে, আলিপুরদুয়ারের তুরতুরি এলাকায় স্বাস্থ্যকেন্দ্রটির হাল ফেরাতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন শৈলেন্দ্র নার্জিনারি ও ভীম ছেত্রী নামে স্থানীয় দুই যুবক। একজনের বাড়ি লোকনাথপুরে, আর একজনের ধওলাঝোড়া এলাকায়। তাঁদের দাবি, নিখিল নির্মল আলিপুরদুয়ারের জেলাশাসক থাকাকালীন স্বাস্থ্যকেন্দ্রটি উন্নয়ন নিয়ে কথাবার্তা অনেক দূর এগিয়েও ছিল। এমনকী, জেলার তৎকালীন মুখ্য স্বাস্থ্য আধিকারিকও ইতিবাচক আশ্বাস দিয়েছিলেন। কিন্তু পরে বদলি হয়ে যায় দু’জনই। তুরতুরি পঞ্চায়েত এলাকায় স্বাস্থ্যকেন্দ্রটির উন্নয়নের প্রক্রিয়াও থমকে যায়। এই পরিস্থিতিতে সোমবার সকাল থেকে পরিকাঠামো উন্নয়ন ও দিবারাত্রি পরিষেবা চালুর দাবিতে তুরতুরি এলাকায় স্বাস্থ্যকেন্দ্রের সামনে আমরণ অনশনে বসেছেন শৈলেন্দ্র ও ভীম। তাঁদের সাফ কথা, দাবিপূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন তাঁরা। 

Advertisement

এলাকার মানুষের অভাব-অভিযোগ নিয়ে আন্দোলন-অনশন নতুন কিছু নয়। তবে সেক্ষেত্রে সাধারণত কোনও রাজনৈতিক দলের ছত্রছায়াতেই আন্দোলন হয়। কিন্তু কোনও রাজনৈতিক দলের ব্যানার ছাড়া স্রেফ এলাকার উন্নয়নের স্বার্থে আন্দোলনে নেমে নজির গড়লেন আলিপুরদুয়ারের তুরতুরি পঞ্চায়েত এলাকার দুই যুবক শৈলেন্দ্র নার্জিনারি ও ভীম ছেত্রী। 

[আরও পড়ুন: খবর সংগ্রহ করতে গিয়ে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত সাংবাদিক, দর্শক পুলিশ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.