ছাত্র সংঘর্ষে উত্তপ্ত বিশ্বভারতী চত্বর, আহত ১

উঠছে বহিরাগতদের প্রভাবের অভিযোগ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০১৯, ১৫:০১

options
link
ছাত্র সংঘর্ষে উত্তপ্ত বিশ্বভারতী চত্বর, আহত ১

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: ছাত্র সংঘর্ষে উত্তাল হল বিশ্বভারতী। দুই পক্ষের বচসা হাতাহাতির পর্যায় পৌঁছে যায়। ঘটনায় আহত এক ছাত্র। নাম আলাউদ্দিন খান। বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন তিনি। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয়ে আসে পুলিশ।

Advertisement

ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত ১০টা নাগাদ। রাতের খাবারের পর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিদ্যাভবন হস্টেলে দুই দল ছাত্রের মধ্যে কোনও কারণে বচসা হয়। বচসা হাতাহাতি পর্যায়ে পৌঁছে যায়।  অভিযোগ, তখনই আলাউদ্দিনের মাথায় আঘাত করে অন্য দলের ছাত্ররা। আহত আলাউদ্দিনকে প্রথমে বোলপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[দুটি হাতই অসাড়, অদম্য মনের জোরে তবু মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে হাসিবুল]

Advertisement

প্রসঙ্গত, বিশ্বভারতীয় চত্বরে এমন ঘটনা নতুন নয়। মাস ছয়েক আগেও পূর্বপল্লি বয়েজ হস্টেলে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দল ছাত্র। হকি স্টিক, ক্রিকেটের ব্যাটকে হাতিয়ার করে হয় লড়াই। ঘটনায় তিন-চারজন ছাত্র আহতও হন। অভিযোগ, বহিরাগতদের প্রভাবেই বিশৃঙ্খলার সৃষ্টি হয় বিশ্ববিদ্যালয় চত্বরে। এর মধ্যে অনেক এমন ছাত্রও রয়েছেন যাঁরা অনেক আগেই পাশ করে গিয়েছেন বিশ্ববিদ্যালয় থেকে। হস্টেলে অবাধ যাতায়াত রয়েছে তাঁদের। তাঁদের দাদাগিরিতে অতিষ্ঠ হয়ে ওঠেন নবাগতরা। এদিকে বহিরাগতদের মাধ্যমে হস্টেলে মাদক পাচারেরও অভিযোগ উঠেছে।

পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে। জানানো হয়েছে, দোষীদের কোনওভাবেই রেয়াত করা হবে না। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার সঙ্গেও কোনও আপস করা হবে না। তদন্তের মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। বহিরাগতদের রোখার জন্য বহু আগে থেকে বিশ্বভারতীতে কিছু নিয়ম চালু করা হয়েছিল। নির্দিষ্ট সময়ের পর বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশের অনুমতি দেওয়াও বারণ। এরপরও কেমন করে বহিরাগতরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করতে পারেন? উঠছে প্রশ্ন।

[বাঁকুড়ায় পৈতার ভোজে বিষক্রিয়ায় অসুস্থ শতাধিক, বেশিরভাগই শিশু]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.