মনোনয়ন প্রত্যাহারে না! নাবালক ছেলে-সহ আক্রান্ত বিজেপি প্রার্থী  

ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০১৮, ১৮:০৭

options
link
মনোনয়ন প্রত্যাহারে না! নাবালক ছেলে-সহ আক্রান্ত বিজেপি প্রার্থী  

রাজা দাস, বালুরঘাট: বিজেপি প্রার্থী ও তাঁর দুই নাবালক ছেলেকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পঞ্চায়েত সমিতির আসনে মনোনয়ন প্রত্যাহারের চাপ দিতেই বিজেপি প্রার্থীর উপর এই হামলা বলে দাবি।  গঙ্গারামপুর থানার মহারাজপুর এলাকায় আক্রান্ত বিজেপি প্রার্থীর দুই ছেলে জয় চক্রবর্তী ও বিজয় চক্রবর্তী বর্তমানে বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন। হামলা থেকে বাঁচতে প্রার্থী ও তাঁর পরিবার আশ্রয় নিয়েছে বালুরঘাটের জেলা কার্যালয়ে। মনোনয়ন প্রত্যাহার শেষ না হওয়া পর্যন্ত বেশ কিছু প্রার্থী ও তাঁদের পরিবারকে দলীয় কার্যালয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা নেতৃত্ব। এদিকে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গেলেও কাউকে গ্রেপ্তার করেনি গঙ্গারামপুর থানার পুলিশ। যদিও ঘটনার কথা অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Advertisement

[দুই ছেলেকে অপহরণ করেছে আরাবুল, পুলিশ সুপারের দ্বারস্থ ভাঙড়ের নির্দল প্রার্থী]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, গঙ্গারামপুর থানার মহারাজপুর এলাকায় বাসিন্দা বিজেপি প্রার্থী শান্তা চক্রবর্তী। স্বামী বাবলু চক্রবর্তী পেশায় পুরোহিত। এবারের পঞ্চায়েত নির্বাচনে গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির ৫ নম্বর আসন থেকে বিজেপির হয়ে মনোনয়ন জমা করেছেন তিনি। অভিযোগ, তারপর থেকেই হুমকি আসতে থাকে শান্তাদেবীর বাড়িতে। চাপ দেওয়া হয় মনোনয়ন প্রত্যাহার করার জন্য। তবে সিদ্ধান্ত বদল  না করায় শান্তা চক্রবর্তীর বাড়িতে হামলা চালানো হয়। মারধর করা হয় শান্তা চক্রবর্তী ও তাঁর দুই ছেলে জয় ও বিজয়কে। আতঙ্কে ঘর ছেড়ে পালিয়ে আসেন তাঁরা। শান্তা দেবীর আঘাত সামান্য হলেও দুই ছেলের আঘাত গুরুতর।

Advertisement

দক্ষিণ দিনাজপুর বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকারের অভিযোগ, মনোনয়ন জমা দেওয়া থেকেই দলের কর্মী প্রার্থীদের উপর হামলা চালানো হচ্ছে। মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার জন্য দেওয়া হচ্ছে হুমকি। গঙ্গারামপুরের মহারাজপুরে এক প্রার্থী-সহ তিনজন আহত হয়েছেন। যার মধ্যে দু’জন বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে গঙ্গারামপুর থানার অশোকগ্রাম এলাকায় বিজেপি প্রার্থী সরস্বতী বর্মনের স্বামীকে মারধর করা হয়েছে। সেক্ষেত্রেও মনোনয়ন প্রত্যাহারের চাপ দেওয়া হয়। এছাড়া গঙ্গারামপুরের বাসিন্দা বিজেপির জেলা সহ-সভাপতি প্রদীপ সরকারের উপরও হামলা হয়। হামলার ভয়ে বহু এলাকার বিজেপি প্রার্থী ও তাঁদের পরিবার বালুরঘাটের জেলা কার্যালয়ে আশ্রয় নিয়েছেন। পাশাপাশি গঙ্গারামপুর থানার নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের ভক্তিপুর সংসদের বিজেপি প্রার্থী স্বপ্ন পোদ্দার তরফদারের কাপড় তৈরির কারখানা ও বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে দুষ্কৃতীরা। সব বিষয়ই পুলিশকে জানানো হয়েছে।

অন্যদিকে, তৃণমূল জেলা সভাপতি বিপ্লব মিত্র সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। এই ঘটনায় তৃণমূল কোনওভাবেই জড়িত নয় বলে সাফ জানিয়েছেন তিনি। মিথ্যে অভিযোগ এনে দলের ছবি নষ্ট করতেই রটনার আশ্রয় নিচ্ছে বিরোধীরা বলেও দাবি করেন তিনি।

[তৃণমূলের ‘অফিসিয়াল’ প্রার্থী কে? গোঁজ বাছতে গাঁ উজাড় কাঁকসার আমলাজোড়ায়]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.