WB Weather Update

গায়েব তীব্র গরম, ছাব্বিশের ভোটগণনার দিনেও বঙ্গে ব্যাপক ঝড়বৃষ্টির আশঙ্কা

একটানা বৃষ্টির ফলে কমছে তাপমাত্রা।

Advertisement
নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: মে ২, ২০২৬, ১৩:৩৬

options
link
গায়েব তীব্র গরম, ছাব্বিশের ভোটগণনার দিনেও বঙ্গে ব্যাপক ঝড়বৃষ্টির আশঙ্কা
দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা। ফাইল ছবি

কলকাতা-সহ রাজ্যজুড়ে চলছে টানা ঝড়বৃষ্টি। সন্ধ্যা হলেই ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে গায়েব তীব্র গরম। সপ্তাহান্তেও একইরকম আবহাওয়া জারি থাকবে বলেই খবর। রবি ও সোমবার কালবৈশাখী সম্ভাবনা। হতে পারে শিলাবৃষ্টি। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে ঝড় বৃষ্টি কমবে রাজ্যে। তারপর থেকে রাজ্যে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা। ঝড়ের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে। রবিবার থেকে ফের বাড়বে ঝড়বৃষ্টি। বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই চার জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সোমবার রাজ্যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ। ওইদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে কলকাতা-সহ হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়ায়। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবারেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা। বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা।

Advertisement

উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। রবিবার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে ঝড় বৃষ্টি কমবে। এদিকে, একটানা বৃষ্টির ফলে কমছে তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭৩ থেকে ৯৮ শতাংশ। আপাতত কয়েকদিন এমনই তাপমাত্রা থাকবে বলেই মনে করা হচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন