বৈশাখের তীব্র দাবদাহে স্বস্তি দিয়েছে কালবৈশাখী। গত দু’দিন ধরেই কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে ঝড়বৃষ্টি চলেছে সন্ধের পর থেকে। সঙ্গে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ। আপাতত এই ঝড়বৃষ্টির দাপট আরও কিছুদিন চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
হাওয়া অফিস বলছে, শুক্রবারও কলকাতায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টি হতে পারে। শুক্র ও শনিতে ঝড়বৃষ্টির পরিমাণ খানিকটা কম থাকলেও রবিবার ও সোমবার ঝড় বৃষ্টির দাপট বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। সোমবার অর্থাৎ ভোটগণনার দিন কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়।
শুক্রবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। শনিবার বৃষ্টির প্রভাব কিছুটা কমলেও রবিবার থেকে ফের বাড়বে ঝড়-বৃষ্টি। বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা।
বঙ্গোপসাগরের উপকূল সংলগ্ন এলাকায় এখনও মাঝেমধ্যে ঝোড়ো হাওয়া বইছে। ফলে সমুদ্র উত্তাল। আগামী সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার-এই তিন জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা।
ঝড়বৃষ্টির কারণে একধাক্কায় অনেকটা কমেছে তাপমাত্রার পারদ। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৬.৩ ডিগ্রি কম। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৭.৪ ডিগ্রি কম।
সর্বশেষ খবর
-
‘কারও নামে বদনাম করিনি’, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই নেতাজি নিয়ে সুরবদল অনন্ত মহারাজের
-
ইউক্রেনের ব্যাঙ্কের সঙ্গে বিবাদ! যুদ্ধের মাঝে রাশিয়ায় বড় দায়িত্বে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি
-
‘সময় ঠিক করুন, সব প্রশ্নের জবাব দেব’, স্পিকারকে চিঠি দিয়ে বিরোধীদের পালটা চাপ শাহের
-
খোঁচা খাওয়া বাঘের মতো প্রত্যাবর্তন! কুয়েতের দলকে উড়িয়ে এসিএল টু-র মূল পর্বে ইস্টবেঙ্গল
-
‘শাহী’ বৈঠকে রফাসূত্র, কুড়মালি ভাষা অষ্টম তফসিলে অন্তর্ভুক্তিতে সবুজ সংকেত!