নেশায় আসক্ত থেকে সফল ক্রিয়েটর! গেরুয়া যোগ বিতর্কে বিদ্যুৎ-ইতির সাফাই, ‘বিজেপিকে ভোট দিতে বলিনি’
বাংলার ভোটে বিজেপির খরচের তালিকা প্রকাশ্যে আসতেই আতসকাচের নিচে ইতি-বিদ্যুৎ।
বিষয়টা নিয়ে চর্চা চলছে সব মহলে। দর্শকদের বোকা বানানো হয়েছে, এমন অভিযোগও উঠছে। এই পরিস্থিতিতে এবার সোশাল মিডিয়ায় গোটা ঘটনার ব্যাখ্যা দিল 'ক্যান্ডিড ক্যালি'। তাঁদের যুক্তি, বিজেপির তরফে তাঁদের কিছু প্রকল্পের কথা বলা হয়েছিল। জানানো হয়েছিল, বিজেপি ক্ষমতায় এলে সেগুলো বাস্তবায়িত করা হবে। সেই তথ্যই তাঁরা মানুষের সামনে তুলে ধরেছেন। তাঁদের সাফ কথা, "কাউকে বলিনি বিজেপিকে ভোট দিতে।"
আরও পড়ুন:
চলুন এই বিতর্কের মাঝেই দেখে নেওয়া যাক কীভাবে কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা শুরু করেছিলেন বিদ্যুৎ ও ইতি? জানা গিয়েছে, একটা সময়ে পড়াশোনার জন্য বাড়ি থেকে দূরে কলকাতায় চলে আসেন বিদ্যুৎ। সেই সময় জীবনে এসেছিল প্রেম। তিনি এতটাই প্রেমিকার প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন যে রেজাল্ট খারাপ হতে শুরু করে। কিন্তু সেই প্রেমও থাকেনি। প্রেমিকা ছেড়ে যাওয়ার পর ক্রমশ নেশায় ডুবে যেতে থাকেন তিনি।
একটি সাক্ষাৎকারে বিদ্যুৎ জানিয়েছেন, তিনি নাকি টানা ৪-৫ দিনও ঘুমিয়ে থাকতেন। পরিবারের তরফে ফোন করা হলে ধরতেন না। সবমিলিয়ে একটা অন্য জগতে চলে গিয়েছিলেন তিনি। এদিকে ইতি জানান, পড়াশোনার প্রতি কোনওদিনই আগ্রহ ছিল না তাঁর। বরং সৃজনশীল কাজ তাঁকে টানত। ২০১৮ সালে বিদ্যুতের পরিকল্পনাতেই ভিডিও করা শুরু করেন তাঁরা দুজনে।
সময় যত এগিয়েছে, মানুষের ভালোবাসা বেড়েছে, ততই বেড়েছে দায়িত্ব। দর্শকদের জন্য দিনভর পরিশ্রম করেছেন ইতি-বিদ্যুৎ। একটি সাক্ষাৎকারে ইতি জানান, তাঁরা দিনে ১০ ঘণ্টারও বেশি সময় কাজ করেন। তবে তাতেও যদি কাজ নিয়ে সন্তুষ্টি না আসে তাহলে হাল ছাড়েন না কখনই। অর্থাৎ কাজ নিয়ে তাঁরা ভীষণ সিরিয়াস। স্বাভাবিকভাবেই তাঁদের কাজও দর্শকদের ভীষণ পছন্দ।
আরও পড়ুন:
তবে সদ্য বাংলার ভোটে বিজেপির খরচের তালিকা প্রকাশ্যে আসতেই আতসকাচের নিচে ইতি-বিদ্যুৎ। তাঁরা সাফাই দিলেও তাতে খুব একটা খুশি নন ফলোয়াররা। কমেন্ট বক্সে অধিকাংশই বিদ্রুপ করেছেন। কেউ লিখেছেন, 'সবাই একই দিনে ক্ল্যারিফিকেশন দিচ্ছে? স্ক্রিপ্ট গুলো কারা লিখে দিচ্ছে?'। কেউ লিখছেন, 'অনেক পাতার ইংরেজি তো। এত সময় নাই পড়ার। তোমরা নির্দোষ মেনে নিলাম।' কারও খোঁচা, 'ইংরাজিতে যখন বলছ তখন ঠিকই বলছো!'