‘সোনার ছেলে’ নীরজ থেকে মডেল শেহনাজ, ধর্ষণের অভিযোগে বিদ্ধ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী দেশের একঝাঁক তারকা
সবমিলিয়ে সাতটি অলিম্পিক পদক এনেছেন এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা। মাত্র ২০ বছর বয়সি বিশ্ববিদ্যালয় থেকে উঠে এসেছেন একঝাঁক তারকা।
২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি। পরের বছর থেকে সেখানে পঠনপাঠন শুরু হয়। প্রথম থেকেই স্রেফ প্রথাগত পড়াশোনা নয়, অন্যধারার কোর্স করিয়ে নজরে উঠে এসেছিল এই বিশ্ববিদ্যালয়। ফ্যাশন ডিজাইন থেকে শুরু করে টুরিজম-নানা ধরণের শিক্ষা দেওয়া হয় সেখানে। দেশ এবং বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলির তালিকাতেও যথেষ্ট উপরের দিকে রয়েছে এলপিইউ। তার অন্যতম কারণ হল রত্নখচিত প্রাক্তনী তালিকা।
আরও পড়ুন:
প্রাক্তনীদের তালিকায় সবচেয়ে উজ্জ্বল নাম নীরজ চোপড়া। অলিম্পিক-বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জিতে গোটা দেশকে গর্বিত করেছেন ভারতের সোনার ছেলে। তিনি এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন। স্ত্রী হিমানি মোরের সঙ্গেও বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েই আলাপ হয় নীরজের। তাঁর নামে ক্যাম্পাসে একটি রাস্তাও রয়েছে, যার দৈর্ঘ্য ৮৭.৫৮ মিটার, যে দূরত্বে জ্যাভলিন ছুড়ে অলিম্পিকে সোনা জেতেন নীরজ। তাঁকে বহুবার পুরস্কৃতও করেছে বিশ্ববিদ্যালয়।
অলিম্পিকে রুপোজয়ী মীরাবাই চানু এখনও এলপিইউর পড়ুয়া। মনস্তত্ব নিয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়ছেন তিনি, ডিসট্যান্সে। মাঝেমধ্যেই বিশ্ববিদ্যালয়ের নানা ভিডিওতে চানুকে দেখা যায়। ভারত্তোলন সামলে পড়াশোনা করার সুযোগ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একাধিকবার ধন্যবাদ জানিয়েছেন মণিপুরি কন্যা। অলিম্পিকে ব্রোঞ্জজয়ী কুস্তিগির বজরং পুনিয়াও এই বিশ্ববিদ্যালয় থেকেই স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। হকিতে জোড়া অলিম্পিক ব্রোঞ্জজয়ী মনপ্রীত সিংও এই বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন।
বিগ বস থেকে রুপোলি পর্দা কাঁপানো শেহনাজ গিল বিকম পাশ করেছেন লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি থেকে। কেরিয়ার তৈরিতে বিশ্ববিদ্যালয়ের অবদানের কথাও হামেশাই শোনা যায় 'পাঞ্জাবি কুড়ি'র মুখে। পাঞ্জাবি সিনেমার পরিচিত মুখ শেহনাজ জাতীয় স্তরের দর্শকদের কাছেও যথেষ্ট সমাদৃত। এছাড়াও বিখ্যাত স্টার্টআপ দিগন্তরের প্রতিষ্ঠাতা অনিরুদ্ধ শর্মা, ProjectX.cloud স্টার্টআপের প্রতিষ্ঠাতা রৌনক অধিকারীও পড়েছেন এই বিশ্ববিদ্যালয়ে।
আরও পড়ুন:
অশোক কুমার মিত্তল প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন হচ্ছে মাত্র ২০ বছর ধরে। ইতিমধ্যেই এলপিউ থেকে পড়াশোনা করে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় ৬৬ র্যাঙ্ক করেছেন সাগর শেটিয়া। এছাড়াও এলপিইউ থেকে পাশ করে বহু প্রাক্তনী নিজের কেরিয়ার গড়েছেন নানা পেশায়। সেকারণেই বহু অভিভাবক সন্তানদের পড়তে পাঠাচ্ছেন এমন এক বিশ্ববিদ্যালয়ে, যেখানে সবমিলিয়ে সাতটি অলিম্পিক পদক রয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের দেশীয় র্যাঙ্কিংয়ে ৪৯তম স্থানে রয়েছে এলপিইউ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্রমতালিকায় তাদের স্থান ৩১ নম্বরে। এছাড়াও নানা কোর্সের তালিকায় প্রথম পঞ্চাশে রয়েছে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি। ফলে পড়ুয়াদের মধ্যে এই বিশ্ববিদ্যালয় যথেষ্ট জনপ্রিয়। সেখানেই এবার ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। তার চেয়েও বেশি বিতর্ক হচ্ছে গোটা ঘটনায় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। অভিযোগ, গোটা বিষয়টি ধামাচাপার চেষ্টা চলছে।
যে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞাপনে নীরজ চোপড়াকে দেখা যায়, মীরাবাই চানুর মুখ দেখে যে বিশ্ববিদ্যালয়ে একবুক স্বপ্ন নিয়ে পড়তে যায় কিশোরীরা-সেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এহেন আচরণ? প্রশ্ন উঠছে শিক্ষামহলে। একই সময়ে প্রশ্ন উঠছে, ধর্ষণের পর আত্মঘাতী পড়ুয়াটি সুবিচার পাবে তো? নাকি সাফল্যের জৌলুসে চাপা পড়ে যাবে অন্যায়?