সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ দিন হয়ে গেল হাসপাতালের বিছানায় লড়ছেন ঐন্দ্রিলা। সংকট এখনও কাটেনি অভিনেত্রীর। হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, শুক্রবার ফের জ্বর এসেছে ঐন্দ্রিলার। এখনও তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনেই। ফের জ্বর আসায় কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন চিকিৎসকরা।
ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে প্রায় ১০ দিন ধরে হাওড়ার বেসরকারি হাসপাতালে ভরতি ঐন্দ্রিলা। তার ছায়াসঙ্গী হয়ে সেখানে রয়েছেন সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। গত সোমবার ফেসবুক পোস্টে সব্যসাচী জানিয়েছিলেন, ভেন্টিলেশন থেকে বেরিয়ে আসতে পেরেছেন ঐন্দ্রিলা। আগের থেকে তাঁর শ্বাসক্রিয়া অনেকটাই স্বাভাবিক হয়েছে, রক্তচাপও মোটামুটি স্বাভাবিক। জ্বরও কমেছে। সব্যসাচীর এই পোস্টে কিছুটা স্বস্তির খবর পেয়েছিল ঐন্দ্রিলার অনুরাগীরা। তবে বুধবার ফের ঐন্দ্রিলার শরীরে সংক্রমণ ধরা পড়ে।

[আরও পড়ুন: অর্জুনকে বিয়ে নয়, অন্য বিষয়ে রাজি! নতুন পোস্টে গুঞ্জনে ইতি টানলেন মালাইকা]
এর মধ্যেই আবার ঐন্দ্রিলাকে নিয়ে ভুয়ো খবর ছড়িয়েছিল। তাতে ক্ষিপ্ত হয়ে ফেসবুক পোস্টে সব্যসাচী লিখেছিলেন, “আমার আজকাল কিছুই লিখতে ইচ্ছা করে না, কিন্তু আজ কিছু মানুষের বর্বরতার নমুনা দেখে লিখতে বাধ্য হলাম। ইউটিউবের কল্যাণে কয়েকটা ভুয়ো ভিডিও আর ফেক থাম্বনেল বানিয়ে পয়সা রোজগার করা অত্যন্ত ঘৃণ্য মানসিকতার কাজ বলে আমি মনে করি, সেটা যে ওর বাড়ির লোকের মনে কেমন প্রভাব ফেলে তা হয়তো আপনারা বুঝবেন না। আমার চোখে ওর স্বাস্থ্যের অবনতি ঘটেনি, অবনতি ঘটেছে মানবিকতার।” এরপরই আবার ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকের অভিনেতা লেখেন, “‘ভাল আছে’ বলতে আমার ভয় লাগে, কিন্তু ঐন্দ্রিলা আছে। প্রচণ্ডভাবে আছে। আমার সামনে শুয়ে থেকেও হয়তো কয়েক সহস্র মাইল দূরে আছে কিন্তু ঠিক ফিরে আসবে। ওর একা থাকতে বিরক্ত লাগে।”

কালার্স বাংলার ‘ঝুমুর’ ধারাবাহিকের মাধ্যমে বাংলা টেলিভিশনের জগতে নিজের অভিনয় সফর শুরু করেন ঐন্দ্রিলা। স্টার জলসার ‘জীবন জ্যোতি’ ধারাবাহিকেও মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। সান বাংলার ‘জিয়ন কাঠি’ ধারাবাহিকে অভিনয় করেন তুলির ভূমিকায়। বহুদিন ধরেই ক্যানসারের সঙ্গে পাঞ্জা লড়ছেন। একবার নয় দু-দু’বার মারণ রোগ থাবা বসিয়েছে তাঁর শরীরে। দু’বারই ক্যানসারকে হার মানিয়েছেন অভিনেত্রী।
[আরও পড়ুন: তথ্য ভুল, ভাবমূর্তি নষ্টের চেষ্টা!, বাঙালি পরিচালকের ‘দ্য কেরল স্টোরি’ ছবি নিয়ে তুমুল বিতর্ক কেরলে ]
সর্বশেষ খবর
-
তিনের পাল্টা চার! বিধানসভায় বিল উত্তেজনার মাঝে ‘খেলা ভাঙার খেলা’য় মাতল ‘দুই’ তৃণমূল
-
দাদা সৌরভের টিপসই ব্রহ্মাস্ত্র! ‘দাদাগিরি’র সেটে পা রেখেই কী জানালেন দেব?
-
রাস্তা আটকে একুশের মঞ্চের মাপজোক, দোলা-কুণালদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর
-
জামিনে বাড়ি ফিরতেই বিবাদ! খাস কলকাতায় ‘খুনে’র অভিযোগে গ্রেপ্তার দম্পতি
-
বিশ্বকাপে হেরেও অলিম্পিকের টিকিট স্মৃতিদের, এখনও অনিশ্চিত শ্রেয়সরা, কী মাপকাঠি জানাল আইসিসি?