সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময় রায়নার ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ শোয়ে যৌনগন্ধী মন্তব্য করাই কাল! বিগত দু’ মাস ধরে লাগাতার চর্চার শিরোনামে রণবীর এলাহাবাদিয়া। মা-বাবাকে নিয়ে চটুল রসিকতা করার জেরে সভ্য সংস্কৃতির গায়ে আঁচড় কাটার অভিযোগে অভিযুক্ত তিনি! ব্যাপক হারে মাশুলও গুনতে হয়েছে রণবীরকে। যার প্রভাব পড়েছে তাঁর ভাবমূর্তির পাশাপাশি শারীরিক এবং মানসিক স্বাস্থ্যেও। এলাহাবাদিয়া নিজেই জানালেন, ঘটনার পর তাঁর জীবন কতটা বদলে গিয়েছে।
বুধবার ইনস্টাগ্রামে প্রশ্নোত্তর পর্ব শুরু করেন বিতর্কিত এই পডকাস্টার। সেখানেই কৌতূহলী ভক্তদের প্রশ্নের জবাবে রণবীর জানান, “টাকাপয়সা, মানসিক স্বাস্থ্য, কাজের সুযোগ, শান্তি, মান-সম্মান … সর্বস্ব খুইয়েছি। তবে এই ঘটনার পর আমার জীবনে অনেকে পরিবর্তনও এসেছে। আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটেছে। ভাবনাচিন্তা বদলেছে। আগের থেকে এখন অনেক বেশি শক্ত আমি। যা কিছু হারিয়েছি, চেষ্টা করব ধীরেসুস্থে সেগুলো যেন ফিরে পাই। আমার কাজের মাধ্যমেই সব উত্তর দেব।” এই ঘটনার সময়ে একটা বড় ভয় কাজ করত তাঁর মনে। রণবীর জানিয়েছেন, “আমার ভুলের জন্য আমার টিমের সদস্যদের পরিবারকে ভুগতে হচ্ছে। মানুষ বোঝেনি যে, কত লোকের চাকরির উপর খাঁড়ার ঘা ঝুলছিল। তড়িৎ গতিতে আমার পাশাপাশি আমার টিমের সদস্যদের কেরিয়ারও নষ্ট হতে বসেছিল। এই সময়টা আমাকে মানুষ চেনাতে শেখাল। জনতা আসলে লোকের পতন দেখে উল্লাস করে। তবে এসবের মাঝেই আমরা এগিয়ে যাব। আমি এখনও একশো শতাংশ সেরে উঠতে পারিনি। তবে আমার সর্বস্ব দিতে হচ্ছে কারণ অনেকের রুটিরুজি আমার কাজের উপর নির্ভর করে।”
পরিবারের উপর কতটা প্রভাব পড়েছিল? এপ্রসঙ্গে এলাহাবাদিয়ার মন্তব্য, “আমার পরিবারের উপর দিয়ে যা গিয়েছে, সেটা আমাকে সবথেকে বেশি দুঃখ দিয়েছিল। আসলে নিজের কর্মকাণ্ড যখন প্রিয়জনদের জীবনে প্রভাব ফেলে, তখন সত্যিই কষ্ট হয়। তবে আমার মা-বাবা দু’জনেই যোদ্ধা। ওঁদের থেকেই আমি এমন যোদ্ধার মতো মননশক্তি পেয়েছি। অবশ্যই এরকম পরিস্থিতি কঠিন ছিল, কিন্তু আমরা সেটা কাটিয়ে উঠছি।”
একটা বিতর্কিত মন্তব্যের জেরেই রাতারাতি বদলে গিয়েছে রণবীর এলাহাবাদিয়ার জীবন! মা-বাবার যৌনতা নিয়ে ইউটিউবারের অশ্লীল রসিকতায় চটেছিল গোটা দেশ। একের পর এক কটাক্ষাবাণে হু হু করে কমে গিয়েছিল এলাহাবাদিয়ার সাবস্ক্রাইবারের সংখ্যাও। ছিছিক্কার পড়ে যায় সর্বত্র। ‘ভারতীয় সংস্কৃতি’, ‘পারিবারিক পরম্পরা ও ঐতিহ্য’কে অসম্মান করার অভিযোগে ইউটিউবারের বিরুদ্ধে অসম থেকে মহারাষ্ট্রের একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছিল। পড়তে হয়েছে জাতীয় মহিলা কমিশনের জেরার মুখেও। এবার ইউটিউবার হিসেবে প্রত্যাবর্তন করার পরও সেই বিতর্কের রেশ থামেনি। সম্প্রতি তাঁর বিরুদ্ধে পুলিশকে অসহযোগিতা করার অভিযোগ উঠেছিল। এবার মহারাষ্ট্র সাইবার সেলের তরফে চার্জশিট পেশ করার আগে রণবীর এলাহাবাদিয়া নিজেই জানিয়ে দিলেন যে, তিনি ‘সর্বস্বান্ত’।
সর্বশেষ খবর
-
কিডনির যত্নে গরিব-মধ্যবিত্তের নবদিশা, শম্পা বোসের স্মৃতিতে যাত্রা শুরু নয়া হাসপাতালের
-
সন্তান হারানোর তিনদিন পরেই শেষ বিশ্বকাপ স্বপ্ন! নিয়তির পরিহাসে কান্নায় ভাঙলেন গাকপো
-
‘স্যাটাভাঙা মার’ মন্তব্যের জেরে হুমায়ুনকে হাজিরার নির্দেশ পুলিশের, কী বলছেন বিধায়ক?
-
তহবিল মামলায় ধাক্কা কালীঘাট তৃণমূলের, দ্রুত শুনানির আর্জি খারিজ হাই কোর্টে
-
বেতনের নথি সইয়ে অনীহা প্রশাসকদের! পরিচালন সমিতি ভাঙায় সমস্যায় স্কুলের পার্শ্বশিক্ষকরা