Nora Fatehi

‘একা হয়ে পড়েছিলাম’, ইডি তলব প্রসঙ্গে বলতে গিয়ে কেঁদে ভাসালেন নোরা

'ঠগবাজ' সুকেশের সঙ্গে নাম জড়ানোয় ইডি তলব করে তাঁকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৭, ২০২৬, ০০:১৬

options
link
‘একা হয়ে পড়েছিলাম’, ইডি তলব প্রসঙ্গে বলতে গিয়ে কেঁদে ভাসালেন নোরা
অভিনেত্রী নোরা ফতেহি। ছবি: ইনস্টাগ্রাম

বলিউডের বোল্ড অভিনেত্রী। বিদেশিনী হয়েও ভারতীয় আইটেম সংয়ে আগুন ঝরান তিনি। নোরার সৌন্দর্য, ফিটনেস, অভিনয়, নাচ দর্শকদের মুগ্ধ করেছে। আবার বিতর্কও কম কিছু নেই। তবে ‘ঠগবাজ’ সুকেশের সঙ্গে নাম জড়িয়ে ইডি তলবের মুখোমুখি হওয়ার তিক্ত অভিজ্ঞতার কথা এখনও ভুলতে পারেননি নোরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে বলতে গিয়ে কেঁদে ফেলেন অভিনেত্রী।

Advertisement

২০০ কোটি টাকার তোলাবাজি ও আর্থিক তছরুপের মামলায় জেলে যেতে হয় সুকেশ চন্দ্রশেখরকে। তাঁর সঙ্গে নাম জড়ায় নোরার। সুকেশের পারিবারিক অনুষ্ঠানে দেখা করা এবং গাড়ি-সহ নানা উপহার নেওয়ার ঘটনায় আঙুল ওঠে অভিনেত্রীর দিকে। আর সে কারণে একসময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আঁতশকাচের নিচে চলে আসেন অভিনেত্রী। তিনি বলেন, “ওই সময়টা কোনওদিন ভুলতে পারব না। আমি সত্যিই কারও থেকে কোনও সাহায্য পাইনি। কীভাবে ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসব, তা বুঝতে পারছিলাম না। খুব ভেঙে পড়েছিলাম। যেন আতঙ্ক গ্রাস করেছিল আমাকে। বড্ড একা হয়ে গিয়েছিলাম।” সুকেশের থেকে সত্যি কি গাড়ি এবং নানা দামি উপহার নিয়েছিলেন অভিনেত্রী? নোরার যদিও দাবি, সেই সময় তিনি সুকেশের আসল রূপ জানতেন না।

Advertisement

ইডি তলবের প্রভাব শুধু যে ব্যক্তিগত জীবনে পড়ে তা নয়। কর্মজীবনেও তার কুপ্রভাব পড়ে। নোরা জানান, সুকেশের সঙ্গে নাম জড়ানোয় একাধিক বিজ্ঞাপন এবং সংস্থার কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। একের পর এক কাজ হাতছাড়া হওয়ায় মানসিক অবসাদ যেন ঘিরে ধরেছিল অভিনেত্রীকে। প্রায় দু’বছর ধরে এই যন্ত্রণা ভোগ করতে হয়েছে নোরাকে। তাই স্বাভাবিকভাবে সুকেশের সঙ্গে নাম জড়ানোর কথা মনে পড়লে আজও যেন শিউরে ওঠেন অভিনেত্রী।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.