সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সিনেদুনিয়ায় বড় দুঃসংবাদ। চলতি সপ্তাহে একের পর এক তারকার মৃত্যু হয়েছে। এবার প্রয়াত বাংলা সিনেমার স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেতা অমরনাথ মুখোপাধ্যায়। অভিনেতা জয়জিৎ মুখোপাধ্যায়ের ফেসবুক পোস্টে তাঁর প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া টলিউডে। আর্টিস্ট ফোরামের তরফেও শোকপ্রকাশ করা হয়েছে।
দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন অমরনাথ মুখোপাধ্যায়। বৃহস্পতিবার মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ২০০৫ সাল থেকেই মুম্বইয়ে ছেলে চন্দ্রদীপ মুখোপাধ্যায়ের কাছে থাকতেন বর্ষীয়ান অভিনেতা। সংবাদমাধ্যমের কাছে বাবার মৃত্যুসংবাদ নিশ্চিত করেছেন তিনি। শুক্রবার মায়ানগরীতেই অমরনাথের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
[আরও পড়ুন: ফিল্মি দুনিয়ায় ফের দুঃসংবাদ! হোটেলের ঘর থেকে মিলল পরিচালকের নিথর দেহ]
বাংলা সিনেমার স্বর্ণযুগে বহু সিনেমায় অভিনয় করেছেন অমরনাথ মুখোপাধ্যায়। কখনও নেতিবাচক চরিত্রে আবার কখনও বা ইতিবাচক ভূমিকায় দর্শকদের মন কেড়েছেন তিনি। উত্তম-সুচিত্রা থেকে সৌমিত্র চট্টোপাধ্যায় সকলের সঙ্গেই অভিনয় করেছেন অমরনাথ। বসন্ত বিলাপ থেকে ‘মৌচাক’, ‘স্বয়ংসিদ্ধা’, ‘কুহেলি’ বহু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন অভিনেতা।
হিন্দি সিনেদুনিয়াতেও অমরনাথের সুখ্যাতি ছিল। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর শিকে ছিঁড়েছিল যদিও উত্তম কুমারের হাত ধরে। অমানুষ ছবিতে উত্তমের পরামর্শেই অমরনাথকে কাস্ট করেন পরিচালক শক্তি সামন্ত। হিন্দি ও বাংলা সিনেমার অতি পরিচিত মুখ হলেও লাইমলাইটের আড়ালে ছিলেন তিনি। এবার ৯০ বছর বয়সে নিঃশব্দেই চলে গেলেন অমরনাথ মুখোপাধ্যায়।
[আরও পড়ুন: মর্মান্তিক! হবু বরের সঙ্গে ট্যুরে গিয়ে মৃত্যু অভিনেত্রী বৈভবীর, কান্নার রোল বাড়িতে]
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর