Kiara Advani Met Gala 2025

প্রথমবার ‘মেট গালা’য় কিয়ারা আডবানি, বেবি বাম্প নিয়েই লাল গালিচা মাতাবেন বলিউডের হবু মা

প্রিয়াঙ্কা, দীপিকা-আলিয়ার পর এবার 'মেট গালা'য় কিয়ারা আডবানি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৫, ১৯:১৬

options
link
প্রথমবার ‘মেট গালা’য় কিয়ারা আডবানি, বেবি বাম্প নিয়েই লাল গালিচা মাতাবেন বলিউডের হবু মা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কান ফিল্ম ফেস্টিভ্যালের লাল গালিচায় হেঁটে ২০২৪ সালেই নজর কেড়েছিলেন কিয়ারা আডবানি। এবার দুনিয়া কাঁপানো ফ্যাশন ইভেন্ট ‘মেট গালা’য় অভিষেক ঘটতে চলেছে বলিউড নায়িকার। মাস দুয়েক আগেই মা হওয়ার কথা জানিয়েছেন কিয়ারা। অন্তঃসত্ত্বা হলেও কাজ থেকে বিরতি নেই নায়িকার। বরং গর্ভাবস্থা এবং কাজ সমানতালে উপভোগ করছেন তিনি। এমন আবহেই শোনা গেল, এবার ‘মেট গালা’র (Met Gala 2025) রেড কার্পেটে হাঁটবেন কিয়ারা আডবানি।

Advertisement

নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্ট হয়। বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলদের দেখা যায় এখানে। এর আগে মেট গালায় হেঁটে নজর কেড়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটরা। এবার সেই তালিকাতেই নবতম সংযোজন হতে চলেছে কিয়ারা আডবানির (Kiara Advani) নাম। পশ্চিমী বিনোদুনিয়ায় পা না রাখলেও তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত মন্দ নয়। গতবছর রেড সি ফিল্ম ফাউন্ডেশনের তরফে কানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন কিয়ারা। আন্তর্জাতিক সিনেদুনিয়ায় ভারতের ভবিষ্যৎ কীরকম? সেপ্রসঙ্গে নিজের মতামত ব্যক্ত করেছিলেন অভিনেত্রী। এবার তাঁর মেট গালা অভিষেক হতে চলেছে।

Advertisement

Mom to be Kiara Advani’s skincare tips

Advertisement

২০২৫ সালের ‘মেট গালা’ অনুষ্ঠিত হতে চলেছে ৫ মে। প্রতীক্ষিত সেই মেগা ফ্যাশন অনুষ্ঠানেই যোগ দেবেন অন্তঃসত্ত্বা কিয়ারা। মাসখানেকের মধ্যেই ভূমিষ্ঠ হতে চলেছে সন্তান, তার প্রাক্কালেই অভিনেত্রীর এহেন পদক্ষেপ নিঃসন্দেহে ‘সাহসী’, তা আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না। মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টস কস্টিউম ইনস্টিটিউট ফেব্রুয়ারি মাসেই চলতি বছরের মেট গালার থিম প্রকাশ করেছে। এই প্রথমবার কৃষ্ণাঙ্গ ডিজাইনারদের সম্মান জানিয়ে ‘সুপারফাইন: টেইলারিং ব্ল্যাক স্টাইল’ সাজপোশাকে লাল গালিচায় ধরা দেবেন তারকারা। বিশেষ নজর থাকবে পুরুষদের পোশাকের উপর। যা দুই দশকেরও বেশি সময় ধরে ফ্যাশন দুনিয়ার আলোচনায় ব্রাত্য। অতঃপর মেট গালায় অংশ নেওয়া কিয়ারার কেরিয়ারেও নতুন মাইলস্টোন যোগ করতে চলেছে। গতবছর আলিয়া ভাট সব্যসাচীর ডিজাইন করা পোশাকে তাক লাগিয়েছিলেন। এবার অবশ্য নায়িকা থাকবেন কিনা, তা জানা যায়নি। তবে রেড কার্পেটে অন্তঃসত্ত্বা কিয়ার আডবানির দিকে যে স্পটলাইট থাকবে, তা বলাই বাহুল্য।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.