Operation Sindoor Film

যুদ্ধ আবহে ‘অপারেশন সিঁদুর’ ছবির ঘোষণায় বিতর্ক তুঙ্গে! ক্ষমা চেয়ে পোস্টার ডিলিট করলেন নির্মাতারা

'যুদ্ধ পরিস্থিতিতেও ব্যবসার চিন্তা!' কটাক্ষে কী বললেন পরিচালক?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৫, ১৩:৫৮

options
link
যুদ্ধ আবহে ‘অপারেশন সিঁদুর’ ছবির ঘোষণায় বিতর্ক তুঙ্গে! ক্ষমা চেয়ে পোস্টার ডিলিট করলেন নির্মাতারা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে যুদ্ধ জিগিরে ‘অপারেশন সিঁদুর’ ছবির ঘোষণা করে একপ্রকার ‘খাল কেটে বিতর্ককে ডেকে এনেছে’ নিকি ভিকি ভাগনানি ফিল্মস এবং দ্য কন্টেন্ট ইঞ্জিনিয়ার নামে বলিউডের দুই প্রযোজনা সংস্থা। এমন উত্তপ্ত আবহে সিনেমার পোস্টার রিলিজ করায় কার্যত ‘মুখ পুড়েছে’ তাঁদের! যার জেরে নির্মাতাদের ‘লোভী, স্বার্থপর, নির্লজ্জ’ বলে ক্ষোভ উগড়ে দিচ্ছে নেটপাড়া। বিতর্ক তুঙ্গে উঠতেই এবার ক্ষমা চেয়ে সিনেমার পোস্টার সোশাল মিডিয়া থেকে তুলে নিলেন পরিচালক উত্তম মাহেশ্বরী।

Advertisement

ভারতীয় নারীদের সিঁথির সিঁদুর মুছে ফেলার বদলা ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রত্যাঘাতের কাহিনি বলিউডের পর্দায় ফুটিয়ে তুলতে যে প্রযোজক-পরিচালকরা মরিয়া, সে খবর দিন দুয়েক আগেই পাওয়া গিয়েছিল। কমপক্ষে পনেরোটি বলিউড প্রযোজনা সংস্থার তরফে ‘অপারেশন সিঁদুর’ নামটি রেজিস্টার করা হয়েছে। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের সভাপতি বিএন তিওয়ারি খোদ একথা জানিয়েছিলেন ৮ মে। আর তার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই যৌথ উদ্যোগে সিনেমার পোস্টার প্রকাশ্যে নিয়ে এসেছে নিকি ভিকি ভাগনানি ফিল্মস এবং দ্য কন্টেন্ট ইঞ্জিনিয়ার। যে ছবির পরিচালনা করবেন উত্তম মাহেশ্বরী এবং নিতিন কুমার গুপ্তা। শুক্রবার রাতে ‘অপারেশন সিঁদুর’ সিনেমার পোস্টার ফাঁস করেছেন তাঁরা। আর সেই পোস্টার দেখেই বেজায় চটেছে নেটপাড়ার একাংশ। দেশে যুদ্ধের আবহে তড়িঘড়ি পোস্টার প্রকাশ্যে নিয়ে এসে বেজায় বিপাকে পড়েছেন দুই পরিচালক। নেটপাড়ায় নিন্দা, কটাক্ষের ঝড়। এবার সেপ্রসঙ্গেই মুখ খুললেন উত্তম মাহেশ্বরী।

Advertisement

Advertisement

পরিচালকের কথায়, “ভারতীয় সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক বীরত্বের নিদর্শনে অনুপ্রাণিত হয়ে ‘অপারেশন সিঁদুরে’র উপর ভিত্তি করে একটি সিনেমার ঘোষণা করেছিলাম। তবে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারও অনুভূতিতে আঘাত করা বা কাউকে উসকে দেওয়ার অভিপ্রায় আমার ছিল না। একজন পরিচালক হিসেবে দেশের সেনাজওয়ানের ত্যাগ, দুঃসাহস, বীরত্বের কাহিনির উপর আলোকপাত করতে চেয়েছিলাম মাত্র। দেশের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতেই এই প্রচেষ্টা ছিল, নিজস্ব যশ-খ্যাতি অর্জনের জন্য নয় কিংবা টাকা কামানোর জন্য নয়। তবে এমন সংবেদনশীল সময়ে হয়তো আমার পোস্টার কারও কাছে অস্বস্তির কারণ হয়ে উঠেছে। এর জন্য, আমি গভীরভাবে দুঃখিত। ক্ষমা চাইছি।”

প্রসঙ্গত পোস্টার রিলিজের পরই নির্মাতাদের কাণ্ডজ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। কারও মন্তব্য, ‘জনসমক্ষে বলিউড তারকাদের প্রতিবাদ করার সাহস না থাক, তবে এসব ঘটনা নিয়ে সিনেমা বানিয়ে টাকা কামানোর বেলায় আছে।’ আবার কারও কটাক্ষ, ‘দেশের সেনাবাহিনী যখন সীমান্তে প্রতিনিয়ত লড়ে যাচ্ছে, তখন এরা সুযোগ বুঝে মুনাফা লুটছে।’ আবার কেউ সরাসরি ‘নির্লজ্জ, লোভী’ বলে কটাক্ষ করলেন। কেউ বা আবার এরকম গুরুগম্ভীর বিষয়ের উপর নির্মিত সিনেমার পোস্টার AI দিয়ে বানানোর বেজায় খেপেছেন। কারও বা কটাক্ষ, ‘নির্লজ্জতার সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছে এরা।’ সবমিলিয়ে ‘অপারেশন সিঁদুর’ সিনেমার পোস্টার বর্তমানে চর্চার শিরোনামে। বিপাকে পড়ে সিনেমার পোস্টার সরাতে হল নির্মাতাদের।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.