Salman Khan on CJP Protest Delhi

‘আন্দোলন নিয়ে রাজনীতি নয়’, ছাত্রদের পাশে দাঁড়িয়েও সতর্কবাণী সলমনের, এখনও চুপ শাহরুখ-আমিররা

'এমন সময় আসুক যখন বিদেশ থেকে মানুষ ভারতে আসবে পড়াশোনার জন্য', ছাত্রজীবনের ছবি দিয়ে 'ককরোচ'দের পাশে সলমন খান। মৌন তারকাদের ভিড়ে 'টাইগার অভি জিন্দা হ্যায়', বলছে নেটভুবন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৩, ২০২৬, ১৫:৪০

options
link
‘আন্দোলন নিয়ে রাজনীতি নয়’, ছাত্রদের পাশে দাঁড়িয়েও সতর্কবাণী সলমনের, এখনও চুপ শাহরুখ-আমিররা
'পড়ুয়াদের আন্দোলন নিয়ে রাজনীতি করবেন না', 'ককরোচ' সমর্থনে সরব সলমন খান

দেশের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষাব্যবস্থা সুনিশ্চিত করতে দিল্লির রাজপথে যখন আন্দোলনরত শিক্ষার্থীরা বিনিদ্র রজনী কাটাচ্ছে, তখন ঠান্ডাঘরে বসে সেলেবমহল কি ‘তামাশা’ দেখছেন? বিগত কয়েক দিন ধরেই প্রশ্নের মুখে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথমসারির তারকাদের একাংশ। ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থনে মুখ না খোলায় কটাক্ষ, সমালোচনার শিকার হতে হয়েছে একাধিক তারকাকে। সেই তালিকায় খান-কাপুর, বচ্চনদের অনেকেই রয়েছেন। তবে ব্যতিক্রম সলমন খান (Salman Khan)। শাহরুখ-আমির থেকে অমিতাভ কিংবা কাপুর বংশের সদস্যরা যখন পড়ুয়াদের আন্দোলন নিয়ে চুপ, তখন নিজের ছাত্রজীবনের ছবি দিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন ভাইজান। যা দেখে নেটপাড়ার কুর্নিশ ‘টাইগার অভি জিন্দা হ্যায়’।

Advertisement

“আমাকে এটা আনন্দ দিচ্ছে যে, উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে আমাদের দেশের পড়ুয়ারা একজোট হয়েছে এবং ওদের অভিভাবকরাও পাশে দাঁড়িয়েছেন। ওরা দৃঢ় কণ্ঠে যে অবস্থান নিয়েছে…” 

Salman Khan supports the CJP protest in Delhi, urges no politics over students' movement
সলমন খান, ফাইল ছবি

বুধবার গভীর রাতে ছাত্রদের আন্দোলন (CJP Protest) নিয়ে কলম ধরেন সলমন। সোশাল মিডিয়ায় নিজের ছাত্রজীবনের সাদাকালো এক ছবি ভাগ করে নিয়ে বলিউড সুপারস্টারের মন্তব্য, “আন্দোলন অত্যন্ত শান্তিপূর্ণ ছিল, কিন্তু শেষপর্যন্ত যেমন সহিংস রূপ নিল, সেটা সত্যিই দুঃখজনক! যারা আহত হয়েছেন, সেসব শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি আমার গভীর সহানুভূতি রইল। প্রশ্নপত্র ফাঁস আদতেই শিক্ষাব্যবস্থার এক অত্যন্ত গুরুতর সমস্যা। তবে আমাকে এটা আনন্দ দিচ্ছে যে, উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে আমাদের দেশের পড়ুয়ারা একজোট হয়েছে এবং ওদের অভিভাবকরাও পাশে দাঁড়িয়েছেন। ওরা দৃঢ় কণ্ঠে যে অবস্থান নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। কঠোর পড়াশোনা করে নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি একটি উন্নত ও শিক্ষিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে ওদের এই নিষ্ঠা, আন্তরিকতা এবং আগ্রহ সত্যিই প্রশংসনীয়।” ভাইজানের সংযোজন, “এই আন্দোলন বা প্রতিবাদের পথই সঠিক। আর শিক্ষার্থীরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখিয়েছে। ওরা সত্যিই সাহসী এবং অদম্য। শিক্ষার প্রতি এই প্রজন্মের এমন একাগ্রতা ও উদ্দীপনা ভবিষ্যতে ভারতকে গর্বিত করবে।” শুধু তাই নয়, বিক্ষুব্ধ ছাত্রদের পাশে দাঁড়িয়েও কিন্তু সতর্কবাণী দিয়েছেন সলমন।

Advertisement

“এমন সময় আসুক যখন বিদেশ থেকে পড়াশোনার জন্য মানুষ ভারতে আসবে এবং ভারত ‘এডুকেশন্যাল হাব’-এ পরিণত হবে।…” 

বলিউড সুপারস্টারের কথায়, এই আন্দোলন মূলত শিক্ষার্থী এবং দেশের শিক্ষাব্যবস্থার মধ্যেকার বিষয়, তাই এই আন্দোলনকে কোনোভাবেই রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়। এর কৃতিত্ব শুধুমাত্র আমাদের দেশের শিক্ষার্থীদের প্রাপ্য। আমার বিশ্বাস, সরকারও তাদের পূর্ণ সহায়তা করবে এবং শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে। আখেড়ে এটা সকলের জন্যেই ফলপ্রসূ। ইতিবাচক ফলের আশাই রাখছি আমি। যারা শিক্ষিত হতে চায়, ঈশ্বর তাদের সকলের মঙ্গল করুন। পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে সলমনের প্রার্থনা, “এমন সময় আসুক যখন বিদেশ থেকে পড়াশোনার জন্য মানুষ ভারতে আসবে এবং ভারত ‘এডুকেশন্যাল হাব’-এ পরিণত হবে। শিক্ষাই হোক আগামী প্রজন্মের ধারক।”

Advertisement
Salman Khan supports the Delhi CJP protest, urges no politics over students' movement
ককরোচ জনতা পার্টির সংসদ অভিযানে লাঠিচার্জ পুলিশের।

জুলাই মাসের গোড়া থেকেই নিট কেলেঙ্কারি-সহ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশন শুরু করেছিলেন পড়ুয়ারা। যাদের নেতৃত্ব দেন শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। দিল্লির যন্তর-মন্তরে টানা পঁচিশ দিন ধরা চলা এই বিক্ষোভ আরও নাটকীয় মোড় নেয় গত সোমবারের ‘সংসদ চলো’ অভিযানকে কেন্দ্র করে। বিক্ষোভকারী ‘আরশোলা’দের রুখতে লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাস, জলকামান চালায় পুলিশ। এমতাবস্থায় শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সরব হয়েছেন দেশের বিশিষ্টমহলের একাংশ। শাবানা আজমি, জিনাত আমান, অপর্ণা সেন, অনুরাগ কাশ্যপ, অরিজিৎ সিং থেকে বলিউডের বর্তমান প্রজন্মের একাংশও সুর চড়িয়েছেন। এবার পড়ুয়াদের বিক্ষোভ নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন ভাইজান।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.