Salman Khan

অ্যাটলির হাত ধরেই সলমনের পুনর্জন্ম, মেগা বাজেট ছবিতে টক্কর দেবেন রজনীকান্তকে!

খুনের হুমকিতে ভ্রুক্ষেপ নেই, পুনর্জন্মের প্রস্তুতিতে ভাইজান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৩, ২০২৪, ১৩:৪৯

options
link
অ্যাটলির হাত ধরেই সলমনের পুনর্জন্ম, মেগা বাজেট ছবিতে টক্কর দেবেন রজনীকান্তকে!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একছবিতে সলমন খান (Salman Khan) এবং রজনীকান্ত? প্রেক্ষাপটে পুনর্জন্মের গল্প। উফফ! দর্শক অনুরাগীদের জন্য যে বড় একটা চমক হতে চলেছে, তা আগেভাগেই বলা যায়। ‘জওয়ান’ সিনেমা বক্স অফিসে সুনামি আনতেই গত এক বছর ধরে অ্যাটলি মগ্ন এই নতুন সিনেমার চিত্রনাট্য নিয়ে। হাজার হোক, একে মেগা বাজেট সিনেমা। উপরন্তু সম্মুখ সমরে বলিউড এবং দক্ষিণের দুই মহাতারকা। অতঃপর এই ছবি যে উন্মাদনার পারদ চড়াবে, তা হলফ করে বলা যায়।

Advertisement

সলমন-অ্যাটলি জুটির সিনেমায় সমান্তরালে রজনীকান্ত ব্যাতীত আরেকটি বড় নাম শোনা যাচ্ছে। তিনি কমল হাসান। ভাইজান ছাড়া যদিও ছবির কাস্টিং এখনও চূড়ান্ত করেননি পরিচালক। বলিউড মাধ্যম সূত্রে খবর, অ্যাকশন প্যাকড সিনেমার চিত্রনাট্যের কাজ চলছে। গত বছর ধরে দিনরাত এক করে পুনর্জন্মের প্রেক্ষাপটে এই মেগা বাজেট ছবির কাজ করছেন অ্যাটলি কুমার। চিত্রনাট্যে অতীত এবং বর্তমান দুই সময়কাল ধরা হবে। জানা গিয়েছে, অ্যাটলি চিত্রনাট্যটা এমনভাবে তৈরি করছেন, যেরকম পিরিয়ডিক গল্প আগে কোনওদিন সিনেমার পর্দায় দেখা যায়নি। কাল্পনিক জগতের আঁধারে ছবিতে থাকবে রুদ্ধশ্বাস সব দৃশ্য। সলমন খানকে দর্শকরা আগে কখনও এভাবে দেখেননি। অ্যাটলির ফ্রেমে যোদ্ধার অবতারে চমক দেবেন ভাইজান। যেহেতু অতীত-বর্তমান মিলিয়ে গল্প সাজানো হচ্ছে, তাই আপাতত চিত্রনাট্যে শাণ দিতে ব্যস্ত পরিচালক। ২০২৫ সালের গ্রীষ্মকালে শুটিং শুরু হওয়ার কথা। চলতি বছরের শেষেই অ্যাটলি কাস্টিং চূড়ান্ত করে ফেলবেন বলে জানা গিয়েছে। এদিকে বিষ্ণোই গ্যাংয়ের তরফে লাগাতার খুনের হুমকিতেও ভ্রুক্ষেপ নেই ভাইজানের। আপাতত ‘সিকন্দর’-এর শুটে ব্যস্ত সলমন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এককথায়, শাহরুখ খানের পর মেগা বাজেট ড্রামায় অ্যাটলির ‘ব্রহ্মাস্ত্র’ সলমন খান। দাক্ষিণাত্যভূমের বক্স অফিসের সঙ্গে হিন্দি বলয়ের ব্যবসা টানতেই সম্ভবত পরিচালকের এই স্ট্র্যাটেজি। দীর্ঘদিন ধরেই বক্স অফিসে প্রতিদ্বন্দ্বী দেশের দুই সিনেইন্ডাস্ট্রি। দাক্ষিণাত্যভূমের প্রযোজক-পরিচালকদের বিগ বাজেট সিনেমায় বহু বলিউড তারকারা অভিনয় করেছেন। এমনকী দক্ষিণী তারকারাও প্যান ইন্ডিয়া দর্শকদের কাছে নিজেদের ভাগ্য নির্ধারণ করতে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যোগ দিয়েছেন। ডাবিং সংস্কৃতি বা একাধিক ভাষায় বলিউড বা দক্ষিণী সিনেমা মুক্তি পেলেও পাখির চোখ কিন্তু থাকে বক্স অফিস ব্যবসার দিকে। আর সেক্ষেত্রেই দক্ষিণের পাল্লা খানিক ভারী। তবে ২০২৩ সালে বলিউড তাঁর ‘হারানো গৌরব’ ফিরে পেলেও হিটের মুখ কিন্তু ভাইজান বহুদিন দেখেননি। বর্তমানে সলমন ব্যস্ত ‘সিকন্দর’-এর শুটে। এবার আশা করা যায়, রজনীকান্ত বা কমল হাসানের সঙ্গে পর্দায় সলমনের দ্বৈরথ দেখার জন্য দর্শকরা প্রেক্ষাগৃহ ভরাবেন।

Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন