Dadagiri

সৌরভ নয়, এবার ‘দাদাগিরি’ দেবের! টেলিপর্দায় নয়া অবতারে ‘খোকাবাবু’

লিয়েন্ডার পেজের পাশাপাশি আগামী মরশুমের সঞ্চালক হিসেবে বাংলা সিনেদুনিয়ার 'জেষ্ঠ্যপুত্র' প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সুপারস্টার জিতের কথাও শোনা গিয়েছিল। তবে দর্শক টানতে নির্মাতারা নাকি 'দৈব সঞ্চালনা'তেই ভরসা রেখেছেন।

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৬, ১৩:৩৫

options
link
সৌরভ নয়, এবার ‘দাদাগিরি’ দেবের! টেলিপর্দায় নয়া অবতারে ‘খোকাবাবু’
সৌরভ নন, এবার 'দাদাগিরি' করবেন দেব। ছবি-সংগৃহীত

শুক্রবারই শোনা গিয়েছিল, ‘দাদাগিরি’র ব্যাটন এবার লিয়েন্ডার পেজের হাতে উঠতে চলেছে। তবে রাত পোহাতেই ইন্ডাস্ট্রির অন্দরমহল সূত্রে জব্বর খবর! সূত্র মারফৎ জানা গেল, টেনিস তারকা লিয়েন্ডার নন, বরং টেলিপর্দায় ‘দাদাগিরি’ করতে দেখা যাবে সুপারস্টার দেবকে। অতীতে জনপ্রিয় ক্যুইজ রিয়ালিটি শোয়ের প্ল্যাটফর্মে সিনেমার প্রচারের জন্য বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন ‘খোকাবাবু’। তবে এবার প্রতিযোগী নন, বরং সঞ্চালক হিসেবে দেখা যাবে তাঁকে। 

Advertisement

উল্লেখ্য, লিয়েন্ডার পেজের পাশাপাশি আগামী মরশুমের সঞ্চালক হিসেবে বাংলা সিনেদুনিয়ার ‘জ্যেষ্ঠপুত্র’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সুপারস্টার জিতের কথাও শোনা গিয়েছিল। তবে দর্শক টানতে নির্মাতারা নাকি ‘দৈব সঞ্চালনা’তেই ভরসা রেখেছেন।

এযাবৎকাল জি বাংলার প্ল্যাটফর্মে ‘প্রিন্স অফ ক্যালকাটা’র দাদাগিরিতে মুগ্ধ হয়েছেন আপামর বাঙালি। কারণ ক্রিকেটের ময়দান হোক বা দর্শকে ভরা প্রেক্ষাগৃহের মঞ্চে সঞ্চালনার দায়িত্ব, সবেতেই স্বাতন্ত্র্য বজায় রেখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু এবার ‘দাদাগিরি’ সঞ্চালনায় রদবদল। কারণ ‘দাদাগিরি’র মঞ্চ মাতানোর পর মহারাজ এবার বাংলার ‘বিগ বস’ হাউসে। পরিবর্তে অংশগ্রহণকারীদের গুগলি ছুড়বেন কে? গত মার্চ থেকেই এহেন কৌতূহল উঁকি দিয়েছে দর্শকমনে। এমন আবহেই কানাঘুষো খবর আসে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বদলে জনপ্রিয় ক্যুইজ রিয়ালিটি শোয়ের মঞ্চে ‘দাদাগিরি’ করবেন লিয়েন্ডার পেজ। আসলে ক্রীড়াদুনিয়ার ব্যক্তিত্বদের নিয়ে বরাবরই দর্শকমহলে আলাদা উন্মাদনা থাকে। উপরন্তু লিয়েন্ডার আন্তর্জাতিক খ্যাতনামাসম্পন্ন ব্যক্তিত্ব। অতঃপর টিআরপি টানতে টেনিস তারকা যে একেবারে যথাযথ ‘মুখ’ হতে পারেন, এমনটাই মনে করেছিলেন ওয়াকিবহালমহল। একাংশ যদিও তাঁর ‘বাংলা বলা’ নিয়ে সন্দিহান ছিলেন, তবে রাত পোহাতেই শনিবার টেলিপাড়ায় নতুন খবর।

Advertisement
After Sourav Ganguly, Leander Paes or Dev to host Dadagiri: Source
সৌরভের পরিবর্তে ‘দাদাগিরি’ সঞ্চালনায় কে? ছবি: গ্রাফিক্স

সূত্রের খবর, অভিজিৎ সেনের পরিচালনায় খুব শিগগিরি প্রোমো শুট হতে চলেছে। যদিও নির্মাতাদের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে দেবের ‘দাদাগিরি’ যে টেলিপর্দায় ঝড় তুলতে পারে, তেমনটাই মত টিআরপি বিশ্লেষকদের।

শোনা গেল, জনপ্রিয় রিয়ালিটি শোয়ের সঞ্চালক হিসেবে সুপারস্টার সাংসদের উপরই ভরসা রেখেছেন নির্মাতারা। বাংলার বিভিন্ন প্রান্তে দেবের অনুরাগী সংখ্যা রীতিমতো ঈর্ষণীয়। উপরন্তু অতীতে ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারকের আসনেও লাইমলাইট কেড়েছেন তিনি। সেই প্রেক্ষিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে ‘দাদাগিরি’র সঞ্চালক হিসেবে দেবকে পেলে যে দর্শকমহলে অতিরিক্ত উন্মাদনা থাকবে, তা বলাই বাহুল্য। উল্লেখ্য, লিয়েন্ডার পেজের পাশাপাশি আগামী মরশুমের সঞ্চালক হিসেবে বাংলা সিনেদুনিয়ার ‘জ্যেষ্ঠপুত্র’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সুপারস্টার জিতের কথাও শোনা গিয়েছিল। তবে দর্শক টানতে নির্মাতারা নাকি ‘দৈব সঞ্চালনা’তেই ভরসা রেখেছেন। সূত্রের খবর, অভিজিৎ সেনের পরিচালনায় খুব শিগগিরি প্রোমো শুট হতে চলেছে। যদিও নির্মাতাদের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে দেবের ‘দাদাগিরি’ যে টেলিপর্দায় ঝড় তুলতে পারে, তেমনটাই মত টিআরপি বিশ্লেষকদের।

Advertisement

২০০৯ সাল থেকে সফর শুরু হয় ‘দাদাগিরি’ গেম শোয়ের। প্রথম থেকেই সঞ্চালনার দায়িত্ব সামলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে একটি মরশুমে ‘দাদা’র পরিবর্তে দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে। পরে দর্শকদের অনুরোধেই ফের শোয়ে সঞ্চালনার ভার বর্তায় সৌরভের উপর। এবার কি গুগলি ছোড়ার রাশ দেবের হাতে? নজর থাকবে সেদিকে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.