সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোমাতাদের রক্ষা করতে গো-সেবকরা যখন তৎপর, তখন খোদ বিজেপির ডেরাতেই অনাহারে মৃত্যু হল ৫০০ গরুর৷ গত দু’সপ্তাহে জয়পুরের কাছে এক খাটালে কর্মীদের অসহযোগিতার জেরে ঘটেছে এই ঘটনা৷
জানা যাচ্ছে, ওই খাটালে প্রায় হাজার চারেক গরু পালন করা হয়৷ তা করার জন্য ঠিকা ভিত্তিতে শ্রমিক নিয়োগ করে স্থানীয় পুরসভা৷ কিন্তু সম্প্রতি পুরসভা ও ঠিকাদার সংস্থার মধ্যে বিবাদের জেরে বেতন পাননি প্রায় ২৫০ শ্রমিক৷ ফলে গত একমাস ধরে কাজ বন্ধ করেছেন তাঁরা৷ আর এতেই বিপর্যয় নেমেছে খাটাল জুড়ে৷ এত সংখ্যক গরুর দেখাশোনার লোক মিলছে না৷খাটাল পরিষ্কার করা ও গরুদের ঠিকমতো খাবারও দেওয়াও সম্ভব হয়নি৷ ফলে গত পনেরোদিনে প্রায় ৫০০ গরুর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে৷
ইতিমধ্যেই রাজস্থান হাই কোর্ট রাজ্য সরকারের কাছে এই ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে৷ প্রশাসন যদিও প্রযুক্তি ব্যবহার করে খাটাল পরিষ্কারের বন্দোবস্ত করেছে, তবু পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষ কমিটিও গঠন করা হয়েছে৷ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে৷ তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শনে যাবেন বলেও জানা যাচ্ছে৷
তবে ইতিমধ্যেই এ ঘটনায় রাজনীতির রং লেগেছে৷ গো-রক্ষকদের সঙ্গে বিজেপি ও সঙ্ঘ পরিবারের নাম জড়িয়েছে বরাবরই৷ এমনকি উনায় দলিত নিগ্রহের ঘটনায় প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে বিজেপির নাম জড়ানোয় দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা৷ এই পরিস্থিতিতে কারা আসলে গো-রক্ষক, সে প্রশ্ন তুলে সরব হয়েছে বিরোধীরা৷
সর্বশেষ খবর
-
জুলাইতেই জ্বালানি মানচিত্রে নতুন অধ্যায়, অশোকনগরে শুরু বাণিজ্যিক তেল উত্তোলন
-
মেসির মায়ামিতে নিষ্প্রভ রোনাল্ডো! কলম্বিয়ার বিরুদ্ধে ড্র’য়ে নকআউটে কঠিন লড়াইয়ে পর্তুগাল
-
রেকর্ড বুকে কেন, গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, জিতেও নকআউটে কঠিন লড়াইয়ে ক্রোয়েশিয়া
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার