সুব্রত বিশ্বাস: এ যেন ‘লঘু পাপে গুরুদণ্ড’। একদিন না বলে কাজে অনুপস্থিত থাকার অপরাধে দক্ষিণ রেলের লালাগুডার স্টেশনের এক প্রবেশনারি স্টেশন মাস্টারকে চাকরি থেকে পুরোপুরি বরখাস্ত করল রেল। এই ঘটনায় ভারতীয় রেলে চাঞ্চল্যের পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়ল। পালঘাট ডিভিশনের সিনিয়র ডিপিও অভিযুক্ত ওই নবিশ স্টেশন মাস্টার বিকাশ কুমারের বিহারের শেখপুরার বাড়িতে রীতিমতো লিখিত চিঠি পোস্ট করে এই নির্দেশ কার্যকর করেন। সোমবার রাতের শিফটে কাউকে না জানিয়ে কাজে যোগ দেননি। লালাগুডার স্টেশন মাস্টার পরের দিনই তাঁর অনুপস্থিতির কথা লিখিতভাবে জানিয়ে দেন ডিভিশনের কর্তাদের। তারপরেই তাঁকে চাকরি থেকে পুরোপুরিভাবে বরখাস্ত করা হয়। দু’বছরের প্রবেশন পিরিয়ড চলাকালীন এই কর্তব্যে গাফিলতিকেই দায়ী করেছে রেল। এমনকী বিকাশ কোনওরকম কারণ দর্শালেও তা গ্রাহ্য হবে না বলে জানিয়ে দিয়েছে রেল। আরআরবি-র লিখিত ও মৌখিক পরীক্ষায় পাস করে প্রতিযোগিতায় সফল্য পেলে এই সুযোগ মেলে। সেই চাকরি এভাবে খোয়ানোয় মানসিকভাবে রীতিমতো ভেঙে পড়েন বিকাশ। রেল কর্মীদের ক্ষোভ, রেলে বহু অপরাধ বেমালুম হজমের ঘটনা বিরল না হলেও একদিন কাজ না করে চাকরি যাওয়ার ঘটনা খুব একটা চোখে পড়ে না।
প্রবেশনারি অবস্থায় চাকরি থেকে বরখাস্ত করাটা আইনসিদ্ধ বলে জানিয়েছে রেল। নবিশ অবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে ‘জেনারেল অ্যান্ড সাবসিডিয়ারি রুল-১৯৭৬’ একেবারে গুলে খেতে হয়। নিয়মিত ট্রেনিং স্কুলে ট্রেনিং নিতে হয়। এই সময়ে মডেল রুমে একেবারে স্টেশনের মডেলে গাড়ি নিয়ন্ত্রণ থেকে শুরু করে পরিচালনা সব শিখে পরীক্ষা দিতে হয়। তারপর ছ’মাস স্টেশনে হাতে-কলমে কাজ করতে হয়, পরীক্ষাও দিতে হয়। এর পর স্টেশনে রিয়েল টাইম ট্রেনিং পাস করতে হয়। সফল হলে অ্যাসিওরেন্স রেজিস্টারে স্বীকারোক্তি দিয়ে স্বাক্ষর করে স্বতন্ত্রভাবে কাজে যোগ দিতে হয়। প্রায় শেষ পর্বে এসে বিকাশের এই অনুপস্থিতিকে অত্যন্ত গুরুতর অপরাধ বলে গণ্য করেছে রেল। তাই এই কঠোর সিদ্ধান্ত বলে জানিয়েছে।
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা