Amarnath yatra

প্রাকৃতিক দুর্যোগে অশনি সংকেত, অমরনাথ ও বৈষ্ণোদেবী যাত্রায় স্থগিতাদেশ প্রশাসনের

রবিবার পহেলগাঁও ও বালতাল উভয়পথেই যাত্রীদের থামিয়ে দেওয়া হয়েছে। আপাতত বেসক্যাম্পেই থাকতে হচ্ছে তাঁদের। এদিকে জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় রাতভর বৃষ্টির জেরে হড়পা বান দেখা দিয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৯, ২০২৬, ১৫:৪৪

options
link
প্রাকৃতিক দুর্যোগে অশনি সংকেত, অমরনাথ ও বৈষ্ণোদেবী যাত্রায় স্থগিতাদেশ প্রশাসনের
অমরনাথ যাত্রায় পুণ্যার্থীরা। ফাইল ছবি

তীর্থযাত্রায় বাধ সাধল প্রকৃতি। জম্মু ও কাশ্মীরে অতিভারী বৃষ্টির জেরে সাময়িকভাবে বন্ধ করা হল অমরনাথ ও বৈষ্ণোদেবী যাত্রা। শনিবার এই অমরনাথগামী তীর্থযাত্রীদের উদ্দেশে এই নির্দেশ জারি করেছে প্রশাসন। যার জেরে রবিবার পহেলগাঁও ও বালতাল উভয়পথেই যাত্রীদের থামিয়ে দেওয়া হয়েছে। আপাতত বেসক্যাম্পেই থাকতে হচ্ছে তাঁদের। এদিকে জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় রাতভর বৃষ্টির জেরে হড়পা বান দেখা দিয়েছে। নদীগুলির জলস্তর বেড়ে একাধিক এলাকা কার্যত তলিয়ে গিয়েছে।

Advertisement

কাশ্মীরের ডিভিশনাল কমিশনার অংশুল গর্গ বলেন, ‘আবহাওয়া দপ্তরের তরফে এই অঞ্চলে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যার জেরে যাত্রীদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। রবিবার তীর্থযাত্রীদের বালতাল নুনওয়ান/চন্দনওয়ারী বেস ক্যাম্প থেকে আর এগোতে দেওয়া হচ্ছে না। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত এবং দীর্ঘ এই যাত্রাপথ যে সম্পূর্ণ নিরাপদ, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকেই এই পথে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। সবকিছু ঠিকঠাক হলে ফের যাত্রার অনুমতি দেবে প্রশাসন।’ উল্লেখ্য, চলতি মরশুমে এখনও পর্যন্ত ৩ লক্ষ ৭৬ হাজারেরও বেশি পুণ্যার্থী অমরনাথ দর্শন করেছেন।

Advertisement

রবিবার পহেলগাঁও ও বালতাল উভয়পথেই যাত্রীদের থামিয়ে দেওয়া হয়েছে। আপাতত বেসক্যাম্পেই থাকতে হচ্ছে তাঁদের।

অমরনাথের পাশাপাশি জম্মুর কাটরায় অনুষ্ঠিত বৈষ্ণোদেবী যাত্রাও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আধিকারিকদের তরফে জানানো হয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে রবিবার বৈষ্ণোদেবী যাত্রা স্থগিত রাখা হয়েছে। আবহাওয়ার অবস্থা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে সময় যত গড়াচ্ছে জম্মু ও কাশ্মীরে আবহাওয়া ততই খারাপের দিকে যাচ্ছে। গত দু’দিন ধরে নাগাড়ে বৃষ্টি হয় একাধিক জেলায়। যার জেরে ফুলেফেঁপে ওঠে সমস্ত নদী। দারহালি, খান্দালি, সুকতোহ, জামোলা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। এদিন দারহালি নদীর জল বাঁধ ভেঙে বাসস্ট্যান্ডের পার্কিং লটে ঢুকে পড়ে বহু যানবাহন ভাসিয়ে নিয়ে যায়। একের পর এক দুর্ঘটনার খবর সামনে আসে। পুঞ্চ জেলায় বাড়ি ধসে গিয়ে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, রাজৌরিতে ভূমিধ্বসে মৃত্যু হয়েছে একজনের। দুই জেলাতে আরও ৫ জন নিখোঁজ বলে জানা গিয়েছে। জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকাজ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.