সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ভারতীয়রা এটারই যোগ্য। যারা হামলা চালিয়েছে তাদের নিশান-ই-হায়দার দেওয়া উচিত!’ মুম্বইয়ে লস্কর-ই-তৈবার হামলায় ১৬৬ জন নিরীহ মানুষের মৃত্যুতে উচ্ছ্বাসে ফেটে পড়েছিল তাহাউর রানা (Tahawwur Rana)। মুম্বই হামলার পর আর এক অন্যতম চক্রী ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে রানার কথোপকথনের কিছু অংশ প্রকাশ করেছে আমেরিকা। সেই কথোপকথনেই উল্লেখ আছে, হামলাকারীদের জন্য পাকিস্তানের সর্বোচ্চ সামরিক সম্মান দেওয়ার দাবির।
রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার পর রানা এবং ডেভিড কোলম্যান হেডলির মধ্যেকার কিছু কথোপকথন প্রকাশ্যে এনেছে আমেরিকার বিচারবিভাগ। মার্কিন বিচারবিভাগের দাবি, দুই জঙ্গির কথোপকথনে আড়ি পেতেছিল মার্কিন নিরাপত্তা এজেন্সিগুলি। সেখানেই তাঁদের মধ্যেকার কথাবার্তা প্রকাশ্যে এসেছে। মার্কিন বিচারবিভাগ জানাচ্ছে, মুম্বই হামলায় ১৬৬ জনের মৃত্যুর পর উচ্ছ্বসিত রানা হেডলিকে বলে, ‘ভারতীয়রা এটারই যোগ্য।’
আমেরিকার প্রকাশ করা কথোপকথন অনুযায়ী, রানা হেডলিকে জানায়, যে ৯ জন ভারতে হামলা চালাতে গিয়ে ‘শহিদ’ হয়েছে, তাদের নিশান-ই-হায়দার দেওয়া উচিত। এই নিশান-ই-হায়দার পাকিস্তানের সর্বোচ্চ সামরিক সম্মান। যা সাধারণত ‘শহিদ’ সেনা জওয়ানদের দেওয়া হয়। রানা ভারতে নৃশংস হত্যালীলা চালানো জঙ্গিদের জন্য পাক সেনা জওয়ানদের প্রাপ্য সর্বোচ্চ সম্মান দাবি করে হেডলির কাছে। আমেরিকার বিচারবিভাগের দেওয়া তথ্য বলছে, হেডলির সঙ্গে রানার যে শুধু সরাসরি যোগাযোগ ছিল তাই নয়, রানার সাহায্যেই হেডলি একাধিকবার ভারতের ভিসা পাওয়ার চেষ্টা করেছিল।
উল্লেখ্য, রানাকে ভারতের হাতে তুলে দেওয়াটাকে সুবিচারের দিকে উল্লেখযোগ্য পদক্ষেপ বলে উল্লেখ করেছে আমেরিকা। আসলে মুম্বই হামলায় যে ১৬৬ জনের মৃত্যু হয়, তাদের মধ্যে ৬ জন মার্কিন নাগরিকও ছিলেন। আমেরিকা বলছে, ওই ৬ মার্কিন নাগরিকের পরিবারকে সুবিচার পাইয়ে দেওয়ার লক্ষ্যে বড় পদক্ষেপ হেডলির ভারতে প্রত্যর্পণ।
সর্বশেষ খবর
-
নিজেদের মধ্যে মিটমাট! সকালে গ্রেপ্তার, বিকালে জামিন ফিরহাদ ‘ঘনিষ্ঠ’ শামস ইকবালের
-
যৌনাঙ্গ-স্তনে ক্ষতের চিহ্ন! ব্রাজিলিয়ান মহিলাকে ধর্ষণের অভিযোগে বিদ্ধ ভোজিনহাদের অধিনায়ক
-
রাস্তা থেকে পাল্টি খেয়ে নয়ানজুলিতে বাস! দিঘা থেকে কলকাতা ফেরার পথে দুর্ঘটনা
-
খেলতে গিয়ে সাঁতার না জেনেও নদীতে নামাই কাল! মর্মান্তিক পরিণতি দশম শ্রেণির ৩ পড়ুয়ার
-
৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন, আদালতে ফাঁসির সাজা ৬৫-র বৃদ্ধকে