Indian flag

‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি সফল করতে উদ্যোগ, জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম শিথিল করল কেন্দ্র

১৩ থেকে ১৫ আগস্ট প্রতিটি বাড়িতেই ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলনের পরিকল্পনা কেন্দ্রের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২২, ১৩:৫৩

options
link
‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি সফল করতে উদ্যোগ, জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম শিথিল করল কেন্দ্র
ছবি: প্রতীকী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে সূচনা হয়েছে অমৃত মহোৎসবের। আর সেই উদযাপনের অংশ হিসেবেই ‘হর ঘর তিরঙ্গা’ (Har Ghar Tiranga) কর্মসূচি পালনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। যে কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৩ থেকে ১৫ আগস্ট প্রতিটি বাড়িতেই ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলিত হবে।

Advertisement

আর এই কর্মসূচি শুরুর আগে ভারতের পতাকা কোড ২০০২-এর পরিবর্তনও করেছে কেন্দ্র। এর ফলে এখন থেকে দিন-রাতব্যাপী ২৪ ঘণ্টাই পতাকা ওড়ানো যাবে। শুধু তাই নয়, এই প্রথমবার যন্ত্রে তৈরি ও পলিয়েস্টারের পতাকা ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ইডির কাছে অ্যারেস্ট মোমোয় মুখ্যমন্ত্রীর নাম দিলেন পার্থ! অসন্তুষ্ট তৃণমূল নেতৃত্ব]

ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা সমস্ত মন্ত্রক ও বিভাগের সচিবদের একটি চিঠিতে জানিয়েছেন, জাতীয় পতাকা প্রদর্শন, উত্তোলন ও ব্যবহারের ক্ষেত্রে জাতীয় পতাকা কোড, ২০০২ ও জাতীয় সম্মানের অবমাননা রোধ আইন, ১৯৭১ মেনে চলতে হবে। সেই সঙ্গে জানানো হয়েছে, ২০ জুলাই, ২০২২ সালের সংশোধন অনুযায়ী, মুক্ত পরিবেশে কিংবা জনসাধারণের বাড়িতে জাতীয় পতাকা প্রদর্শিত হলে সেটিকে দিন ও রাতে ওড়ানো যাবে। উল্লেখ্য, এতদিনের আইন অনুযায়ী, কেবল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্তই জাতীয় পতাকা ওড়ানোর অনুমতি ছিল। এবার সেই আইনে বদল আনা হল।

Advertisement

এরই পাশাপাশি পরিবর্তন এসেছে জাতীয় পতাকা তৈরির উপাদান ও অন্যান্য বিষয়েও। এবার থেকে যন্ত্রে নির্মিত কিংবা পলিয়েস্টারের তৈরি জাতীয় পতাকাও ব্যবহার করা যাবে। এতদিন এমন অনুমতি ছিল না। নয়া আইনে পরিষ্কার বলা হয়েছে, সুতি, উল, সিল্ক, খাদি বান্টিং কাপড়, পলিয়েস্টার দিয়ে তৈরি করা যাবে পতাকা। পাশাপাশি চরকা ও হাতে বোনা পতাকাও ব্যবহার করা যাবে বরাবরের মতো।

[আরও পড়ুন: হাতের মেহেন্দি তরতাজা নাবালিকাকে ঠেলে দিয়েছিল মৃত্যুর মুখে! প্রাণ ফেরাল কলকাতার হাসপাতাল]

প্রসঙ্গত, গত ২২ জুলাই এখটি পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, ”এই বছরটাকে আমরা চিহ্নিত করেছি ‘আজাদি কা অমৃত মহোৎসব’ হিসেবে। আসুন এই উপলক্ষে আমাদের বন্ধন আমরা আরও অটুট করে তুলি ‘হর ঘর তিরঙ্গা’ আন্দোলনের মধ্যে দিয়ে। ১৩ থেকে ১৫ আগস্টের মধ্যে নিজেদের বাড়িতে তেরঙা উত্তোলন করুন কিংবা টাঙান। এর ফলে আমাদের সঙ্গে জাতীয় পতাকার যোগাযোগ আরও নিবিড় হবে।” জানা গিয়েছে, ওই তিন দিন সরকারি ভবন, রাষ্ট্রায়ত্ত থেকে স্বেচ্ছাসেবী সংস্থার দপ্তর, রেস্তরাঁ, শপিং মল, থানার মতো বহু স্থানেই জাতীয় পতাকা ওড়ানোর পরিকল্পনা রয়েছে মোদি সরকারের।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.