সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণের অরুণাচল সফর নিয়ে কম বিরক্তি প্রকাশ করেনি চিন। এবার খোদ দেশের রাষ্ট্রপতি উত্তর পূর্বের রাজ্যে। তড়িঘড়ি বিবৃতি দিয়ে চিন বুঝিয়ে দিল কাজটা ঠিক হচ্ছে না। কেন অরুণাচলে রামনাথ কোবিন্দ? তা নিয়ে প্রশ্ন তুলল জিনপিং প্রশাসন।
[এবার প্রতিরক্ষামন্ত্রীর অরুণাচল সফর নিয়েও আপত্তি চিনের]
বেজিং কার্যত হুমকি সুরে নয়াদিল্লিকে জানিয়েছে সীমান্ত টানাপোড়েনের মাঝে ভারত যেন অহেতুক পরিস্থিতিকে জটিল না করে তোলে। প্রতিরক্ষামন্ত্রীর অরুণাচল সফর নিয়ে যে ভাষায় চিন কথা বলেছিল রামনাথ কোবিন্দের ক্ষেত্রেও একই প্রয়োগ দেখা গেল। সে দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লু কাং-এর বক্তব্য, ‘‘অরুণাচল প্রদেশ নিয়ে চিন সরকারের অবস্থান একেবারেই স্পষ্ট এবং ধারাবাহিক। এই এলাকাকে ভারতের বলে মনেই করে না চিন। সীমান্ত নিয়ে বিতর্ক এখনও চলছে। দু’দেশের সম্পর্ক বাঁকের মুখে। এমন অবস্থায় ভারতের নেতৃত্ব স্থানীয় লোকজন অরুণাচলে গেলে বেজিং প্রতিবাদ করবেই।’’ এখানেই থামেননি লু। তাঁর সংযোজন, ‘‘আমরা আশা রাখি ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক মেনে এগোবে। তারা এই বাধ্যবাধকতা বুঝতে পারবে।’’ বেজিং চিরকালই অরুণাচলকে দক্ষিণ তিব্বত হিসেবে দাবি জানিয়ে এসেছে। এদিনও বিষয়টি আরও একবার স্পষ্ট করে দেন কাং। কোবিন্দের সফরে চিনের ‘গাত্রদাহ’ হলেও বিষয়টিকে তেমন আমল দিতে চায়নি ভারত। নয়াদিল্লি যথারীতি বেজিংয়ের যাবতীয় বিরক্তি, প্রতিবাদ উড়িয়ে দিয়েছে। ভারত আরও একবার জানিয়ে দিয়েছে অরুণাচল এ দেশের অবিচ্ছেদ্য অঙ্গ। তাই শুধু রাষ্ট্রপতি কেন, যে কোনও ভারতীয়ের সেখানে যাওয়ার অধিকার রয়েছে। প্রতিরক্ষামন্ত্রীর অরুণাচল সফরের সময়ও এভাষাতেই প্রতিক্রিয়া দিয়েছিল নয়াদিল্লি।
[‘ইচ্ছেমতো অরুণাচলে যাবেন আমাদের নেতানেত্রীরা’, চিনকে বেনজির বার্তা ভারতের]
রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার পর গত রবিবার প্রথমবার অরুণাচলে গিয়েছিলেন রামনাথ কোবিন্দ। ইটানগরে তাঁকে গার্ড অফ অনার জানানো হয়েছিল। চিন সীমান্ত অনেকটাই দূরে ইটানগরে ছিলেন কোবিন্দ। তাতেই চিনের আপত্তি জানানোয় অনেকেই অবাক। এমাসের শুরুতে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণের অরুণাচল সফর ঘিরে হল্লা জুড়েছিল চিন। কোবিন্দের এই সফর বুঝিয়ে দিল প্রতিবাদ, হুঁশিয়ারি চিন দিয়ে চললেও অরুণাচল যে ভারতের তা স্পষ্ট করে দিল নয়াদিল্লি।
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা