LPG Cylinder Price

মাস পয়লায় বিরাট স্বস্তি, একধাক্কায় অনেকটা কমল গ্যাসের দাম

মাঝে হরমুজ প্রণালী বন্ধ থাকায় লাগাতার আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বাড়ছিল। তবে ভারত এখন হরমুজ নির্ভরতা কমিয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০২৬, ১২:৫৯

options
link
মাস পয়লায় বিরাট স্বস্তি, একধাক্কায় অনেকটা কমল গ্যাসের দাম
ফাইল ছবি।

মাস পয়লায় স্বস্তি হোটেল, রেস্তরাঁ ও ছোট খাবার ব্যবসায়ীদের। একধাক্কায় অনেকটা কমল বাণিজ্যিক গ্যাসের দাম (LPG Cylinder Price)। কলকাতায় একধাক্কায় ১৯ কেজি সিলিন্ডারের দাম কমল ২০৯ টাকা। ফলে কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম দাঁড়াল ২৮৭২ টাকা ৫০ পয়সা। শনিবার থেকেই নয়া দাম কার্যকর হচ্ছে। এই নিয়ে পরপর দু’মাস বাণিজ্যিক গ্যাসের দাম কমল।

Advertisement

এক সময় ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২,০০০ টাকার নিচে থাকলেও, ধারাবাহিকভাবে দাম বাড়ার ফলে তা বেড়ে ৩২৫৫.৫০ টাকায় পৌঁছে যায়। গত মাসে হরমুজ প্রণালীতে পরিস্থিতির উন্নতি হতে শুরু করার পরই বাণিজ্যিক গ্যাসের দাম কমায় কেন্দ্র। এবার আরও ২০৯ টাকা দাম কমল। তবে গৃহস্থের রান্নার গ্যাসের দাম এখনও কমানো হয়নি। ফলে কলকাতায় রান্নার গ্যাসের দাম ৯৬৮ টাকাই রইল।

Advertisement

মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম ঘোষণা হয়। আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপর এই দাম নির্ভর করে। কখনও বাড়ানো হয় আবার কখনও কমানো হয়। মাঝে হরমুজ প্রণালী বন্ধ থাকায় লাগাতার আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বাড়ছিল। তবে ভারত এখন হরমুজ নির্ভরতা কমিয়েছে। গত ৯০ দিনে ভারত অপরিশোধিত তেল আমদানির ক্ষেত্রে উৎসে বৈচিত্র এনেছে। তাৎক্ষণিক বাজারের মাধ্যমে কেনাকাটা যেমন বাড়িয়েছে, তেমনই উপসাগরীয় দেশগুলির সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির উপরে নির্ভরতা কমিয়েছে। তাছাড়া ইরান-আমেরিকার মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হওয়ার পর কিছুটা অশোধিত তেলের দামও কমছে। যার সুবিধা এবার ভারতের গ্রাহকরা পাচ্ছেন।

Advertisement

মূলত হোটেল, রেস্তরাঁ এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহার করা হয় ১৯ কেজি অর্থাৎ বাণিজ্যিক রান্নার গ্যাস। গত কয়েক মাসের লাগাতার মূল্যবৃদ্ধির ফলে হোটেল, রেস্তরাঁ খরচ বৃদ্ধি পাওয়ার আশঙ্কার তৈরি হয়েছিল। গত দু’মাসে বাণিজ্যিক গ্যাসের দাম কমায়, সেই আশঙ্কা খানিকটা কমল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.