E-KYC

১৬ আগস্ট শেষ নয়, বাড়ল গ্যাসের ই-কেওয়াইসির সময়, গ্রাহকদের স্বস্তি দিয়ে কী জানাল কেন্দ্র?

ই-কেওয়াইসি না দিলে গ্যাসের জন্য বাড়তি কড়ি গুনতে হতে পারে।

তরুণকান্তি দাস
তরুণকান্তি দাস

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২৬, ০৯:৪৭

options
link
১৬ আগস্ট শেষ নয়, বাড়ল গ্যাসের ই-কেওয়াইসির সময়, গ্রাহকদের স্বস্তি দিয়ে কী জানাল কেন্দ্র?
ফাইল ছবি।

কারও স্মার্টফোন নেই। কারও নেই অ্যাপ ডাউনলোড করে তার ফর্ম পূরণের মতো মগজ। আবার যাঁরা অ্যাপে গ্যাস বুকিং করেন তাঁদের অনেকেই প্রক্রিয়ার সঙ্গে সড়গড় নন, আবার কিছু ক্ষেত্রে অ্যাপ কাজ করছে না। এই অবস্থায় রবিবারের মধ্যে এলপিজি গ্যাসের ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করা বাধ্যতামূলক বলে সরকারের নির্দেশ নিয়ে অনেক গ্রাহকই আতঙ্কে ছিলেন। তবে শেষপর্যন্ত শুক্রবার রাতের খবর, ওই প্রক্রিয়া ২৩ আগস্টের মধ্যে করার জন্য মেয়াদ বাড়াচ্ছে কেন্দ্র।

Advertisement

কিন্তু কেওয়াইসি না পূরণ করলে গ্যাসের ভরতুকি মিলবে না সিদ্ধান্তে অনড় থাকায় আতঙ্ক চরমে। এই অবস্থায় প্রতিটি পরিষেবা কেন্দ্রে লম্বা লাইন। সেখানেও আবার কখনও কখনও সংযোগ বিভ্রাটে কাজ থমকে থাকছে। সব মিলিয়ে বিষয়টি নিয়ে বিভ্রান্তি চরমে। এরই মধ্যে আজ ১৫ আগস্ট। পরদিন রবিবার। তবে গ্যাস সংস্থাগুলির ডিস্ট্রিবিউটরদের আশ্বাস,
কাজ সেরে ফেলতে ১৫ আগস্ট ছুটির দিনেও দুপুর ১২টা থেকে অফিস খোলা থাকবে। কারণ, বাড়িতে হাঁড়ি চড়াতে গ্যাসের সংযোগ নিরবচ্ছিন্ন রাখতে হবে এবং তার জন্য ই-কেওয়াইসি আবশ্যিক। ই-কেওয়াইসি না দিলে গ্যাসের জন্য বাড়তি কড়ি গুনতে হবে বলেই খবর। তবে এই কাজে যা গতি তাতে করে রবিবারের মধ্যে যে সবার কেওয়াইসি আপডেট শেষ হবে না তা স্পষ্ট।

Advertisement

গ্যাস ডিস্ট্রিবিউটর্স সংগঠনের কর্তা বিজন বিশ্বাস বলেছেন, “রবিবারের পরও রাজ্যে ইনডেনের ক্ষেত্রে কম করে ২২ লক্ষ মানুষ বাকি থেকে যাবেন।” কেন্দ্র কিছুটা সময় বাড়ানোয় কাজটা অনেকটাই শেষ করা যাবে বলে মনে করছেন ডিস্ট্রিবিউটররা।
অন্য দু’টি গ্যাস সংস্থা সূত্রে খবর, তাদেরও বেশকিছু গ্রাহকের তথ্য আপডেট বকেয়া থেকে যাবে। অর্থাৎ কমবেশি আধ কোটি গ্রাহক রয়ে যাবেন কেওয়াইসি ছাড়াই। ইনডেন, এইচপি এবং ভারত গ্যাসের জন্য আধারভিত্তিক ফেসআইডি যাচাই রবিবারের মধ্যে করানোর নির্দেশ রয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহক ছাড়া সকলের ক্ষেত্রেই। এই বছর মার্চ থেকে নিয়মটি বাধ্যতামূলক হলেও অনেকে তা নিয়ে ঢিলেমি করেছেন।

Advertisement

কিন্তু এবার শিয়রে সংক্রান্তি। কেওয়াইসি না থাকলে একটি সিলিন্ডারের দাম দু’হাজার টাকা পর্যন্ত ছুঁতে পারে বলে দাবি। ইনডেন, এইচপি ও ভারত গ্যাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৬ অগস্টের মধ্যেই ই-কেওয়াইসি-র কাজটি সেরে ফেলতে হবে। অনলাইন ও অফলাইন দু’ভাবেই জমা দেওয়া যাবে আধারভিত্তিক ফেসআইডির যাচাইয়ের কাজ। গ্রাহক তাঁর নির্দিষ্ট গ্যাস সংস্থার অ্যাপটি ডাউনলোড করে তাতে ই-কেওয়াইসি জমা দেওয়া যাবে।

আধারভিত্তিক পরিচয় জমা দেওয়ার জন্য গ্রাহককে ‘আধারফেসআরডি’ অ্যাপটিও ডাউনলোড করতে হবে। এটি না থাকলে গ্যাস সংস্থার অ্যাপে ই-কেওয়াইসি জমা দিতে সমস্যা হতে পারে। যাঁরা অনলাইনে স্বচ্ছন্দ নন তাঁরা সরাসরি ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে ই-কেওয়াইসি সম্পন্ন করতে পারেন। সঙ্গে নিয়ে যেতে হবে আধার কার্ড। অনলাইনেই অনেকে কাজটি করতে পারছেন না বলে অভিযোগ। সেইসব জট কাটিয়ে ২৩ আগস্টের মধ্যে ই-কেওয়াইসি আপডেট কত শতাংশ হয় সেটাই এখন দেখার।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.