Ram Mandir Donation Theft Case

রাম মন্দিরে অনুদান চুরি নিয়ে রাজনীতি নয়, শুনানিতে সতর্ক করলেন প্রধান বিচারপতি

মামলার পরবর্তী শুনানি ২৭ জুলাই। সেদিনই প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়া হবে, জানালেন বিচারপতিদের বেঞ্চ।  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৬, ১৮:১৮

options
link
রাম মন্দিরে অনুদান চুরি নিয়ে রাজনীতি নয়, শুনানিতে সতর্ক করলেন প্রধান বিচারপতি
রাম মন্দিরে তিন হাজার কোটির চুরিতে প্রশ্নের মুখে শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট।

অযোধ্যার রাম মন্দিরে অনুদান চুরির মামলা উঠছে সুপ্রিম কোর্টে। সোমবার শুনানি চলাকালীন আবেদনকারীর প্রতি প্রধান বিচারপতি সূর্য কান্তের মন্তব্য, রাম মন্দিরে অনুদান চুরির বিষয়টি নিয়ে রাজনীতি করবেন না। পাশাপাশি শীর্ষ আদালতের বেঞ্চ উত্তরপ্রদেশ সরকারের কাছে জানতে চেয়েছে,বিশেষ তদন্তকারী দলটিকে (এসআইটি) পুনর্গঠন করা সম্ভব কি না।

Advertisement

রাম মন্দিরে অনুদান চুরির ঘটনায় সুপ্রিম কোর্টে তিনটি আবেদন করা হয়েছে। এর মধ্যে রয়েছে রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের আর্থিক লেনদেনের সিএজি অডিট, নিরেপেক্ষ সিবিআই তদন্ত, এছাড়াও ফরেন্সিক অডিট এবং ব্যাঙ্ক, ইউপিআই ও ডিজিটাল নথি সংরক্ষণের নির্দেশ চাওয়া হয়েছে। সোমবার শুনানিতে উত্তরপ্রদেশ সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী ও ভি মোহনার বেঞ্চকে জানান, একটি ‘স্ট্যাটাস রিপোর্ট’ (মামলার বর্তমান পরিস্থিতি বিষয়ক প্রতিবেদন) দাখিল করা হয়েছে এবং আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, “আপাতত এর বেশি প্রকাশ করতে পারব না।”

Advertisement

সুপ্রিম বেঞ্চের তদন্ত সংক্রান্ত প্রশ্নের উত্তরে তুষার মেহতা আরও জানান, ইতিমধ্যে ‘এসআইটি’ বড় গলদ পেয়েছে। তিনি আরও জানান, প্রাথমিক বিশেষ তদন্তকারী দল কাজ করলেও বর্তমান উত্তরপ্রদেশ পুলিশ রাম মন্দিরে অনুদান চুরির অভিযোগের তদন্ত করছে। পালটা জানতে চায়, একজন প্রবীণ আধিকারিককে নিয়োগ করে এসআইট পুনর্গঠন সম্ভব কিনা। পাশাপাশি প্রধান বিচারপতি বলেন, বিষয়টি নিয়ে যেন রাজনীতি না হয়। তিনি বলেন, “আমরা কেবল সতর্ক করছি… বিষয়টিকে রাজনৈতিক রূপ দেবেন না। তদন্ত অবশ্যই নিরপেক্ষ হতে হবে এবং যৌক্তিকসংগত হওয়া চাই।” এই মামলার পরবর্তী শুনানি ২৭ জুলাই। বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে, সেদিনই প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়া হবে। 

Advertisement

এদিকে ‘শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’ পুনর্গঠনের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে নির্মোহী আখড়া। সংগঠনের তরফে মামলা করেছেন মহন্ত রাজা রামচন্দ্রাচার্য অতীত গুরু রঘুনাথ দাস। ট্রাস্টের গঠন কাঠামো এবং কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

নির্মোহী আখড়া অভিযোগ করেছে, ‘শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর কাঠামো এবং কাজের ধরন প্রাইভেট ট্রাস্টের মতো। ট্রাস্টের কর্মপদ্ধতি সংশোধনের দাবি জানিয়েছেন রঘুনাথ দাস। সুপ্রিম কোর্টের কাছে তিনি একাধিক বিষয়ে নির্দেশিকার দাবি জানিয়েছেন। এর মধ্যে রয়েছে, ‘পাবলিক ট্রাস্ট’ হিসেবে ‘শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর পুনর্গঠন, ট্রাস্টে রামানন্দী বৈরাগী সম্প্রদায়ের সাধু-সন্তদের তদারকির অধিকার এবং ট্রাস্টের সদস্য নিয়োগের ক্ষেত্রেও গাইডলাইন চাওয়া হয়েছে। নির্মোহী আখড়ার সাফ কথা, রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় স্পষ্ট ট্রাস্ট নিজের কাজে ব্যর্থ হয়েছে।

উল্লেখ্য, অযোধ্যার রাম মন্দিরে তিন হাজার কোটি টাকার চুরিতে প্রশ্নের মুখে শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্যরা। এই পরিস্থিতিতে বিতর্ক সামাল দেওয়ার চেষ্টা করছে উত্তরপ্রদেশ সরকার। দ্রুত গঠিত হয়েছে সিট। তবে তারা এখনও চূড়ান্ত রিপোর্ট দেয়নি। সূত্রের খবর, ট্রাস্টের প্রাক্তন প্রধান চম্পত রাইকে ওই রিপোর্টে সেভাবে দোষী হিসাবে ধরা হয়নি। তবে অনেক বেশি কাঠগড়ায় তোলা হয়েছে মন্দিরের নির্মাণের দায়িত্বে থাকা অনিল মিশ্রকে। প্রসঙ্গত, রাম মন্দিরে নগদ প্রণামী জমা পড়েছে ৩,৫০০ কোটি টাকারও বেশি, সঙ্গে অগণিত সোনা-রুপোর গয়না৷ এই ধনরাশির একটা বড় অংশের কোনও হদিশ মিলছে না৷ নগদ টাকা এবং গয়নার পাশাপাশি মন্দিরের হেফাজত থেকে গায়েব দানে পাওয়া রুপোর তৈরি ভূষূণ্ডির কাকও৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.