ছাত্রীদের অনশনে মিলল সাড়া, স্কুলে উচ্চশিক্ষার ব্যবস্থা প্রশাসনের

হাসি ফুটেছে অনশনক্লিষ্ট মুখগুলিতে৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৭, ২০১৭, ১৪:৫৬

options
link
ছাত্রীদের অনশনে মিলল সাড়া, স্কুলে উচ্চশিক্ষার ব্যবস্থা প্রশাসনের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একই স্কুলে উঁচু ক্লাসে পড়ার ব্যবস্থা করে দেওয়ার দাবি তুলে আমরণ অনশনে বসেছিল স্কুলের বেশ কয়েকজন ছাত্রী৷ অবশেষে তাদের কঠোর প্রত্যয় কাজে এল৷ রেওয়ারির গোথরা টাপ্পা গ্রামের একটি স্কুলের ছাত্রীদের দাবি পূরণ করল হরিয়ানা সরকার৷ বুধবার জানিয়ে দেওয়া হল, একই স্কুলে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস তৈরি করে দেওয়া হবে৷ নতুন করে অন্য গ্রামের কোনও স্কুলে গিয়ে ভর্তি হতে হবে না৷ এবং তার জন্য নতুন প্রিন্সিপালও নিয়োগ করা হল৷ আর তারপরই ৮ দিনের অনশন ভাঙল ছাত্রীরা৷ তাদের মুখে এখন চওড়া হাসি৷

Advertisement

কোনও রাজনৈতিক কারণে নয়, আত্মরক্ষার তাগিদেই অনশনে বসেছিল তারা৷ সকলেরই ভয় ছিল শ্লীলতাহানির৷ তাদের স্কুলে এতদিন শুধু ছিল জুনিয়র সেকশন৷ অর্থাৎ এরপর পড়াশোনা চালাতে হলে যেতে হবে অন্য স্কুলে৷ পা রাখতে হবে গ্রামের বাইরে৷ সকলেরই আশঙ্কা, অন্য গ্রামে পা দেওয়া মানেই ওঁত পেতে আছে শ্লীলতাহানি৷ ভিনগ্রামের যুবকরা তাদের ছেড়ে দেবে না, যে কোনও সময় ঘটে যেতে পারে অপ্রীতিকর কিছু৷ তাই অনেক অভিভাবক হয়তো পড়াশোনা বন্ধই করে দেবে তাদের৷ পড়াশোনা চালানোর একটাই উপায়, যদি নিজেদের স্কুলেই উঁচু ক্লাসে পড়ার সুযোগ পাওয়া যায়৷ কোনও উপায় না দেখে তাই অনশনের পথই বেছে নিয়েছিল ছাত্রীরা৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[তাপপ্রবাহের মধ্যেই রাজস্থানে অপারেশন ‘গরম হাওয়া’ শুরু BSF-এর]

৪২ ডিগ্রি তাপমাত্রাতেও অনশন ভাঙেনি ছাত্রীরা৷ ডিহাইড্রেশনের কারণে পাঁচজনেরও বেশি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়৷ তাতেও হার মানেনি তারা৷ অনশনের খবর কানে যেতেই হরিয়ানার শিক্ষামন্ত্রী রাম বিলাশ শর্মা আশ্বাস দিয়েছিলেন, এই স্কুলটিতে দশম থেকে দ্বাদশ শ্রেণির পঠনপাঠন চালু করা হবে৷ তবে শুধু আশ্বাস বাক্য শুনেই অনশন থামায়নি ছাত্রীরা৷ লিখিত বিবৃতির অপেক্ষায় ছিল তারা৷ এদিন হরিয়ানার শিক্ষামন্ত্রী জানান, “মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারের সঙ্গে আলোচনার পর স্কুলটি দ্বাদশ শ্রেণি পর্যন্ত বাড়িয়ে দেওয়ার লিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বৃহস্পতিবার থেকেই একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রীরা ভর্তি হতে পারবে৷ সেই কারণেই এক মুহূর্ত সময় নষ্ট না করে স্কুলে নতুন প্রিন্সিপাল নিয়োগ করা হয়েছে৷” পাশাপাশি প্রশাসনের তরফে সমাজে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েতকে৷

Advertisement

[‘র‍্যানসমওয়্যার’ হানা তিরুপতিতেও, ত্রাহি ত্রাহি রব মন্দিরে]

যে হরিয়ানায় কন্যাসন্তানের সংখ্যা ক্রমশ কমছে, যেখানে মহিলাদের উপর নির্যাতন নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে, সেখানে ছাত্রীদের এই জেদেই এসেছে সাফল্য৷ হাসি ফুটেছে অনশনক্লিষ্ট মুখগুলিতে৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.