রেজিনগর উপনির্বাচনের আগে বাম ঐক্যে ধাক্কা। সিপিআইএমের দাদাগিরি আর একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে এবার সরাসরি যুদ্ধ ঘোষণা করল আরএসপি! শনিবার রাজ্য বামফ্রন্টের নাম করে সিপিআইএম যে প্রার্থীর নাম গুঁজে দিয়েছিল, তাকে ‘বামফ্রন্টের প্রার্থী নয়’ বলে সাফ জানিয়ে রবিবার সন্ধ্যায় নিজেদের প্রার্থী ঘোষণা করে দিল আরএসপি।
বামফ্রন্টের বৈঠকে কোনও আলোচনা ছাড়াই, সহমতে না এসেই সিপিআইএম আইনজীবী সায়েদকে রেজিনগরে প্রার্থী বলে চালিয়ে দিয়েছিল। বাম রাজনীতিতে এটা যে সিপিআইএমের পুরনো রোগ, তা আরও একবার প্রমাণ হল। বড় শরিকের দম্ভে ছোট শরিকদের মতামতকে গুরুত্ব না দেওয়ার এই সংস্কৃতির বিরুদ্ধেই এবার রুখে দাঁড়িয়েছে আরএসপি। রেজিনগরে আরএসপি-র প্রার্থী বিকাশ চন্দ্র মিশ্র। দাদপুরের ভূমিপুত্র, রেজিনগর লোকাল কমিটির সম্পাদক ও জেলা কমিটির সদস্য। কোনও প্যারাসুট প্রার্থী নয়, মাটির লোক।
আরও পড়ুন:
আরএসপি-র প্রশ্ন, রেজিনগর কি সিপিআইএমের জমিদারি? ডিলিমিটেশনের আগে রেজিনগরের পঞ্চায়েতগুলো ছিল ভরতপুর, নওদা, বেলডাঙা কেন্দ্রের মধ্যে। তিনটি কেন্দ্রই আরএসপি-র শক্ত ঘাঁটি। ২০১১ সালে রেজিনগর কেন্দ্র তৈরি হওয়ার পর প্রথম দু’বার ২০১১ ও ২০১৩ উপনির্বাচনে সেখানে লড়েছে আরএসপি-র সিরাজুল ইসলাম মণ্ডল। কংগ্রেসের সঙ্গে জোটের স্বার্থে ২০১৬, ২০২১ ও ২০২৪-এ আসন ছেড়েছে আরএসপি। ২০২৬-এও বামফ্রন্টের সহমতে ছেড়েছিল। সেই ত্যাগকে দুর্বলতা ভেবেছে সিপিআইএম। আরএসপি-র মুর্শিদাবাদ জেলা সম্পাদক নওফেল মহঃ সফিউল্লার সাফ কথা, “আমরা জুন মাসের প্রথম সপ্তাহেই রাজ্য বামফ্রন্ট ও জেলা কনভেনারকে লিখিতভাবে জানিয়েছিলাম, রেজিনগরে আমরা লড়ব। তখন থেকে সংগঠন নামিয়েছি, বুথে বুথে প্রস্তুতি নিয়েছি। আর ৬ সেপ্টেম্বর ভোট ঘোষণা পর্যন্ত বামফ্রন্ট একবারও আমাদের ডেকে আলোচনা করল না। ১০ সেপ্টেম্বর হঠাৎ সিপিআইএম এসে বলল, ওরাই লড়বে। এটা গায়ের জোর, আলোচনা নয়।”
তথ্য বলছে, ১২ সেপ্টেম্বর পর্যন্ত দু’পক্ষের দর কষাকষি চলেছে। সহমত হওয়ার আগেই বিকেলে সিপিআইএম প্রার্থী ঘোষণা করে দেয়। আরএসপি রাজ্য সম্পাদক তপন হোড় প্রেস বিবৃতিতে একে ‘অনৈতিক ও বামফ্রন্টের রীতিনীতির পরিপন্থী’ বলে তোপ দেগেছেন। রবিবার রাজ্য বামফ্রন্টের বৈঠকে আরএসপি স্পষ্ট জানিয়ে দেয়, প্রস্তুতির পর আর পিছিয়ে আসা সম্ভব নয়। সমাধান না মেলায় সন্ধ্যায় প্রার্থী ঘোষণা করে তারা। নওফেলের কড়া বার্তা, “দেবস্মরণ ঘোষ, জয়ন্ত বিশ্বাস, বাসুদেব রায়চৌধুরীরা রেজিনগরের জন্য রক্ত ঝরিয়েছেন। তাঁদের উত্তরাধিকার আমরা বিকিয়ে দেব না। রেজিনগরকে যারা সাম্প্রদায়িক রাজনীতির আঁতুরঘর বানাতে চাইছে, তার বিরুদ্ধে আরএসপি লড়বে।”
সিপিআইএম প্রার্থী সায়েদকে তুলোধনা করে তিনি বলেন, “ওটা প্রার্থী না সুবিধাবাদের ফেরিওয়ালা? সিপিআইএম থেকে তৃণমূল, তৃণমূল থেকে কংগ্রেস, কংগ্রেস থেকে ফের সিপিআইএম – এত দলবদল, এত সুবিধাবাদ নিয়ে বামফ্রন্টের মুখ হয় নাকি?” এদিকে সিপিআইএমের মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লার গলায় সেই পুরনো দম্ভ, “প্রার্থী ঘোষণা মানেই লড়বে এমন নয়, প্রত্যাহারও হতে পারে। রাজ্য বামফ্রন্ট বলবে।” অর্থাৎ এখনও চাপ দিয়ে আরএসপি-কে বসিয়ে দেওয়ার কৌশল। সব মিলিয়ে রেজিনগরে বাম ভোট ভাগ হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। হুমায়ুন কবীরের ছেড়ে যাওয়া আসনে তৃণমূল-বিজেপি লড়াইয়ের মাঝে বামেদের এই গৃহযুদ্ধ বাম ভোটকে যে আরও খাদের কিনারায় ঠেলে দেবে, তা বলাই বাহুল্য।
সর্বশেষ খবর
-
ভদ্রলোকের এক কথা! চ্যাম্পিয়ন হয়েও ফের নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
-
ব্লক-আনব্লকের পর ঘনিষ্ঠতা! মেসে অন্তরঙ্গ মুহূর্তের মাঝেই প্রেমিকার বিশেষ বন্ধুর ফোন, পুরুলিয়া কাণ্ডের নেপথ্যে প্রতিশোধ?
-
স্মৃতি-শেফালির দুরন্ত ব্যাটিং, ‘ঘূর্ণিঝড়’ স্পিনারদের! শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়াসেরা ভারত
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! ধর্ষণের অভিযোগ মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে
-
বলে অর্শদীপ, ব্যাটে অভিষেক! আফগানিস্তানকে উড়িয়ে সিরিজ শুরু ভারতের