সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের মুসলিম জনগণ দেশটাকে নিজের বলেই ভাবেন। তাঁরা নিজেদের ভারতীয় বলেই গর্ব অনুভব করেন। বহু দেশেই সংখ্যালঘু মানুষ কিন্তু এমনটা ভাবেন বা করেন না। তাই ভারতীয় সমাজকে বিষয়টি নিয়ে সচেতন হতে হবে। ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করা উচিত নয়। ২০১৫-য় তাঁর শেষ ভারত সফরে রুদ্ধদ্বার বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই বার্তা দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দু’বছর বাদে ভারতে এসে নিজেই সে কথা জানালেন ভূতপূর্ব মার্কিন প্রেসিডেন্ট। নাম না করে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিতেও ছাড়েননি তিনি।
একটি সর্বভারতীয় ইংরেজি পত্রিকার ‘লিডারশিপ সামিট’-এ বক্তব্য রাখতে গিয়ে ভারতের অনন্য বৈশিষ্ট্যের কথা বলেছেন বারাক ওবামা। কয়েক বছর ধরেই ভারতে দলিত ও সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং গো-রক্ষকদের তাণ্ডব, ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে একের পর এক ঘটনায় উদ্বেগ বাড়ছে। ওবামা সেই ভারত সফরে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীকে সতর্ক করেছিলেন। শুক্রবার তিনি বলেন, “ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করা উচিত নয়। প্রধানমন্ত্রী মোদিকে ব্যক্তিগত আলোচনায় সে কথা বলেছিলাম। আমেরিকার মানুষকেও বলি। মানুষ পরস্পরের মতপার্থক্য ও বিবাদকেই বড় করে দেখে। পরস্পরের মিল কতটা, তলিয়ে ভাবে না।” ধর্মীয় সহিষ্ণুতা নিয়ে তাঁর পরামর্শে প্রধানমন্ত্রীর কী প্রতিক্রিয়া হয়েছিল? ব্যক্তিগত কথা গোপনই রাখা উচিত বলে ওবামা এড়িয়ে যান।
[চুম্বনের পর ধূমপান ভিডিও বিতর্ক, রাজনীতি ছেড়ে ওবামা কন্যার পাশে ইভাঙ্কারা]
যদিও এরপরই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট তাঁর মনের ভাব খোলসা করেছেন। তাঁর মত, ভারতের মুসলিম জনগণ দেশের সঙ্গে একাত্ম বোধ করেন, নিজেদের ভারতীয় বলে ভাবেন। ভারত সরকার ও সংখ্যাগুরু অংশের উচিত, গুরুত্ব দিয়ে তাঁদের সমৃদ্ধ করা, তাঁদের অগ্রগতির জন্য ব্যবস্থা নেওয়া। দিল্লি সফররত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ধর্মীয় সহনশীলতা ও প্রত্যেকের নিজস্ব ধর্মাচরণের স্বাধীনতার উপর গুরুত্ব দিয়েছেন। এক প্রশ্নের উত্তরে ওবামা ভারতের বিশাল মুসলিম জনসমাজের প্রসঙ্গ টানেন, বলেন, “ওরা সফল, নিজেদের ভারতীয় বলে মনে করে। এই মানসিকতাকে পুষ্ট ও পরিচর্যা করা প্রয়োজন। দুর্ভাগ্যবশত, বহু দেশে সবসময় এটা দেখা যায় না।”
আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের টুইটার হ্যান্ডেল ‘পিওটিইউএস ৪৪’ নামে পরিচিত। ট্রাম্পের ‘পিওটিইউএস ৪৫’। টুইটার ও সোশ্যাল মিডিয়া সাধারণভাবে ভাল করেছে না খারাপ, স্বভাবসিদ্ধ রসিকতায় উত্তরসূরিকে কটাক্ষ করেছেন ওবামা। বলেন, “আমার দশ কোটি ফলোয়ার। যাঁরা প্রচুর টুইটার ব্যবহার করেন, তাঁদের অনেকের চেয়ে বেশি।” টুইটারে ট্রাম্পের অতিসক্রিয়তাকে এভাবেই আক্রমণ করেছেন ওবামা। কারণ, ট্রাম্পের ব্যক্তিগত টুইটার ফলোয়ার মাত্র সাড়ে চার কোটি। ওবামা বলেন, “যা মনে এল লিখে দিলাম, সেটা ঠিক নয়। নিজেকে সামলে নিয়ে, চিন্তা করে তবেই পোস্ট করা উচিত।”
[OMG! আট বছর ধরে একই কোট পরছেন ওবামা !]
সর্বশেষ খবর
-
কণ্ঠরোধের পালটা! একজোট হয়ে ট্রাম্পকে ‘চুপ’ করিয়ে দিল মার্কিন মিডিয়া, ভিডিও ভাইরাল
-
শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আজ থেকেই তাণ্ডব! জেনে নিন পূর্বাভাস
-
পুজো মিটলেই সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে ৬০ হাজার! পাবেন ৩০ লক্ষ পরিবার
-
ভরা মঞ্চে রাহুলের প্রশ্রয়ে মোদিকে অপমান কমেডিয়ানের, ‘লক্ষ্মণ’ সুনীলের তোপ, ‘এমন নেতাকে দেশের ভার দেবেন?’
-
রাজ্যে হবে ‘বনতারা’! শিল্প সম্ভাবনা উসকে মুম্বইয়ে আম্বানির সঙ্গে বৈঠক করলেন শুভেন্দু