Indian Army

সেনার হাতে আসছে ‘শের’! শত্রুর খুলি ওড়াবে দেশীয় প্রযুক্তির একে ২০৩ রাইফেল, জয় আত্মনির্ভর ভারতের

একে-২০৩ রাইফেল প্রকল্পটি ভারত-রাশিয়া যৌথ উদ্যোগে শুরু হয়েছিল। বর্তমানে অমেঠির কারখানায় জোর কদমে দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক রাইফেলের উৎপাদন চলছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২৬, ২১:০০

options
link
সেনার হাতে আসছে ‘শের’! শত্রুর খুলি ওড়াবে দেশীয় প্রযুক্তির একে ২০৩ রাইফেল, জয় আত্মনির্ভর ভারতের
ছবি: সংগৃহীত।

এবার ভারতীয় সেনার হাতে শের! ২০২৭ সালের এপ্রিলের মধ্যে সেনাবাহিনীর অস্ত্র ভাণ্ডারে শোভা পাবে এই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি একে-২০৩ রাইফেল। আগামী এক মাস ১০টি প্রোটোটাইপ রাইফেলের পরীক্ষানিরীক্ষা করবে ভারতীয় সেনা। আমেঠির ইন্দো-রাশিয়ান রাইফেলস প্রাইভেট লিমিটেড (আইআরআরপিএল) তৈরি করেছে এই অত্যাধুনিক বন্দুক। বলা বাহুল্য, এই উদ্যোগ আত্মনির্ভর ভারতের লক্ষ্যপূরণে বড় পদক্ষেপ।

Advertisement

সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে আইআরআরপিএল-এর প্রধান নির্বাহী কর্তা মেজর জেনারেল এসকে শর্মা নিশ্চিত করেছেন, ইতিমধ্যেই কারখানায় প্রোটোটাইপ রাইফেলগুলির ৩,০০০ বার পরীক্ষামূলক ফায়ারিং সফল হয়েছে। আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়ানোর প্রচেষ্টায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মেজর জেনারেল এস কে শর্মা আরও জানিয়েছেন, এটি শুধু কিছু অংশের স্থানীয়করণ নয়, বরং সম্পূর্ণ এন্ড-টু-এন্ড ভারতীয়করণ।

Advertisement

জানা গিয়েছে, নিয়ম অনুযায়ী সেনাকে হস্তান্তর করা ১০টি প্রোটোটাইপ ইউনিটকে যুগপৎ বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। এর মধ্যে রয়েছে ব্যবহারিক পর্যায়ের পরীক্ষা, ডিরেক্টর জেনারেল অফ কোয়ালিটি অ্যাসিউরেন্স মূল্যায়ন, মিলিটারি ইনফ্যান্ট্রি ট্রায়ালস এবং গ্রীষ্মকালীন ও উচ্চ-উচ্চতা বা পাহাড়ি পরিবেশে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা।

Advertisement

প্রসঙ্গত, একে-২০৩ রাইফেল প্রকল্পটি ভারত-রাশিয়া যৌথ উদ্যোগে শুরু হয়েছিল। বর্তমানে অমেঠির কারখানায় জোর কদমে দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক রাইফেলের উৎপাদন চলছে। বলা বাহুল্য, এই প্রকল্প স্বনির্ভরতার পথে বড় অগ্রগতি। ভারতীয় সেনার আধুনিকীকরণে এই রাইফেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। আমেঠির কারখানার উৎপাদন ক্ষমতা বাড়ানোর দিকেও নজর দেওয়া হচ্ছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.