War Lockdown

যুদ্ধের আবহে আবারও গৃহবন্দি দেশ! হোয়াটসঅ্যাপে ছড়াচ্ছে মোদি সরকারের ‘লকডাউন নোটিস’

কেন্দ্রের মতে, জ্বালানি সংকটের যাবতীয় খবর ভুয়ো। দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। সমস্ত পেট্রল পাম্পের পরিষেবা যথাযথ চলছে। আপাতত ৬০ দিন প্রত্যেক দেশবাসীর জন্য পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২৬, ২০:৪২

options
link
যুদ্ধের আবহে আবারও গৃহবন্দি দেশ! হোয়াটসঅ্যাপে ছড়াচ্ছে মোদি সরকারের ‘লকডাউন নোটিস’
কেন্দ্র সরকারের সিলমোহর দেওয়া পিডিএফ দেখেই ভয়ে কাঁটা হয়ে যাচ্ছেন অনেকে। প্রতীকী ছবি।

জ্বালানি সংকটের জেরে দেশজুড়ে আবারও লাগু হবে লকডাউন (War Lockdown)! আমজনতার মনে ক্রমেই আতঙ্ক ছড়াচ্ছে। এহেন আশঙ্কার মধ্যেই দেশজুড়ে ছড়িয়ে পড়েছে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ। আমজনতার ফোনে পৌঁছে যাচ্ছে ‘ওয়ার লকডাউন’ নোটিস। কেন্দ্র সরকারের সিলমোহর দেওয়া পিডিএফ দেখেই ভয়ে কাঁটা হয়ে যাচ্ছেন অনেকে। ফলে আমজনতার মধ্যে প্রশ্ন, আবারও কোভিডকালের মতো দেশজুড়ে সমস্ত কিছু থমকে যাবে? জীবিকা হারাবেন হাজারে হাজারে মানুষ?

Advertisement

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে দেশজুড়ে তৈরি হয়েছে জ্বালানি সংকট। গৃহস্থ গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা। এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে। পেট্রল পাম্পেও তেল নেওয়ার জন্য লম্বা লাইন পড়ছে। যদিও কেন্দ্রের মতে, জ্বালানি সংকটের যাবতীয় খবর ভুয়ো। দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। সমস্ত পেট্রল পাম্পের পরিষেবা যথাযথ চলছে। আপাতত ৬০ দিন প্রত্যেক দেশবাসীর জন্য পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। তারপরেও জ্বালানি ভাণ্ডার পূর্ণ রাখতে নানা বিকল্পের ব্যবস্থাও করা হয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, লকডাউনের যা খবর ছড়াচ্ছে সবটাই ভুয়ো।

Advertisement

তা সত্ত্বেও বুধবার দেশবাসীর হৃদকম্প বাড়িয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপে আসা একটি বার্তা। সর্বত্র ছড়িয়ে পড়া পিডিএফ ফাইলের উপর রয়েছে ভারত সরকারের সিলমোহর। সঙ্গে লেখা ‘ওয়ার লকডাউন নোটিস’। আতঙ্কিত আমজনতার অনেকেই ক্লিক করে ফেলেছেন সেই নোটিসে। তবে সঙ্গে সঙ্গে মুখে ফুটেছে হাসি। কারণ পিডিএফে লেখা রয়েছে ‘এপ্রিল ফুল’। জ্বালানি সংকট, ভারতীয় অর্থনীতির দুরাবস্থা-সমস্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও একচিলতে হাসি এসেছে আমজনতার জীবনে।

Advertisement

প্রসঙ্গত, দিনকয়েক আগে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী বলেন, ‘লকডাউন লাগু হবে, এমন গুজব ছড়াচ্ছে বহু জাগায়। কিন্তু এই তথ্য একেবারে ভুয়ো। আমি পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, ভারত সরকার মোটেই লকডাউন চালু করার কথা ভাবছে না।’ তিনি জানিয়েছেন, গোটা বিশ্বে অস্থিরতা থাকলেও ভারত বারবার সেটা সামাল দিতে পেরেছে। তবে যুদ্ধ যত গড়াচ্ছে, তেল এবং গ্যাস নিয়ে আমজনতার দুশ্চিন্তা ততই বাড়ছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.